মানসিক স্বাস্থ্য

‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি। এটি যে নেতিবাচক শব্দ, সেটা বলে দিতে হয় না। অদ্ভুত বিষয় হলো, এই দুটি শব্দ মিলেই আমাদের জীবন। সে জন্যই ইতি আর নেতির ভারসাম্য জরুরি।
চিন্তা ও দুশ্চিন্তা, ভাবনা ও দুর্ভাবনা—শব্দের উচ্চারণে মিল থাকলেও এদের অন্তর্নিহিত অর্থ ও প্রভাব একেবারে বিপরীতমুখী, সে কথা একটু আগে একবার বলা হয়েছে। মানুষ যখন চিন্তা করে, তখন সেই জগৎকে নতুন করে বোঝার চেষ্টা থাকে, বাস্তবতাকে উপলব্ধির জন্য নিজেকে প্রস্তুত করে। চিন্তা তাকে আগলে রাখে না, তাকে উন্মুক্ত করে; যেমন খোলা জানালা দিয়ে নতুন হাওয়া ঘরে প্রবেশ করে, চিন্তাও তেমনি জীবনে তাজা বাতাস আনে। কিন্তু দুশ্চিন্তা সেই জানালাকেই বন্ধ করে দেয়। সে বলে, বাইরে ঝড় আছে, বাইরে অন্ধকার আছে—তুমি ভেবো না, তুমি ভয় পাও।
চিন্তা মানুষকে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়, দুশ্চিন্তা অতীতের প্রেতাত্মাকে সামনে দাঁড় করিয়ে রাখে। একদিকে উন্নয়নের সম্ভাবনা, অন্যদিকে ব্যর্থতার ভীতি। চিন্তা মানুষকে সাহস দেয়, দুশ্চিন্তা তাকে সংকোচে ফেলে। যখন কেউ গভীর চিন্তায় ডুবে থাকে, সে তখন নিজের সীমা অতিক্রম করে নতুন কিছুর খোঁজে থাকে। অন্যদিকে, দুশ্চিন্তাগ্রস্ত মানুষ নিজেরই বানানো শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। তার স্বপ্নগুলো কুঁকড়ে যায়, মনুষ্যত্বের সম্ভাবনা চুপসে যায়।

‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটক, বাঙালি চলচ্চিত্রকার
ভাবনা হচ্ছে মননের একটি সৌন্দর্যময় রূপ। ভাবনায় থাকে জীবন দেখার একধরনের আলো, থাকে অনুভবের কোমলতা, অনুভবের গভীরতা। ভাবনা কবিতার মতো, দর্শনের মতো, ভালোবাসার মতো মানুষকে উজ্জীবিত করে। মানুষ যখন ভাবনায় ডুবে থাকে, সে তখন কেবল নিজের জন্যই নয়, অন্যদের জন্যও চিন্তিত হয়। ভাবনার এই সৌন্দর্য আমাদের মাঝে সহমর্মিতা সৃষ্টি করে, উদারতা জাগায়, একটি বৃহৎ অর্থ খোঁজার প্রেরণা জোগায়।
কিন্তু দুর্ভাবনা সেই আলো নিভিয়ে দেয়। সে ভয় দেখায়, সংশয় ছড়ায়, উদ্যম কমিয়ে দেয়। দুর্ভাবনার চেহারা কুয়াশাচ্ছন্ন, তার শব্দগুলো অস্পষ্ট, তার পথ নিরাশার দিকে। দুর্ভাবনায় থাকা মানুষ কারও পাশে দাঁড়াতে পারে না, নিজের দেহটুকুও সোজা রাখতে পারে না। দুর্ভাবনা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়।
চিন্তা হচ্ছে কাঠামো তৈরির নির্মাণশিল্প, দুশ্চিন্তা সেই কাঠামোতে ফাটল ধরায়। ভাবনা হচ্ছে হৃদয়ের অন্তঃকরণে আলো জ্বালানোর প্রয়াস, আর দুর্ভাবনা সেই আলোকে অন্ধকারে ডুবিয়ে দেয়। তাই আমাদের পছন্দ করতে হবে কোনটি বেছে নেব—চিন্তার স্বাধীনতা, না দুশ্চিন্তার জেলখানা; ভাবনার প্রেরণা, না দুর্ভাবনার নিঃসঙ্গতা।
মানুষের জীবনে সব সময় আলো থাকে না, প্রতিকূলতা আসে, অনিশ্চয়তা আছড়ে পড়ে। তখনই আমাদের যাচাই হয়—আমরা কি চিন্তাকে আপন করে দুশ্চিন্তার থাবা থেকে মুক্ত হতে পারব? আমরা কি ভাবনার স্বপ্নকে ধরে রাখতে পারব দুর্ভাবনার বিষ থেকে দূরে থেকে?
চিন্তা করলে আমরা পথ খুঁজি, পথ তৈরি করি। দুশ্চিন্তা করলে আমরা পথ ভুলে যাই। ভাবনা আমাদের ভাবায়—জীবনের অর্থ নিয়ে, অন্যদের কষ্ট নিয়ে, নিজের দায় নিয়ে। দুর্ভাবনা কেবল আত্মকেন্দ্রিক এক ক্লান্তিকর চিন্তায় নিয়ে যায়, যার শেষ নেই, শান্তি নেই।
তাই, আমাদের চিন্তা করা ও ভাবা শিখতে হবে অনিশ্চিত ভবিষ্যতের মাঝে সম্ভাবনার আলো খুঁজতে। আর ধীরে ধীরে শিখে যেতে হবে দুশ্চিন্তাকে দূরে রাখা, দুর্ভাবনাকে অতিক্রম করা। কারণ, এই পৃথিবীতে যত বড় অর্জনই হোক না কেন, তার শুরুতে ছিল একটি চিন্তা, একটি ভাবনা—যা কখনো দুশ্চিন্তার ভয়ে থেমে যায়নি, দুর্ভাবনার বাধায় ভেঙে পড়েনি।
এই তো জীবন। এই তো বেঁচে থাকার শর্ত। চিন্তার পথে হেঁটে ভাবনার দিকে এগিয়ে যাওয়া।

মিসরের খাদ্যসংস্কৃতির ইতিহাস প্রায় ৫ হাজার বছরের প্রাচীন এবং সমৃদ্ধ। নীল নদের উর্বর অববাহিকা, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন এবং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণে এই রন্ধনশৈলী গড়ে উঠেছে। মিসরের খাবার মূলত শস্য, শাকসবজি এবং সুগন্ধযুক্ত মসলার এক অপূর্ব সংমিশ্রণ। এই প্রাচীন...
১১ ঘণ্টা আগে
যখন তুর্কি নারীর সৌন্দর্যের কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে কোমল, উজ্জ্বল ত্বকের অধিকারী নারীদের অবয়ব। তুর্কি নারীদের সুন্দর ত্বকের রহস্য কোনো নামীদামি প্রসাধনী নয়, বরং তাঁদের দেশের আবহাওয়া ও খাদ্যাভ্যাসের প্রভাব প্রবল। এর পাশাপাশি তাঁরা ত্বকে প্রাকৃতিক কয়েকটি উপকরণ ব্যবহার করেন, যেগুলোর...
১৪ ঘণ্টা আগে
ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
২ দিন আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
২ দিন আগে