Ajker Patrika

সকালে জানালা খোলার স্বাস্থ্য উপকারিতা জেনে নিন

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০০
সকালে জানালা খোলার স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
সকালে জানালা খোলার অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ফেলে ইতিবাচক প্রভাব। ছবি: পেক্সেলস

ভোরের মিষ্টি আলো আর হালকা হাওয়ায় দিনের শুরুটা কার না ভালো লাগে! তবে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার মতোই সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে ঘরের জানালাগুলো পুরোপুরি খুলে দেওয়া। সারা রাতের বদ্ধ পরিবেশের পর সকালে জানালা খোলার অভ্যাস শুধু ঘর সতেজই করে না, বরং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ফেলে ইতিবাচক প্রভাব।

রাতভর জমে থাকা বাতাস ও ক্ষতিকর গ্যাসের নিষ্কাশন

রাতে দরজা-জানালা বন্ধ করে ঘুমানোর ফলে আমাদের অব্যাহত শ্বাস-প্রশ্বাস ঘরের ভেতর কার্বন ডাই-অক্সাইডের মাত্রা অনেক বাড়িয়ে দেয়। সকালে জানালা খুলে দিলে এই ভারী ও বাসি বাতাস নিমেষে বাইরে বেরিয়ে যায়। ফলে ঘরে সতেজ ও বিশুদ্ধ অক্সিজেনের প্রবাহ ঘটে, যা সকালে ঘুম ভাঙার পর আমাদের শরীরের রক্তসঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক ও সক্রিয় করতে সাহায্য করে।

অ্যালার্জি, হাঁপানি ও ছত্রাক প্রতিরোধ

রাতে ঘুমানোর সময় মানুষের শরীরের ঘাম ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ঘরের বাতাসে প্রচুর জলীয় বাষ্প জমা হয়। সকালে জানালা বন্ধ রাখলে এই আর্দ্রতা দেয়ালে, বিছানায় ও আসবাবে জমে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি করে। আর এই সুযোগে জন্ম নেয় অ্যালার্জির প্রধান শত্রু ছত্রাক। সকালে জানালা খুলে বাতাস চলাচলের সুযোগ দিলে ঘরের অতিরিক্ত আর্দ্রতা শুকিয়ে যায় এবং ফুসফুসের জটিলতা ও হাঁপানির ঝুঁকি কমে।

ভোরের রোদ ও প্রাকৃতিক আলো মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণ বাড়ায়। ছবি: পেক্সেলস
ভোরের রোদ ও প্রাকৃতিক আলো মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণ বাড়ায়। ছবি: পেক্সেলস

সকালের প্রাকৃতিক আলো ও ভিটামিন ডি পাওয়া যায়

সকালে জানালা খোলার সঙ্গে সঙ্গে ঘরে আলোর প্রবেশ ঘটে। ভোরের রোদ ও প্রাকৃতিক আলো মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণ বাড়ায়, যা সারা দিন আমাদের মেজাজ ভালো রাখতে এবং সকালের অলসতা কাটাতে সাহায্য করে। এ ছাড়া সকালে জানালার পাশে দাঁড়িয়ে মিষ্টি রোদ গায়ে মাখলে প্রাকৃতিকভাবেই শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি গ্রহণ করতে পারে।

ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস

সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি একটি শক্তিশালী প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে। সকালে জানালা খুললে ঘরে আসা রোদ এবং রাতে বাতাসে ভেসে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণুগুলোকে ধ্বংস করে। এতে যেকোনো কৃত্রিম স্প্রে ছাড়াই ঘর প্রাকৃতিকভাবে জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর হয়ে ওঠে।

অলসতা দূর ও ক্লান্তিহীন মানসিক সতেজতা

ঘুম থেকে ওঠার পরও অনেকের মধ্যে একধরনের অলস ভাব থেকে যায়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় স্লিপ ইনার্শিয়া বলা হয়। সকালে জানালার সামনে দাঁড়িয়ে ঠান্ডা ও টাটকা বাতাসে দীর্ঘশ্বাস নিলে মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বেড়ে যায়। এটি এক কাপ গরম কফির চেয়ে দ্রুত কাজ করে মুহূর্তে ঝিমুনি ভাব দূর করে মন সতেজ করে তোলে।

ঘরের রান্না ও বিষাক্ত উপাদান বের হতে সাহায্য করে

সকালের নাশতা তৈরির ধোঁয়া কিংবা রাতে ব্যবহৃত সুগন্ধি মোমবাতি, মশার কয়েল ও এয়ার ফ্রেশনারের ব্যবহার বাতাস ভারী করে রাখে। সকালে মুখোমুখি জানালা খুলে দিয়ে ক্রস-ভেন্টিলেশন বা আড়াআড়ি বাতাস চলাচলের ব্যবস্থা করলে এসব কেমিক্যাল ও দুর্গন্ধ ঘর থেকে দ্রুত বের হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পরপরই ১৫ থেকে ৩০ মিনিটের জন্য ঘরের সব দরজা-জানালা পুরোপুরি খুলে দিন। শহরের তীব্র বায়ুদূষণের এলাকাগুলোতে ভোর বা সকালের শুরুর দিকটিতে যানবাহন চলাচল কম থাকে, তাই ওই সময়ে ঘরের জানালা খুলে দেওয়া বুদ্ধিমানের কাজ। সকালে জানালা খোলার এই ছোট্ট অভ্যাস আপনার ও নিজের সারা দিনের কর্মোদ্দীপনা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে।

সূত্র: ক্লেয়ার মোরান ডিজাইনস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত