
সকালবেলার নাশতা হতে হবে মনের মতো—পৃথিবীর সব দেশের মানুষই এটি চায়। ফলে পৃথিবীময় টেবিলে তৈরি হয় বৈচিত্র্য। সকালের নাশতা মানেই তাই কারও কাছে রুটি-মাখন, কারও কাছে ডিম-টোস্ট, আবার কারও কাছে ভাত কিংবা নুডলস। এক দেশের মানুষের কাছে যে খাবার একেবারেই স্বাভাবিক, অন্য দেশের মানুষের কাছে সেটিই হয়ে উঠতে পারে বেশ অচেনা বা বিস্ময়কর। পৃথিবীর নানা প্রান্তে তাই সকালের খাবারের তালিকায় রয়েছে এমন কিছু পদ, যেগুলোর উপকরণ ও পরিবেশন আমাদের পরিচিত নাশতার ধারণা থেকে বেশ আলাদা। কোথাও রুটির ওপর ছড়ানো হয় মিষ্টি দানা, কোথাও সকালে খাওয়া হয় মাছ আবার কোথাও গরম স্যুপে থাকে গরুর পাকস্থলী। এমনই পাঁচ দেশের ভিন্নধর্মী সকালের নাশতার গল্প থাকছে এখানে।
সকালে রুটির ওপর চকলেটের দানা ছড়িয়ে খাওয়ার কথা শুনলে অনেকের মনে হতে পারে, এটি বুঝি শিশুদের কোনো মিষ্টি খাবার। কিন্তু নেদারল্যান্ডসে এটি বেশ পরিচিত সকালের নাশতা। রুটি বা পাউরুটিতে প্রথমে মাখন লাগিয়ে তার ওপর ছড়িয়ে দেওয়া হয় ছোট ছোট মিষ্টি দানা। এই খাবারের নাম হাখেলস্লাখ। চকলেট ছাড়াও ফল ও ভ্যানিলার স্বাদের দানাও পাওয়া যায়। সাধারণত এক টুকরো রুটির ওপর মাখনের স্তর দিয়ে তার ওপর দানা ছড়িয়ে পরিবেশন করা হয়। দেখতে অনেকটা মিষ্টান্নের মতো হলেও ডাচদের সকালের টেবিলে এটি বেশ স্বাভাবিক খাবার।

জ্যামাইকার জাতীয় খাবারগুলোর একটি অ্যাকি অ্যান্ড সল্টফিশ। সকালের নাশতায় ফল ও মাছের এমন সংমিশ্রণ অনেকের কাছে অচেনা লাগতে পারে। অ্যাকি জ্যামাইকার জাতীয় ফল। এটি দেখতে যেমন আলাদা, তেমনি খাওয়ার ক্ষেত্রেও কিছু সতর্কতা প্রয়োজন। ফলটি স্বাভাবিকভাবে পেকে খাওয়ার উপযোগী হওয়ার পরই খেতে হবে। অপরিপক্ব অ্যাকিতে থাকে হাইপোগ্লাইসিন নামের বিষাক্ত উপাদান। এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এটি প্রস্তুত ও রান্নার ক্ষেত্রে সতর্কতা জরুরি। জ্যামাইকার মানুষের কাছে অবশ্য অ্যাকি ও লবণাক্ত মাছের এই পদ দীর্ঘদিনের পরিচিত সকালের খাবার।
সকালে গরম স্যুপ খাওয়া অনেকের কাছেই স্বাভাবিক বিষয়। কিন্তু সেই স্যুপের প্রধান উপাদান যদি হয় গরুর পাকস্থলী, তাহলে বিষয়টি বেশ চমকপ্রদ হয়ে ওঠে। মেক্সিকোর ঐতিহ্যবাহী মেনুডো এমনই একটি খাবার, যেটি খাওয়া হয় সকালবেলা। গরুর পাকস্থলীর বিশেষ অংশ দিয়ে তৈরি এই স্যুপে মরিচ, মসলা এবং অন্যান্য উপাদান ব্যবহার করা হয়। কোথাও কোথাও গরুর মাথা ও পায়ের অংশও এতে যোগ করা হয়। মেক্সিকোতে মেনুডো শুধু খাবার নয়, খাদ্যসংস্কৃতির অংশ। বিশেষ করে রাতের অতিরিক্ত পানাহারের পর সকালে এটি খেলে শরীর চাঙা হয়—এমন বিশ্বাসও প্রচলিত আছে দেশটিতে। তবে এর মূল ধারণার সঙ্গে আরেকটি বিষয় জড়িয়ে আছে, প্রাণীর যতটা সম্ভব অংশ কাজে লাগানো। ফলে যে উপাদানগুলো অন্য অনেক খাবারে ব্যবহার করা হয় না, সেগুলো দিয়েও তৈরি হয় জনপ্রিয় এই পদ।

সকালের টেবিলে মাছ, স্যুপ ও টোফু, জাপান
পশ্চিমা খাদ্যসংস্কৃতিতে মাছ সাধারণত দুপুর বা রাতের খাবারের সঙ্গে বেশি খাওয়া হয়। কিন্তু জাপানের ঐতিহ্যবাহী সকালের নাশতার চিত্র বেশ আলাদা। সেখানে সকালে গ্রিল করা মাছ, বিশেষ করে স্যামন, মিসো স্যুপ, টোফু ও বিভিন্ন ধরনের আচার পরিবেশন করা হতে পারে। সঙ্গে থাকতে পারে অমলেট বা অন্যান্য হালকা পদ। মিসো স্যুপ তৈরি হয় মূলত সয়াবিনভিত্তিক মিসো, ঝোল ও বিভিন্ন সবজি বা অন্যান্য উপাদান দিয়ে। আর মাছ থেকে পাওয়া যায় প্রোটিন, বিভিন্ন ভিটামিন ও খনিজ। আমাদের কাছে সকালের টেবিলে মাছ বা স্যুপ কিছুটা অচেনা মনে হলেও জাপানে এটি বহুদিনের পরিচিত খাদ্যাভ্যাস।
সকালের নাশতায় অনেকে স্মুদি কিংবা এক কাপ চা বা কফি অথবা ফলের জুস বেছে নেন। তবে ডমিনিকান প্রজাতন্ত্রের কিছু মানুষ দিন শুরু করেন মরির সোনিয়ান্দো দিয়ে। স্প্যানিশ ভাষায় এর অর্থ ‘স্বপ্ন দেখতে দেখতে মারা যাওয়া’। নামের মতোই রোমান্টিক এই পানীয় তৈরি হয় ঘনীভূত দুধ ও কমলার রস মিশিয়ে। এটি দেশটির ‘গ্রীষ্মকালের আনুষ্ঠানিক পানীয়’ হিসেবে পরিচিত।
ভ্যানিলা ও চিনি দিয়ে স্বাদ বাড়ানো এই পানীয় খেতে অনেকটা ক্রিমসিকল আইসক্রিমের মতো—যেখানে কমলার স্বাদের সঙ্গে মিশে থাকে ক্রিমের মিষ্টি স্বাদ।
সূত্র: অ্যাটলাস অবস্কিউরা ডট কম ও অন্যান্য

সিলেট ভ্রমণের আনন্দ শুরু হয় ট্রেন বা বাসে ওঠার পর থেকে। গন্তব্যে পৌঁছানোর আগে বাস বা ট্রেনের জানালা দিয়ে দেখা দুই পাশের সবুজ চা-বাগান, সারি সারি গাছ, নদী-খাল আর দিগন্তজোড়া সবুজের সমারোহ—সব মিলিয়ে এই যাত্রা হতে পারে স্মরণীয়।
১ ঘণ্টা আগে
সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে জলরাশি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুহূর্তে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। বলছি খাগড়াছড়ির কথা।
২ ঘণ্টা আগে
‘কনডে নেস্ট ট্রাভেলার’ ২০২৬-এর রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা শহরের মুকুট অর্জন করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ১০০-এর মধ্যে ৯৭ দশমিক ৬৮ নম্বর পেয়ে প্যারিস, ইস্তাম্বুল ও টোকিওর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে শহরটি।
২ ঘণ্টা আগে
একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
১৬ ঘণ্টা আগে