
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার কাছে ১৫ মিনিট সময় চেয়ে পাননি বলে জানিয়েছেন দেশের প্রখ্যাত বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। তিনি আক্ষেপ করে বলেছেন, ‘বাংলাদেশের শাসনব্যবস্থায় গবেষকদের মূল্যায়ন করা হয় না, তাঁদের কথা শোনার আগ্রহও কারও নেই। আমি যদি বিদেশে একজন মন্ত্রীর ব্যক্তিগত সহকারীকেও কিছু বলি, পরদিন আমাকে ডেকে তা শোনার ব্যবস্থা করা হয়। কিন্তু বাংলাদেশে আমি বর্তমান উপদেষ্টা রিজওয়ানার সঙ্গে মাত্র ১৫ মিনিট সময় চেয়েছি, সেটিও সম্ভব হয়নি।’
আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সাউথ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের (জিএসএসআরসি) উদ্যোগে ‘ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একাডেমিক টকে তিনি এসব কথা বলেন।
এ সময় বিজ্ঞানী ড. আবেদ আরও বলেন, পঞ্চব্রীহি ধানের উচ্চ ফলনশীলতা, রোগ প্রতিরোধক্ষমতা ও জলবায়ু-সহনশীলতা এটিকে বাংলাদেশের কৃষি খাতে গেম চেঞ্জার হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। তিনি সরকারি নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ে এই প্রযুক্তির ব্যবহার জোরদারে পরিকল্পনার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘ছোটবেলায় মাঠে গেলে দেখতাম, কাটার পর ধানগাছের কাণ্ড থেকে আবার সবুজ ডালপালা বের হতো। কিন্তু আবেদ স্যার বললেন, সেই ডালপালা থেকেও পাঁচবার ধান উৎপাদন সম্ভব! এটি যদি বাস্তবায়ন করা যায়, তবে দেশের খাদ্যনিরাপত্তা আরও সুসংহত হবে।’
গবেষকেরা যখন উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের কাছে তাঁদের ভাবনা পৌঁছাতে পারেন না, সেটি দুঃখজনক বলে মন্তব্য করেন উপাচার্য। তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এই সেমিনারে উপস্থিত সাংবাদিকেরা বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরবেন।’
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং জিএসএসআরসির পরিচালক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাংলাদেশের অন্যতম বিশিষ্ট গবেষকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আমরা শিগগির সবাই মিলে আবেদ স্যারের সঙ্গে একটি বড় গবেষণা কর্মসূচির আয়োজন করব।’
জিএসএসআরসির পরিচালক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. আনিসুর রহমান।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৩ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৫ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৬ ঘণ্টা আগে