রাজধানীর গেন্ডারিয়ার শিশুরক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। বিদ্যালয়ের নামে রেকর্ড না থাকায় ২১ দশমিক ৩৬ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মামলা চলেছে। কিছুদিন আগে মামলার রায় বিদ্যালয় কর্তৃপক্ষের অনুকূলে এলেও জমিটি এখনো বিদ্যালয়সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে বাংলাদেশ সার্ভের (বিএস) রেকর্ডভুক্ত হয়নি।
মিরপুরের বনফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির পরিমাণ ৩৩ শতাংশ। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার সময় থেকেই জমিটি গণপূর্ত অধিদপ্তরের নামে রেকর্ডভুক্ত। এই জমির মালিকানাও বিদ্যালয়ের নয়।
শুধু এই দুটি বিদ্যালয় নয়, সারা দেশে প্রায় ১২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত হয়নি। এসব বিদ্যালয়ের জমির কোনোটি বিএস রেকর্ডে ব্যক্তির নামে, কোনোটি খাস, আবার কোনোটি অন্য মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা যায়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অথবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নামে বিএস রেকর্ডভুক্ত করার বিধান রয়েছে।
জানতে চাইলে গত ২৮ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজকের পত্রিকাকে বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত করতে বেশ কিছু দিন আগেই উদ্যোগ নেওয়া হয়েছে। বেশির ভাগ জমি রেকর্ডভুক্তও হয়েছে। কিছু জমি এখনো রেকর্ডভুক্ত করা সম্ভব হয়নি। সব বিদ্যালয়ের জমি রেকর্ডভুক্ত করার উদ্যোগ অব্যাহত আছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যেসব বিদ্যালয়ের জমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত হয়নি, সেসব জমিতে আইনত সরকার বা ওই কর্তৃপক্ষের মালিকানা নেই। এসব জমি অতি দ্রুত রেকর্ডভুক্ত করা প্রয়োজন। তা না হলে এসব জমি বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ (২০২২-২৩) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে ৬৫ হাজার ৫৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং মহিলা শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য বলছে, সারা দেশের ১১ হাজার ৮৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি এখনো বিদ্যালয়সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত হয়নি। এমন বিদ্যালয় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, মোট ৪ হাজার ৭৭০টি। এমন বিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে কম খুলনা বিভাগে, ২৬৮টি। এ ছাড়া বরিশাল বিভাগের ১ হাজার ২৫৯টি, রাজশাহী বিভাগের ৫৮২টি, রংপুর বিভাগের ৮৪৯টি, ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৪৪৫টি, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৬৯টি, সিলেট বিভাগের ৩৩৯টি বিদ্যালয়ের জমি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত হয়নি।
বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত করা না হলে এসব জমি বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা। তিনি আজকের পত্রিকা'কে বলেন, একটি জমির রেকর্ড দেখে মালিকানা নিশ্চিত হওয়া যায়। কোনো জমি যদি নিয়ম অনুযায়ী রেকর্ডভুক্ত না হয়, তাহলে ওই জমির ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মালিকানা থাকে না। নিয়ম অনুযায়ী কোনো জমি রেকর্ডভুক্ত না হলে তা বেহাত হওয়ারও আশঙ্কা থাকে। তাই বিদ্যালয়ের জমিগুলো দ্রুত বিদ্যালয়সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত করার উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র জানায়, সারা দেশের বিদ্যালয়গুলোর রেকর্ডের বাইরে থাকা জমি রেকর্ডভুক্ত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ১৮ মার্চ এ বিষয়ে অফিস আদেশও জারি করা হয়েছে। অফিস আদেশে বিদ্যালয়ের রেকর্ড না করা জমির রেকর্ড সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই অফিস আদেশে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) মো. রাইহুল করিম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রেকর্ড না হওয়া জমির বিদ্যালয়ের সংখ্যা ধীরে ধীরে কমছে। প্রতি মাসিক সভায় এ বিষয়ে মনিটরিং করা হচ্ছে।
গেন্ডারিয়ার শিশুরক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সম্প্রতি রেকর্ডভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসরীন আক্তার। তিনি বলেন, মামলার জটিলতার কারণে এত দিন জমি রেকর্ডভুক্ত করা সম্ভব হয়নি।
মিরপুরের বনফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর আক্তার বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার পর জমিটি বিদ্যালয়সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:

অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধি, গণপিটুনি ও মব সহিংসতার বিস্তার—আইনের শাসনের দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরে। সীমান্ত এলাকায় হতাহতের ঘটনা, অপহরণ ও নির্যাতন এবং পার্বত্য অঞ্চলে মাইন বিস্ফোরণের ঘটনাও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রয়েছেন। সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের মধ্যে ৬৫ শতাংশই কোটিপতি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্ভাবনার প্রতীক’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা সম্ভাবনার প্রতীককে সঙ্গে নিয়ে এগোচ্ছি। আমরা নতুন একটা যাত্রা শুরু করেছি।’
২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলিনি। আমাদের একটা তাগাদা ছিল যে—এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সে জন্য আমরা সবকিছুতে আপস করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্র হয়েছি, সমঝোতা হয়েছে।’
২ ঘণ্টা আগে