
মেষ
আপনি আজ ফুল ভলিউমে শপথ নিতে চাইবেন, যাতে রাষ্ট্রপতি/সিইসির কানের পর্দা ফেটে যায়। আপনার আত্মবিশ্বাস আজ নতুন নির্বাচিত মন্ত্রীর মতো তুঙ্গে। তবে সাবধান, অতিরিক্ত তেজে নিজের দলের (বা বাড়ির) লোককেই শত্রু বানিয়ে ফেলবেন না। কাজের জায়গায় আজ আপনার ‘মন্ত্রিত্ব’ পাওয়ার সম্ভাবনা থাকলেও ফাইল সই করার আগে ভালো করে পড়ে নিন; না হলে শপথের পরদিন থেকেই তদন্ত কমিটি বসতে পারে!
বৃষ
শপথ নেওয়ার সময় আপনার নজর থাকবে ডিনার মেনু আর টিএ/ডিএ ভাতার দিকে। আর্থিক লাভের যোগ আছে, ঠিক যেমন কোনো বড় প্রজেক্টের বাজেট পাস হলে হয়। তবে অলসতা ত্যাগ করুন। আপনি আজ সংসদের সেই সদস্যের মতো, যে শুধু এসি উপভোগ করতে অধিবেশনে যায়। কাজের জায়গায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধী দলের (অর্থাৎ আপনার স্ত্রী বা বস) মতামত নিন।
মিথুন
শপথের কাগজ হাতে নিয়ে আপনি কনফিউজড—বাংলায় পড়বেন নাকি ইংরেজিতে? আপনার ভেতরে আজ দুজন মেম্বার অব পার্লামেন্ট কাজ করছে। একজন বলছে ‘পরিশ্রম করো’, অন্যজন বলছে ‘অসুস্থতার নাম করে ছুটিতে থাকো’। ক্যাবিনেট মিটিংয়ে (পারিবারিক আড্ডা) আপনার কথা আজ বেশ গুরুত্ব পাবে। বিকেলের দিকে পুরোনো বন্ধুর কাছ থেকে এমন কোনো গোপন তথ্য পেতে পারেন, যা দিয়ে লবিং করা সম্ভব।
কর্কট
শপথ নিতে গিয়ে আবেগে কেঁদে ভাসিয়ে ফেলবেন এবং এলাকার মানুষের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবেন। আবেগ আজ আপনার প্রধান শত্রু। বসের বকুনি শুনে এমন মুখ করবেন যেন আপনাকে বিনা কারণে বিরোধী দলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে একটু কূটনৈতিক চাল চালুন, শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ ইশতেহার ঘোষণা করার দিন—সঙ্গী যা চাইবে তা-ই দেবেন বলে প্রতিশ্রুতি দেবেন (পরে পূরণ না করলেও চলবে!)।
সিংহ
আপনি মনে মনে ভাবছেন, ‘শপথ আমি নিচ্ছি ঠিকই, কিন্তু আসলে তো এই দেশের সম্রাট আমিই!’ রাজকীয় মেজাজ থাকবে আজ আপনার। অফিস হোক বা রাস্তা, আপনার চালচলন হবে একদম নতুন কোনো দাপুটে মন্ত্রীর মতো। তবে মনে রাখবেন, অতিরিক্ত ইগো দেখালে ক্যাবিনেট থেকে ছেঁটে ফেলা হতে পারে। সন্ধ্যার দিকে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে—কথা বলার সময় প্রটোকল মেনে চলুন।
কন্যা
শপথের কাগজে কোনো বানান ভুল আছে কি না, তা নিয়ে আপনি সিইসির সঙ্গে তর্ক জুড়ে দেবেন। সবকিছু নিখুঁত করার নেশা আজ আপনাকে ভোগাবে। আপনি আজ সেই এমপির মতো যে এলাকার নর্দমাও নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করাতে চায়। কাজের চাপে মাথা গরম করবেন না। মনে রাখবেন, রাজনীতি আর সংসার—দুটোতেই মাঝেমধ্যে চোখ বুজে থাকতে হয়। পেটের সমস্যা হতে পারে, সংসদীয় ক্যানটিনের খাবার এড়িয়ে চলাই ভালো।
তুলা
শপথ নেওয়ার সময় আপনি আয়নায় দেখছেন আপনার টাইটা ঠিক আছে কি না। ব্যালেন্স করাই আপনার কাজ। আজ আপনি শাসক দল আর বিরোধী দলের (মা আর স্ত্রী) মধ্যে মধ্যস্থতা করতে করতেই দিন কাটিয়ে দেবেন। কোনো গুরুত্বপূর্ণ ফাইল সই হতে পারে। নতুন পোশাক কেনার যোগ আছে। কারণ, শপথ গ্রহণ অনুষ্ঠানে স্টাইলটাই আসল!
