মিউজিয়াম সেলফি ডে

সেলফি এখন আর নিছক আত্মমগ্ন বিষয় নয়। অর্থাৎ নিজেকে জাহির করার দুর্নাম ঘুচিয়ে ফেলেছে সেলফি নামের বিষয়টি। নইলে কি আর মিউজিয়াম অর্থাৎ জাদুঘরের মতো একটি গম্ভীর বিষয়ের সঙ্গে এর নাম জুড়ে যায়!
হ্যাঁ, আজ ২১ জানুয়ারি, বিশ্বজুড়ে পালিত হচ্ছে মিউজিয়াম সেলফি ডে। একসময় ‘ছবি তোলা নিষেধ’ লেখা সাইনবোর্ড আর অতীতমুখী নিস্তব্ধতায় মগ্ন থাকা জাদুঘর এখন খানিক উদার ও প্রাণবন্ত। বিশ্বের অনেক জাদুঘরে এখন ছবি তোলা যায়। আর সেলফি হলো সেই ছবি তোলার এক দারুণ মাধ্যম। তাই জাদুঘরগুলো দর্শকের সঙ্গে ইতিহাস ও শিল্পকে এই ফ্রেমের অংশ করে নেওয়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে সেলফি।
জাদুঘর শুধু প্রাচীন নিদর্শনের সংগ্রহশালা নয়, এটি অতীতের সঙ্গে বর্তমানের মেলবন্ধন। সচরাচর জাদুঘরগুলোতে ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহারের ওপর কড়াকড়ি থাকলেও বছরের একটি দিন, অর্থাৎ ২১ জানুয়ারি বিশ্বজুড়ে দর্শনার্থীরা মেতে ওঠেন সেলফির উৎসবে। লন্ডনভিত্তিক ব্লগার মার ডিক্সন ২০১৪ সালে প্রথম এই দিবসের সূচনা করেন। তাঁর লক্ষ্য ছিল জাদুঘরের বিশাল সংগ্রহকে মানুষের কাছে মজাদার ও সহজবোধ্য করে তোলা।
কেন জাদুঘরে সেলফি তুলবেন
কোনো প্রাচীন মূর্তির মতো মুখভঙ্গি করা বা কোনো পেইন্টিংয়ের ভেতরে নিজেকে কল্পনা করে ছবি তোলা আনন্দের। আর জাদুঘরেই থাকে দুনিয়ার সব প্রাচীন ও শৈল্পিক নিদর্শন। তাই সুযোগ দেওয়া হলে এই সুযোগ কেন হাতছাড়া করবেন। এটি ছাড়াও একটি সেলফি বা ছবি আপনার মিউজিয়াম ভ্রমণের স্মৃতিকে চিরস্থায়ী করবে। এটি আপনাকে মনে করিয়ে দেবে, শিল্প ও ইতিহাস আপনার থেকে খুব বেশি দূরে নয়। শুধু তা-ই নয়, আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি সুন্দর সেলফি আপনার বন্ধুদেরও জাদুঘরে আসতে অনুপ্রাণিত করতে পারে।
২০২৬ নতুনত্বের বছর
২০২৬ সালটি শিল্পপ্রেমীদের জন্য অত্যন্ত আনন্দঘন হতে চলেছে। এ বছর বিশ্বজুড়ে বেশ কিছু নতুন জাদুঘর তাদের দরজা খুলবে। বিশ্বে বিভিন্ন প্রান্তে এমন নতুন জাদুঘরের সংখ্যাও কম হবে না। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
নিউ মিউজিয়াম এক্সপেনশন: বছরের শুরুতে নিউইয়র্কের ম্যানহাটানে সমসাময়িক শিল্পের এই বিশাল টাওয়ার উন্মোচিত হচ্ছে। লোয়ার ম্যানহাটানের সমসাময়িক শিল্পের একমাত্র প্রতিষ্ঠান ‘নিউ মিউজিয়াম’ নতুন আঙ্গিকে সেজেছে। ২০০৭ সালে জাপানি প্রতিষ্ঠান এসএএনএএর নকশা করা বিখ্যাত সেই স্ট্যাকড টাওয়ারের পাশেই এখন মাথা তুলে দাঁড়িয়েছে ৬০ হাজার বর্গফুটের এক বিশাল ভবন। সোহেই শিগেমাতসু এবং রেম কুলহাসের নকশা করা এই নতুন ভবন জাদুঘরের প্রদর্শনীর জায়গা দ্বিগুণ করে দিয়েছে। এটি এখন শিল্প ও প্রযুক্তির এক স্থায়ী আবাসে পরিণত হয়েছে।
ওবামা প্রেসিডেনশিয়াল সেন্টার: শিকাগোর ঐতিহাসিক জ্যাকসন পার্কে ১৯ একর জায়গাজুড়ে নির্মিত হয়েছে ওবামা প্রেসিডেনশিয়াল সেন্টার। টাড উইলিয়ামস এবং বিলি সিয়েন আর্কিটেক্টসের নকশা করা গ্রানাইট পাথরে মোড়া এই টাওয়ার শুধু একটি ভবন নয়, এতে থাকছে ফোরাম এবং শিকাগো পাবলিক লাইব্রেরির একটি শাখা। টাওয়ারের শীর্ষে খোদাই করা হয়েছে ২০১৫ সালে সেলমা থেকে মন্টগোমারি পদযাত্রার ৫০ বছর পূর্তিতে প্রেসিডেন্ট ওবামার দেওয়া বিখ্যাত ভাষণের একটি উদ্ধৃতি। বসন্তকালে শিকাগোর জ্যাকসন পার্কে এই ঐতিহাসিক কেন্দ্র চালু হবে।
ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট ইস্ট: লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম শতাব্দীপ্রাচীন প্রায় ৩০ লাখ শিল্পকর্মের এক বিশাল ভান্ডার। ২০২৫ সালে পূর্ব লন্ডনে তাদের বিশেষ সংগ্রহশালা স্টোরহাউস চালুর পর ২০২৬ সালে তারা উন্মোচন করতে যাচ্ছে তাদের মূল নতুন শাখা, ভিঅ্যান্ডএ ইস্ট মিউজিয়াম। এপ্রিল মাসে লন্ডনের বিখ্যাত এই ডিজাইন মিউজিয়ামের নতুন শাখা যাত্রা শুরু করবে।
একটি সার্থক জাদুঘর ভ্রমণের টিপস
জাদুঘরে কেন যাবেন
অভিজ্ঞতা বনাম বস্তু: দামি জিনিস কেনার চেয়ে সুন্দর অভিজ্ঞতা মানুষকে বেশি সুখী করে।
শিক্ষা ও জ্ঞান: নিয়মিত জাদুঘর ভ্রমণ আপনার সাধারণ জ্ঞান ও সৃজনশীলতা বাড়ায়।
সামাজিক মিলনমেলা: বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য জাদুঘর একটি চমৎকার জায়গা।
আর্থিক সহায়তা: মিউজিয়ামগুলো অলাভজনক প্রতিষ্ঠান। আপনার একটি টিকিট বা দান তাদের এই অমূল্য সম্পদগুলো রক্ষায় সাহায্য করে।
অপার সম্ভাবনা: বিশ্বে প্রায় ৫৫ হাজার জাদুঘর রয়েছে, সেগুলোর মধ্যে অন্তত একটি অবশ্যই আপনার পছন্দের বিষয়ের সঙ্গে মিলে যাবে।
জাদুঘরের সেই স্তব্ধ মূর্তির পাশে দাঁড়িয়ে একটি অদ্ভুত হাসি দিয়ে সেলফি তুলে এই ২১ জানুয়ারি দিনটি উদ্যাপন করুন। মার ডিক্সনের সেই স্বপ্নকে সার্থক করে তুলুন— যেখানে মিউজিয়াম মানেই হবে সবার জন্য আনন্দ আর জানার এক অবারিত দ্বার।
সূত্র: ন্যাশনাল ডে, এলি ডিকর

একজন মানুষ দৈনন্দিন নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চান না। সম্পর্কের কোনো জটিল বিষয় উঠলে তিনি এড়িয়ে যান। অন্যজন কষ্টের কথা বললে সেটি গুরুত্বের সঙ্গে না নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আবার কখনো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সময় তিনি নিজেই দূরত্ব তৈরি শুরু করেন। এ ধরনের...
৩ ঘণ্টা আগে
ভ্রমণপ্রেমী নারীরা আজকাল বিভিন্ন ট্রাভেল গ্রুপের সঙ্গে ট্য়ুরে যাচ্ছেন। আমাদের নারীভিত্তিক অনেক ট্রাভেল গ্রুপ বিশ্বস্ততা অর্জন করেছে এরই মধ্যে। তবে প্রথমবারের মতো অচেনা মানুষদের সঙ্গে গ্রুপে ভ্রমণে গেলে আনন্দ বজায় রাখার পাশাপাশি নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কিছু বিষয় মেনে চলতে হবে।
৭ ঘণ্টা আগে
অবশেষে এ বছর মিনমিনে উচ্চারণে কর্তৃপক্ষ ঘোষণা করল, ‘সমাপ্ত’। এই একটি শব্দ শোনার জন্য পৃথিবীর মানুষদের অপেক্ষা করতে হয়েছে ১৪৪ বছর। খুব জাঁকজমক করে উদ্বোধনও করা হলো। অথচ আজও শেষ হয়নি এর নির্মাণকাজ। যাঁর হাত ধরে শুরু হয়েছিল, সেই বিশ্বখ্যাত স্থপতি আন্তোনি গাউদিও গত হয়েছেন; তা-ও এক শতাব্দী হয়ে গেছে।
৯ ঘণ্টা আগে
ছুটি মানেই তো একটু পা ছড়িয়ে দেওয়া, আড্ডা আর ঝিমোনো, তাই না? কিন্তু টিকটক আর ইউটিউব শর্টসের যুগে ভ্রমণ জিনিসটি এখন যেন অলিখিত এক অলিম্পিক প্রতিযোগিতা। ভোর ৪টায় উঠে সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুলতেই হবে। অনেক সময় ক্লান্ত থাকলেও ক্যামেরার সামনে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে ভিডিও করা কিংবা ছবি তোলা।
১০ ঘণ্টা আগে