
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন ছাত্রসংগঠন। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
নতুন ছাত্রসংগঠন গঠনের উদ্যোগ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা। সংগঠনের সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।
গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আল মাশনুন নামের এক শিক্ষার্থী। তিনি নতুন সংগঠনের সঙ্গে যুক্ত।
এই ছাত্রসংগঠনের নেতৃত্বে থাকছেন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সাবেক নেতারা। আখতার হোসেনসহ কিছু শিক্ষার্থী ২০২৩ সালের ৪ অক্টোবর গণতান্ত্রিক ছাত্রশক্তি বাংলাদেশ নামে ছাত্র সংগঠনটির ঘোষণা দেন। ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সংগঠনটি তাদের কার্যক্রম স্থগিত এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এই সংগঠনের অন্য নেতাদের মধ্যে তিনজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন। এর মধ্যে নাহিদ ইসলাম গতকাল পদত্যাগ করেছেন। এখনো দুজন আছেন, তাঁরা হলেন— মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ।
ছাত্র-জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে ‘বাধ্য হয়ে অংশ নেওয়া’ শিক্ষার্থীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে আগে কোনো-না-কোনোভাবে যুক্ত ছিলেন এমন কয়েকজন শিক্ষার্থীও নতুন সংগঠনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে গতকাল রাতে নতুন ছাত্রসংগঠনের নেতৃত্ব নির্ধারণে একটি বৈঠক হয়। বৈঠক সূত্রে জানা যায়, সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিবও ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হচ্ছেন জাহিদ আহসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক। আগে তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন।
এ ছাড়া মুখ্য সংগঠক হচ্ছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র হচ্ছেন আশরেফা খাতুন। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হচ্ছেন আবদুল কাদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৯ দফা দাবি উত্থাপনের কারণে তিনি আলোচনায় আসেন। তিনি আগে গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে যুক্ত ছিলেন।
সংগঠনের সদস্যসচিব হচ্ছেন মহির আলম, তিনি ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আগে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়, তবে কোনো পদে ছিলেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় অন্যান্য পদের মধ্যে মুখ্য সংগঠক হচ্ছেন হাসিব আল ইসলাম এবং মুখপাত্র থাকছেন রাফিয়া রেহনুমা হৃদি। দুজনই ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
সংগঠনের নেতারা বলছেন, প্রথম ধাপে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করবেন তাঁরা। এসব কমিটিতে সদস্য থাকবেন ১৫০ জন করে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে কমিটি গঠন করা হবে।
সংগঠনের মূলনীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। শিক্ষার্থীদের অধিকার ও নাগরিক স্বার্থ রক্ষার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি। তারা কোনো রাজনৈতিক দলের ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না। নেতৃত্ব নির্ধারণে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করবে।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন। আজ দুপুরে মন্ত্রী মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাসে যান।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার সকালে এই সাক্ষাৎ হয়েছে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
১১ ঘণ্টা আগে
যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। আমরা আশা করব নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হবো...
১২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় শেষে মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
১২ ঘণ্টা আগে