
স্মার্টফোনের স্ক্রিনে সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড স্ক্রল করতে করতে হরেক রকম ট্রেন্ডের দেখা মেলে। এই ধরনের ট্রেন্ড তৈরির ক্ষেত্রে টিকটক অন্যতম। মাঝেমধ্যেই এখানে প্রচলিত বিভিন্ন বিষয় নিয়ে ব্যবহারকারীদের মধ্যে একধরনের উন্মাদনা দেখা দেয়। সম্প্রতি টিকটকে এক নতুন ট্রেন্ড বেশ ঝড় তুলেছে, এর নাম আর্লি বার্ড ডিনার। এখানে দাবি করা হচ্ছে, ঘুমাতে যাওয়ার অন্তত ৪-৫ ঘণ্টা আগে বা বিকেল ৫টার মধ্যে রাতের খাবার পর্ব সেরে ফেললে রাতের ঘুম নাকি হবে একবারে নিবিড় ও নির্ভার। অর্থাৎ সাঁঝবেলায় রাতের খাবার সেরে ফেললে ভালো ঘুম আসতে পারে। অন্যান্য টিকটক হ্যাকের মতো এটিকে কি স্রেফ বানিয়ে বলা ট্রেন্ড ভাবছেন? স্বাস্থ্যবিজ্ঞানীরা কিন্তু আপনার মতো ভাবছেন না। তাঁরা বলছেন ভিন্ন কথা। শরীরের নিজস্ব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লকের সঙ্গে এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের অদ্ভুত মিল আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যবিজ্ঞানীরা।
রাত গভীর হওয়ার বেশ আগে সন্ধ্যাকালীন খাবার খেয়ে ফেলা হলো আর্লি বার্ড ডিনার। প্রখ্যাত মার্কিন মনোরোগ ও নিদ্রা বিশেষজ্ঞ ড. অ্যালেক্স দিমিত্রিউর মতে, এটি এমন এক বিরল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, যা মানুষের সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি মিলে যায়। ঘুমাতে যাওয়ার আগে পরিপাকতন্ত্রকে বিরতি দেওয়া হলে ঘুমের মধ্যে হজমপ্রক্রিয়ার ব্যস্ততা কমে। ফলে মাঝরাতে রক্তে কর্টিসল বা স্ট্রেস হরমোন বাড়ার ঝুঁকি থাকে না। এর কারণে পাকস্থলীর অ্যাসিড গলার দিকে উঠে আসার সমস্যা বা অ্যাসিডিটি বা রিফ্লাক্স কমায়। এতে ঘুমের ব্যাঘাত ঘটে না।
২০২১ সালে ‘দ্য জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত গবেষণার তথ্য অনুযায়ী রাত ৯টার বদলে সন্ধ্যা ৬টায় রাতের খাবার খেলে তা রক্তে গ্লুকোজের মাত্রা উন্নত করে এবং শরীরের ফ্যাট ও কার্বোহাইড্রেট পোড়ানোর গতি বাড়ায়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত বিখ্যাত জন হপকিন্স বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের একদল গবেষক ও চিকিৎসা বিশেষজ্ঞ এই গবেষণা পরিচালনা করেন। ২০২৩ সালে চিকিৎসা সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, যাঁরা রাত ৯টার পর রাতের খাবার খান, রাত ৮টার আগে খাবার খাওয়া ব্যক্তিদের তুলনায় তাঁদের স্ট্রোক বা মস্তিষ্কের রক্তনালির রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় ২৮ শতাংশ বেশি। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেন ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ, সিএনআরএস এবং বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের পুষ্টিবিজ্ঞানী ও মহামারি-সংক্রান্ত একদল গবেষক।
