
সরকারি কর্মচারীরা (কর্মকর্তা-কর্মচারী) কোন ফরম্যাট বা অভিন্ন ফরমে সম্পদের তথ্য বা বিবরণী সরকারের কাছে দাখিল করবেন, তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেছেন, সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে। জমা না দিলে আইনানুগ খবর আছে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক সপ্তাহের মধ্যে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
ডিসি নিয়োগ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মো. মোখলেস উর রহমান বলেন, ‘বদলি, পদায়ন ও পদোন্নতি একটি চলমান প্রক্রিয়া। জেলা প্রশাসক (ডিসি) একটি প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হয়। ৬০০ জন কর্মকর্তার মধ্য থেকে বাছাইয়ের কাজ চলবে। আর এক দিন সময় লাগবে। এই তালিকা সারসংক্ষেপ করে সেখান থেকে যে ২৫ জেলার ডিসি প্রত্যাহার করা হয়েছে, সেখানে প্রথম দিতে হবে। এরপর আরও যেসব জেলায় প্রত্যাহার করা হবে, সেসব জেলায় ডিসি দিতে হবে। এক সপ্তাহের মধ্যে তা দেওয়া হবে।’
সম্পদের হিসাব প্রসঙ্গে মোখলেস উর রহমান বলেন, ‘সম্পদের তথ্য বা বিবরণীর ফরম্যাট ঠিক করতে পাঁচ সদস্যের এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির আহ্বায়ক থাকবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব। কমিটির সদস্যসচিব হবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব। কমিটিতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ বিভাগ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের একজন করে প্রতিনিধি। কমিটিকে একটি ন্যূনতম সময় দেওয়া হবে। সংক্ষিপ্ত সময় দেওয়া হবে। এই সময় সাত দিনের বেশি নয়। কমিটি একটি ফরম্যাট তৈরি করবে। সাত দিন পর ফরম অফিসে অফিসে পৌঁছানোর জন্য আরও সাত দিনের মতো সময় নেওয়া হবে। বলে দেওয়া হবে, কে কোথায় কবে জমা দেবেন। বছরে একবার এই বিবরণী জমা দিতে হবে। ফরমটি বাংলায় করে দেওয়া হবে।’
এর আগে গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক বার্তায় সব সরকারি কর্মচারীকে সম্পদের তথ্য বা বিবরণী দাখিল করার নির্দেশ দেয় সরকার।
এ প্রসঙ্গে মোখলেস উর রহমান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে এটি একটি বার্তা। আয়করের বিবরণী সবাই জমা দেন না। যাঁদের করযোগ্য আয় আছে, তাঁরাই কেবল দেন। আর এখন যাঁদের কোনো সম্পদ নেই, তাঁদেরও তথ্য বা বিবরণী জমা দিতে হবে। এটি জনস্বার্থে দিতে হবে। দিন শেষে এবারও প্রমাণিত হলো, যাঁর সম্পদ কম, যাঁর স্বচ্ছতা আছে, যাঁর লোভ নেই, তাঁরাই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকার তো বহুবার পরিবর্তন হয়েছে। এভাবে কেউ পালায়? বায়তুল মোকাররমের খতিব কেন পালাবেন? উনিও তো পালিয়েছেন। আমার ব্যাচমেট কয়েকজন সংসদ সদস্য হয়েছেন, তাঁরাও পালিয়েছেন। এই বিবরণী জমার পর দুদক বিবেচনা করবে, কার সম্পদের হিসাবের জন্য তলব করা হবে।’
সারা দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী আছেন জানিয়ে মোখলেস উর রহমান বলেন, ‘সম্পদের বিবরণী জমা না দিলে দণ্ড কী হবে, সেটিও বলে দেওয়া হবে। সোজা কথা, জমা না দিলে আইনানুগ খবর আছে। যত বড় যে–ই হোক, চোরকে চোর বলতে হবে।
‘বিদ্যমান আইন অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর-অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর পাঁচ বছর অন্তর সম্পদ কমা বা বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম আছে। দুর্নীতি রোধ ও চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম আছে। কিন্তু কাগজের এই নিয়ম মানা হয় না বললেই চলে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি।’
গত ২৬ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাঁদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে সব সরকারি কর্মচারীর ক্ষেত্রে তা নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। এখন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, সব সরকারি কর্মচারীকে সম্পদের বিবরণী দাখিল করতে হবে। গত জুলাই মাসে হাইকোর্ট সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সম্পদের বিবরণীর ঘোষণা এবং সময়ে সময়ে তা দাখিল–সংক্রান্ত বিধি কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছিলেন। এ বিষয়ে অগ্রগতি জানিয়ে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
অন্যদিকে গত ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি অনুসন্ধান ও তদন্তে রাষ্ট্রের বিশেষায়িত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) এক মাসেরও বেশি সময় ধরে চেয়ারম্যান ও কমিশনারশূন্য অবস্থায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া কমিশন গত ৩ মার্চ পদত্যাগ করার পর থেকে নতুন কমিশন গঠন না হওয়ায় সংস্থাটির কার্যক্রমে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়ন আরও বিলম্বিত হচ্ছে। সরকারের ভেতরে এ নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলতে থাকায় চূড়ান্ত অবস্থান এখনো নির্ধারণ হয়নি; বরং তা আরও গভীরভাবে যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে এগোবে। এ লক্ষ্যে গঠিত সচিব কমিটি তাদের পর্যালোচনা কার্যক্রম...
২ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকায় নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও পার্বত্য জেলার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে পৌনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পার্বত্য এলাকার ২৮৮ কিলোমিটার ‘সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প —২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের উদ্যোগটি নিয়েছে সড়ক...
২ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ নিয়ে দ্বিতীয় মুলতবি প্রস্তাবের আলোচনা শেষ হলো সমঝোতা ছাড়াই। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে সনদ অক্ষরে অক্ষরে পালন করবে তারা। সংবিধান সংস্কার হয় না, সংশোধনের মাধ্যমে পরিবর্তন হয়। তবে বিরোধী দল বলেছে, তারা বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার চায়। তারা সংশোধনের বিরোধী নয়।
৪ ঘণ্টা আগে