'অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি। একজন পরোপকারী মানুষ ছিলেন। পাইলট হিসেবে ছিলেন খুবই দক্ষ। আমি সর্বশেষ ওনার সঙ্গে ফ্লাইট করেছি ঢাকা টু দোহার। একজন ক্যাপ্টেন তৈরি করতে ১৫ বছর সময় লাগে। দক্ষ হয়ে উঠতে আরও সময় লাগে। নওশাদের মৃত্যু জাতির জন্য অনেক ক্ষতি হয়েছে।' বলছিলেন প্রয়াত ক্যাপ্টেন নওশাদের সহকর্মী ক্যাপ্টেন আনিস।
ক্যাপ্টেন আনিস বলেন, ক্যাপ্টেন নওশাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। ওনার ১৯-২০ বছরের ক্যারিয়ারে সফলতার সঙ্গে পার করেছেন। এভাবে হঠাৎ মৃত্যু আমাদের জন্য সত্যি কষ্টের।
ক্যাপ্টেন নওশাদের বাল্যবন্ধু ব্যবসায়ী খন্দকার মোহাম্মদ জিয়া আজকের পত্রিকাকে বলেন, 'মানুষের নিজের ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক থাকে তার চেয়ে বেশি সম্পর্ক ছিল। আমরা একই স্কুল কলেজে পড়েছি। ৪০ বছরের সম্পর্ক। অনেক স্মৃতি। দুষ্টামি করেছি। টিফিন চুরি করে খেয়েছি। আমাদের তো এখনো মৃত্যুর বয়স হয়নি। আমি মানসিক ভাবে অত্যন্ত ভারাক্রান্ত।'
ক্যাপ্টেন নওশাদের আরেক বন্ধু প্রখ্যাত পরিচালক অমিতাভ রেজা বলেন, 'সে আমার খুব কাছের বন্ধু। নওশাদ ছোটবেলা থেকে অনেক ডানপিটে ও সাহসী ছিল। হঠাৎ এভাবে তার চলে যাওয়া কোনো ভাবেই মানতে পারছি না।'
বিমানের বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-০২৬ ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। এ সময় ক্যাপ্টেন নওশাদের মরদেহে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমানের এমডি ড. আবু সালেহ মোস্তফা কামালসহ বিমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কাতারের রাজধানী দোহা থেকে যাত্রী নিয়ে দেশে ফেরার পথে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট ভারতের নাগপুরে থামে। ওই ফ্লাইটে করে ক্যাপ্টেনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে।
গত ৩০ আগস্ট দুপুরে মারা যান ক্যাপ্টেন নওশাদ। পরে তাঁর মরদেহ নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মর্গে রাখা হয়। বিমান সূত্র জানিয়েছে, পাইলট নওশাদের মরদেহ এখন উত্তরা পরিবারের কাছে নেওয়া হয়েছে। জোহরের পর বিমানবন্দর এলাকায় বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বলাকা ভবনে জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সিদ্ধান্তে বিকেলে তার কবর দেওয়ার কথা রয়েছে বনানী কবরস্থানে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, এই পাইলট এর আগেও বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে তাঁর সক্ষমতা দেখিয়ে যাত্রীদের নিরাপদে অবতরণ করিয়েছেন। উনি আজ আমাদের মধ্যে নেই, আমরা অত্যন্ত শোকাবহ।
গত শুক্রবার মধ্য আকাশে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হন বিজি-২২ ফ্লাইটের ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম। হার্ট অ্যাটাকের শিকার হওয়ার পরও ফ্লাইটটিকে তিনি দক্ষতার সঙ্গে নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হন। বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী ফ্লাইটটি জরুরি ভারতের নাগপুরে ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা চলাকালে গত সোমবার তাঁর মৃত্যু হয়। ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিল। ক্যাপ্টেন নওশাদের বুদ্ধিমত্তায় সবার জীবন রক্ষা পায়।
এর আগেও ক্যাপ্টেন নওশাদ তাঁর বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে ১৪৯ জন যাত্রী, দুই পাইলট আর সাত ক্রূর জীবন বাঁচিয়েছিলেন। বিমান সূত্রে জানা গেছে, নওশাদ ২০১৬ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটে ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন। তখন সেই ফ্লাইট মাসকাট বিমানবন্দর থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেছিল। টেক-অফ করার পর মাসকাট বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেন নওশাদকে জানানো হয়, রানওয়েতে টায়ারের কিছু অংশ পাওয়া গেছে, যা সম্ভবত বিমান এয়ারক্রাফটের।
ক্যাপ্টেন নওশাদকে ২০১৭ সালে আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন রন অ্যাবেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রশংসাপত্র পাঠান।

প্রায় ১৭ হাজার কোটি টাকার সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প ভুগছে মূল নকশার ভুলে। এর সঙ্গে যোগ হয়েছে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে বিলম্ব এবং সংশোধিত নকশা অনুমোদন না হওয়া। ফলে মেগা প্রকল্পটি বাস্তবায়নে একের পর এক...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা প্রায় দুই বছর পর চালু হয়েছে। এতে প্রায় একই সময়ে বন্ধ হওয়া তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরুর বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
৯ ঘণ্টা আগে
রিটের বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বার কাউন্সিল আইনে বলা আছে, এক বছরের জন্য অ্যাডহক কমিটি করা যেতে পারে যদি মহামারি থাকে। এ বছর কোনো মহামারি নেই। আর আইনে দ্বিতীয়বার অ্যাডহক কমিটির বিধান নেই। তাই এই রিট করা হয়েছে...
১১ ঘণ্টা আগে
এমআরটি লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত...
১১ ঘণ্টা আগে