
শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
আজ বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। লিঙ্গ, বয়স নির্বিশেষে ভোটারদের অবাধে ভোটদানে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
সিইসি জানান, ভোটারের যথাযথ পরিচয় যাচাইয়ের পরই ব্যালট পেপার ইস্যু করা হয় এবং নির্ধারিত বিধি অনুসারে গোপন কক্ষে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। কোনো নির্বাচনী বিরোধ দেখা দিলে তা প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী কঠোরভাবে নিষ্পত্তি করা হবে।
সিইসি বলেন, ‘স্বচ্ছতা আমাদের নির্বাচন ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি। প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জনের বেশি আন্তর্জাতিক সাংবাদিক স্বাধীনভাবে নির্বাচন পর্যবেক্ষণ ও কভার করছেন। কমিশনের যাত্রার প্রথম দিন থেকেই তাঁরা স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েছেন।’
পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এই নির্বাচনে সর্বোচ্চ মাত্রার স্বচ্ছতা ও জন-আস্থা নিশ্চিত করতে আপনাদের সম্পৃক্ততা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সিইসি আরও বলেন, আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে পরামর্শ এবং পরিচালনাগত পরিকল্পনাসহ সমন্বিত ও বহুমাত্রিক পদ্ধতি গ্রহণ করে কমিশনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভোটার নিবন্ধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন, যার মধ্যে ২৭ লাখ নারী।
পোস্টাল ভোটিং ব্যবস্থা সম্পর্কে নাসির উদ্দিন বলেন, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের বাইরে থেকে ভোটদানের ব্যবস্থা চালু করা হয়েছে। সীমিত প্রস্তুতি ও প্রচার সময় থাকা সত্ত্বেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে।
নাসির উদ্দিন আরও বলেন, সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সব নির্বাচনী সামগ্রী, ব্যালট পেপারসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং বর্তমানে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সিইসি জানান, এক দিনেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হবে।
ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা ভোটকেন্দ্রে প্রার্থীদের বা তাঁদের মনোনীত এজেন্টদের পাশাপাশি স্বীকৃত পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে ভোট গ্রহণ ও গণনা পরিচালনা করবেন।
নাসির উদ্দিন বলেন, গণনা শেষ হওয়ার পর ফলাফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে এবং পরে রিটার্নিং কর্মকর্তারা তা সমন্বয় করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
৭ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
৮ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
৮ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
১২ ঘণ্টা আগে