ভালোবাসার অনুভূতি সবার হৃদয়ে এক হলেও তা প্রকাশের ধরন আলাদা। কেউ হয়তো দিনভর ভালোবাসার কথা শুনতে পছন্দ করেন, আবার কেউ চান, সঙ্গী তাঁর কাজে একটু সাহায্য করুক। ঠিক এখানেই জন্ম নেয় ‘লাভ ল্যাঙ্গুয়েজ’ বা ভালোবাসার ভাষা। ১৯৯২ সালে ড. গ্যারি চ্যাপম্যান প্রথম এই ধারণা সামনে আনেন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের ভালোবাসার ভাষা ভিন্ন হতে পারে। এই ভাষাগুলো বুঝতে পারলেই সম্পর্ক হয়ে ওঠে মধুর ও দীর্ঘস্থায়ী। ভালোবাসা কোনো কঠিন সমীকরণ নয়, শুধু সঠিক ভাষা খুঁজে নিতে পারলেই জীবনটা হয়ে উঠবে বসন্তের মতো রঙিন।
প্রশংসামূলক বাক্য
যাঁদের প্রধান ভাষা এটি, তাঁরা সঙ্গীর কাছ থেকে সরাসরি প্রশংসা বা উৎসাহমূলক কথা শুনতে ভালোবাসেন। একটি ছোট ‘ধন্যবাদ’, ‘তোমাকে আজ খুব সুন্দর লাগছে’ কিংবা ‘আমি তোমাকে নিয়ে গর্বিত’—এমন বাক্যগুলো তাঁদের কাছে বহুমূল্য। নিয়মিত সঙ্গীকে জানান যে আপনি তাঁকে ভালোবাসেন। তাঁর কাজের প্রশংসা করুন এবং দুঃসময়ে তাঁকে উৎসাহ দিন। ছোট নোট বা খুদে বার্তাও এ ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে।

গুণগত সময়
এখানে ‘সময়’ মানে শুধু পাশে বসে থাকা নয়, বরং একে অপরকে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। টিভি বা ফোনের দিকে না তাকিয়ে গভীর আলাপচারিতা বা একসঙ্গে কোনো কাজ করা এই ভাষার মূল ভিত্তি। প্রতিদিন অন্তত কিছুটা সময় ফোন সরিয়ে রেখে কথা বলুন। একসঙ্গে হাঁটতে যান বা প্রতি সপ্তাহে একটি ‘ডেট নাইট’ রাখুন। আপনার উপস্থিতিই তাঁর কাছে শ্রেষ্ঠ উপহার।
সেবামূলক কাজ
যাঁরা এই ভাষায় বিশ্বাসী, তাঁদের কাছে ‘কথার চেয়ে কাজ বড়’। ঘরের কোনো কাজে সাহায্য করা, চা বানিয়ে দেওয়া বা বাজারের ভার নেওয়া। এই ছোট ছোট কাজ তাঁদের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ। সঙ্গী বলার আগেই তাঁর কোনো কঠিন কাজ সহজ করে দিন। হতে পারে তা রান্নায় সাহায্য করা কিংবা তাঁর প্রিয় কোনো কাজ গুছিয়ে রাখা।

উপহার আদান-প্রদান
অনেকে মনে করতে পারেন, এটি হয়তো বিলাসিতা, কিন্তু আসলে তা নয়। এই ভাষার মানুষদের কাছে উপহারের দাম বড় নয়। উপহারের পেছনের ‘চিন্তা’ এবং ‘প্রচেষ্টা’ বড়। একটি ছোট চকলেট বা রাস্তার ধারের একগুচ্ছ ফুলও তাঁদের বুঝিয়ে দেয় যে আপনি তাঁর কথা ভাবছেন। বিশেষ দিনের অপেক্ষা না করে হুটহাট ছোটখাটো কিছু উপহার দিন; যা তাঁর পছন্দ বা শখের সঙ্গে মিলে যায়।
শারীরিক স্পর্শ
ভালোবাসার এই ভাষা শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি নির্ভর করে নিরাপদ ও আরামদায়ক স্পর্শের ওপর। হাত ধরা, জড়িয়ে ধরা বা স্রেফ কাঁধে হাত রাখা। এই ছোট ছোট ছোঁয়া তাঁদের অনেক বেশি সুরক্ষিত ও প্রিয় অনুভব করায়। কথা বলার সময় হাত ধরুন, বিদায় নেওয়ার সময় আলিঙ্গন করুন। আপনার স্পর্শই সঙ্গীকে নিঃশব্দে বলে দেবে যে আপনি তাঁর পাশেই আছেন।
কেন লাভ ল্যাঙ্গুয়েজ জানা জরুরি
অনেক সময় দেখা যায়, আমরা সঙ্গীর জন্য অনেক কিছু করছি, কিন্তু তিনি তা অনুভব করছেন না। এর কারণ হয়তো আপনি আপনার ভাষায় ভালোবাসা দিচ্ছেন, কিন্তু তিনি তা তাঁর ভাষায় গ্রহণ করতে পারছেন না। যেমন আপনি হয়তো দামি উপহার দিচ্ছেন। কিন্তু আপনার সঙ্গী আসলে চাচ্ছেন আপনার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে। তাই সম্পর্কের রসায়ন ঠিক রাখতে একে অপরের ‘লাভ ল্যাঙ্গুয়েজ’ জানা অত্যন্ত প্রয়োজন। এটি জানলে ভুল-বোঝাবুঝি কমে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ে।
সূত্র: হেলথ লাইন ও অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে রাঙামাটিয়া গ্রাম। এখানে ঢুকতেই চোখে পড়ে মাটির ঘরের সারি। তবে এসব ঘর আর দশটি গ্রামের মতো সাদামাটা নয়। কোনো দেয়ালে শিকারি জীবনের দৃশ্য, কোথাও সাঁওতাল তরুণ-তরুণীর নাচ-গান...
৪ ঘণ্টা আগে
ঘুম পৃথিবীর সব মানুষের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ঘুমানোর ধরন সব দেশে, সব সংস্কৃতিতে এক নয়। কোনো দেশে শিশুকে শীতের মধ্যেও বাইরে ঘুম পাড়ানো হয়, আবার কোথাও স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমালেও ব্যবহার করেন আলাদা কম্বল। দেশ, আবহাওয়া, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে বদলে যায় ঘুমের অভ্যাসও।...
৪ ঘণ্টা আগে
সিলেট ভ্রমণের আনন্দ শুরু হয় ট্রেন বা বাসে ওঠার পর থেকে। গন্তব্যে পৌঁছানোর আগে বাস বা ট্রেনের জানালা দিয়ে দেখা দুই পাশের সবুজ চা-বাগান, সারি সারি গাছ, নদী-খাল আর দিগন্তজোড়া সবুজের সমারোহ—সব মিলিয়ে এই যাত্রা হতে পারে স্মরণীয়।
৫ ঘণ্টা আগে
সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে জলরাশি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুহূর্তে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। বলছি খাগড়াছড়ির কথা।
৬ ঘণ্টা আগে