কেবল খাবারের সময় নয়, রাতের ঘুম নিশ্চিন্ত ও গভীর করতে বিশেষজ্ঞদের আরও কিছু পরামর্শ মেনে চলা উচিত।
শোয়ার অন্তত ৩০ মিনিট আগে মোবাইল, টিভি কিংবা ল্যাপটপের পর্দা থেকে চোখ ফিরিয়ে নিন। এসব স্ক্রিনের নীল আলো ঘুমের প্রাকৃতিক হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়।
ঘর যতটা সম্ভব অন্ধকার, ঠান্ডা ও শান্ত রাখুন। প্রয়োজনে আই মাস্ক ব্যবহার করতে পারেন।
ঘুমানোর অন্তত ৩ ঘণ্টা আগে কফি, চা বা অ্যালকোহল এড়িয়ে চলুন। এগুলো ঘুমের গভীর স্তরগুলোকে বিনষ্ট করে এবং মাঝরাতে বারবার বাথরুমে যাওয়ার তাগিদ তৈরি করে।
যদিও ৪-৫ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করা বেশির ভাগ মানুষের জন্যই চমৎকার অভ্যাস, তবে ডায়াবেটিস বা লো ব্লাড সুগারের রোগীদের ক্ষেত্রে হুট করে খাবারের সময় পরিবর্তন করা বিপজ্জনক হতে পারে। তাই বিশেষ কোনো শারীরিক অবস্থা থাকলে জীবনযাত্রায় এই পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিছানায় এপাশ-ওপাশ করে রাত কাটানোর অভ্যাস থেকে মুক্তি পেতে আজই আপনার রাতের খাবারের টেবিলে একটু পরিবর্তন এনে দেখতে পারেন। কে বলতে পারে, সাধারণ এক টিকটক ট্রেন্ডই হয়তো আপনার শান্তির ঘুমের চাবিকাঠি হয়ে উঠতে পারে।
সূত্র: হেলথ লাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে পাহাড়, ঝরনা, বন আর মেঘে ঢাকা উপত্যকার ছবি দেখে অনুপ্রাণিত হয়ে জেনারেশন জেড বা জেন-জির তরুণদের মধ্যে হাইকিংয়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে যতটুকু না প্রস্তুতি, তার চেয়ে অনুপ্রেরণা বেশি থাকায় অনেকেই পাহাড়ে গিয়ে বিপদেও পড়ছেন।
২ ঘণ্টা আগে
কখনো ভারী বর্ষণ, কখনোবা সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি। কখনো আবার দিনের পর দিন সূর্যের দেখা নেই। কিছুদিন ধরে তো আবহাওয়া এমনই। শ্রাবণ মাস চলছে। কখন বৃষ্টি নামে বলা যায় না, এ কথা ভেবেই ঘরের দরজা-জানালা বন্ধ করে আমরা সকালে বাড়ি থেকে বের হই। আবার এখন ডেঙ্গুর সময়, তাই মশার উপদ্রব এড়াতেও ঘরের দরজা-জানালা বন্ধ
৪ ঘণ্টা আগে
বেলুচি চিকেন কড়াই বেলুচিস্তানের একটি ঐতিহ্যবাহী খাবার। এর বৈশিষ্ট্য হলো, এতে স্বল্প মসলা ব্যবহার করা হয় এবং মাংসের গুণমানের দিকে বিশেষ নজর দেওয়া হয়। গোটা মসলা, তাজা টমেটো এবং দারুণ স্বাদের কারণে এই কড়াইতে মুরগির মাংস খাওয়ার আরামটাই বেশি পাওয়া যায়। বেলুচিস্তানের পার্বত্য অঞ্চলে কাঠকয়লার চুলা ও গ্যাসে
৬ ঘণ্টা আগে
জাপানিদের মসৃণ ও উজ্জ্বল ত্বক সবার কাছেই ঈর্ষণীয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জাপানের এক ব্যতিক্রমী বিউটি থেরাপি ‘এনজাইম বাথ’ বা জাপানি ভাষায় ‘ওগাকুজু-বুরো’। তবে হ্যাঁ, এই থেরাপির ধরনটা একটু অন্য রকম। মানে বাথটাবভর্তি মাটি আর তাতে গলা অবধি ডুবে আছেন আপনি, ভাবুন তো একবার!
১ দিন আগে