বৃশ্চিক
আপনি শপথ নিচ্ছেন গম্ভীর মুখে, কিন্তু মনে মনে ভাবছেন কার কার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করবেন। আপনার রহস্যময় আচরণ আজ অন্যদের তটস্থ রাখবে। অফিসের কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করতে পারে, কিন্তু আপনার বুদ্ধিদীপ্ত ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এ তারা কুপোকাত হবে। তবে শরীর নিয়ে সাবধান, ঠান্ডা লেগে বিরোধী দলের মতো গলা বসে যেতে পারে।
ধনু
শপথ নিতে গিয়ে হোঁচট খেয়ে আপনি সেটাকে হাসির ছলে উড়িয়ে দেবেন। ভাগ্য আপনার সহায়। হঠাৎ কোনো বিদেশ ভ্রমণের প্রস্তাব আসতে পারে (সরকারি খরচে নয় অবশ্য!)। আজ আপনার কথাবার্তায় মানুষ মুগ্ধ হবে, যেন আপনি নির্বাচনী প্রচারের তুখোড় বক্তা। তবে অতিরিক্ত কথা বলে গোপন তথ্য ফাঁস করে দেবেন না, তাতে ‘প্রিভিলেজ মোশন’ জারি হতে পারে।
মকর
আপনি শপথ নেওয়ার আগেই নিজের অফিস রুমের ফার্নিচার সাজানো শুরু করে দিয়েছেন। কর্মঠ দিন। আপনি আজ সেই অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানের মতো যে জানে কখন কোন গুটি চালতে হয়। ক্যারিয়ারে বড় কোনো উন্নতির যোগ আছে। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। মনে রাখবেন, ক্যাবিনেট মর্যাদা পেলেও বাড়ির বাজারটা আপনাকেই করতে হবে।
কুম্ভ
আপনি দাবি করবেন শপথ অনুষ্ঠানটি মেটাভার্স বা রোবট দিয়ে করানো হোক। আপনার আধুনিক চিন্তাভাবনা আজ অফিসের ব্যাকডেটেড বসদের মাথায় ঢুকবে না। আপনি আজ নিজেকে ব্রাত্য মনে করতে পারেন। তবে বন্ধুদের সঙ্গে আড্ডা জমে উঠবে। সামাজিক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আপনার আইডিয়াগুলো আজ ‘প্রাইভেট মেম্বার বিল’-এর মতো অমূল্য কিন্তু অবহেলিত হতে পারে।
মীন
শপথের মাঝখানে আপনি দিবাস্বপ্ন দেখছেন যে আপনি আসলে মহাকাশ পর্যটন মন্ত্রী হয়েছেন। কল্পনাপ্রবণ দিন। চারপাশের বিশৃঙ্খলা থেকে বাঁচতে আপনি আজ আইসোলেশনে থাকতে চাইবেন। কেউ আজ আপনাকে দিয়ে খাটুনির কাজ করিয়ে নেওয়ার ফন্দি আঁটতে পারে, সাবধান! দিন শেষে একটু আধ্যাত্মিক শান্তি খুঁজবেন। মনে রাখবেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু ভোটের রেজাল্টের (বা রেজাল্ট কার্ডের) মুখোমুখি হওয়াও জরুরি। শপথ নেওয়ার সময় হাত কাঁপাবেন না, আর বসের সামনে লম্বা-চওড়া প্রতিশ্রুতি দেবেন না!

প্রাকৃতিক কারণে আমাদের ত্বকে মেলানিনের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করে। কিন্তু এর ভারসাম্য নষ্ট হলে ত্বকে দেখা যায় কালচে ছোপ বা পিগমেন্টেশন। আমাদের ত্বকের মেলানোসাইট কোষগুলো যখন কোনো কারণে উত্তেজিত হয়, তখন তারা নির্দিষ্ট স্থানে বেশি মেলানিন তৈরি...
৩১ মিনিট আগে
ফুসফুস সুস্থ রাখার ক্ষেত্রে প্রাণায়াম খুব ভালো ভূমিকা পালন করে। ভস্ত্রিকা, অনুলোম-বিলোম ও ভ্রামরী প্রাণায়াম সহজে করা যায়। এগুলো ফুসফুস সুস্থ রাখতে সহায়তা করে। নিয়মিত প্রাণায়াম করলে ফুসফুসে জমা ময়লা ধীরে ধীরে বেরিয়ে যায়। এ ছাড়া ফুসফুসের নিচে পেট বরাবর যে পর্দা থাকে, সেই পর্দা বা ডায়াফ্রামের সংকোচন...
৩ ঘণ্টা আগে
সম্প্রতি ১১৬ আলোকবর্ষ দূরে অবস্থিত এলএইচএস ১৯০৩ নামের একটি লোহিত বামন নক্ষত্রকে ঘিরে এক গ্রহমণ্ডলীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এটি মহাকাশবিজ্ঞানের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নিয়মকে চ্যালেঞ্জ জানিয়েছে। নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার টেলিস্কোপ ব্যবহার করে এই ‘উল্টো’ বিন্যাসের গ্রহমণ্ডলীটি শনাক্ত...
১৬ ঘণ্টা আগে
রোজা কেবল আধ্যাত্মিক অনুশীলন নয়—দীর্ঘ সময় না খেয়ে থাকার এই পদ্ধতি শরীরের কোষ মেরামতপ্রক্রিয়া সক্রিয় করে বার্ধক্যের গতি কমাতে সহায়তা করতে পারে বলে মনে করছেন সংযুক্ত আরব আমিরাতের এক চিকিৎসক।
১৬ ঘণ্টা আগে