Ajker Patrika

জাপানের খাদ্য অপচয় রোধ ও ইকো-ফিড বিপ্লব

ফিচার ডেস্ক
জাপানের খাদ্য অপচয় রোধ ও ইকো-ফিড বিপ্লব
ছবি: সংগৃহীত

জাপান ছোট ও পাহাড়ি দেশ। আর এই ধরনের দেশের মূল সমস্যা হলো খাদ্য স্বয়ংসম্পূর্ণতা। এদিক থেকে বরাবরই দেশটি বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। দেশটি তাদের প্রায় দুই-তৃতীয়াংশ খাদ্য এবং তিন-চতুর্থাংশ পশুখাদ্য বিদেশ থেকে আমদানি করে। অথচ প্রতি বছর দেশটিতে প্রায় ২৮.৪ মিলিয়ন টন খাবার অপচয় হয়, যার একটি বড় অংশই খাওয়ার উপযোগী। এই অপচয়ের পেছনে পরিবেশগত ও অর্থনৈতিক উভয় খরচই অনেক বেশি। প্রতি বছর বর্জ্য পোড়ানোর (ইনসিনারেশন) পেছনে জাপান সরকারের হাজার হাজার কোটি ইয়েন খরচ হয়, যা থেকে তৈরি হয় মারাত্মক বায়ুদূষণ ও গ্রিনহাউস গ্যাস।

সমস্যা সমাধানে এক ভেটেরিনারি চিকিৎসক

এই সমস্যার স্থায়ী সমাধানে জাপান বহু বছর ধরে কাজে লাগাচ্ছে তাদের শতবর্ষী ঐতিহ্য—ফার্মেন্টেশন বা গাঁজন পদ্ধতি। জাপানে প্রায় ৫ হাজার বছর আগের জোমোন যুগ থেকে ফলমূল সংরক্ষণে গাঁজন প্রক্রিয়ার ব্যবহার হয়ে আসছে। সময়ের পরিক্রমায় মাইক্রোবস বা জীবাণুগুলোকে শত্রু না ভেবে ‘সহযোগী’ হিসেবে দেখার এক অনন্য সংস্কৃতি গড়ে উঠেছে দেশটিতে। ১৯শ শতক থেকেই জাপান সরকার সাকে তৈরি বা সয়া সস তৈরির মতো প্রাচীন পদ্ধতিগুলোকে আধুনিক শিল্পে রূপ দিতে গবেষণা শুরু করে। এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করেই কোইচি তাকাহাসি নামের এক সাবেক ভেটেরিনারি চিকিৎসক প্রতিষ্ঠা করেন ‘জাপান ফুড ইকোলজি সেন্টার’।

কীভাবে হলো অপচয় রোধ

তাকাহাসির মূল লক্ষ্য ছিল খাদ্য অপচয় রোধ করে এটিকে বৃত্তাকার অর্থনীতি বা ‘সার্কুলার ইকোনমি’র আওতায় আনা। অতীতে কাঁচা খাবার সরাসরি খামারে পাঠানো কঠিন ছিল। কারণ খাবারে পানির পরিমাণ বেশি থাকায় তা দ্রুত পচে যেত। আবার পানি শুকাতে গেলে অতিরিক্ত শক্তি খরচ হতো, যা বর্জ্য পোড়ানোর সমতুল্য। এই সমস্যা সমাধানে তাকাহাসি জাপানের প্রাচীন গাঁজন বা ফারমেন্টেশন প্রযুক্তির শরণাপন্ন হন।

ইকো-ফিড তৈরি

সরকার, বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রতিষ্ঠানের গবেষকদের নিয়ে দীর্ঘ ট্রায়াল ও ভুলের মধ্য দিয়ে তিনি ল্যাকটিক অ্যাসিড ফারমেন্টেশনের মাধ্যমে শূকরের জন্য একটি তরল খাদ্য বা ‘ইকো-ফিড’ তৈরি করেন। এই খাবারে পিএইচ মাত্রা ৪.০-এ নামিয়ে আনা হয়। যার ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না এবং কোনো রেফ্রিজারেশন ছাড়াই খাবারটি ১০ দিন পর্যন্ত ভালো থাকে। দেখতে হালকা ও ঘোলাটে এই ইকো-ফিডের স্বাদ টক দইয়ের মতো। মজার বিষয় হলো, সাধারণ আমদানি করা খাবারের তুলনায় এই ইকো-ফিড তৈরিতে ৭০ শতাংশ কম গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।

বর্তমানে জাপানের সাগামিহারা শহরে অবস্থিত এই সেন্টারটিতে প্রতিদিন সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর এবং কনভেনিয়েন্স স্টোরের উৎপাদিত প্রায় ৪০ টন খাদ্য অপচয় প্রক্রিয়াজাত করা হয়। গিওজা স্কিন, ভাত, বাঁধাকপি, পাউরুটি, ফলের খোসা ও ছানার পানির মতো উপাদানগুলো নির্দিষ্ট ক্যালোরি ও পুষ্টির মাপে মিশিয়ে এই ফিড তৈরি করা হয়। এই ইকো-ফিড খামারিদের কাছে প্রচলিত ফিডের অর্ধেক দামে বিক্রি হয় এবং শূকরের বয়স ও চাহিদা অনুযায়ী এতে লাইসিন বা অ্যামিনো অ্যাসিড বাড়িয়ে মাংসের মানও নিয়ন্ত্রণ করা যায়।

সবচেয়ে বড় কথা হলো, সমাজ বদলানোর তাগিদে তাকাহাসি এই প্রযুক্তির কোনো পেটেন্ট নেননি, যাতে অন্যরা এটি অনুকরণ করতে পারে। জাপানের বহু বছরের এই গাঁজন বিজ্ঞানের সঠিক প্রয়োগ আজ প্রমাণ করেছে যে, পরিবেশবান্ধব ও টেকসই উদ্যোগের মাধ্যমেও লাভজনক ব্যবসা পরিচালনা করা সম্ভব।

সূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত