
আধুনিক যুগে সমুদ্রসৈকতে যাওয়া মানেই রোদচশমা, বিকিনি আর খোলা হাওয়ায় হইচই। তবে ইতালি উপকূলের এক বিশেষ সৈকতে নামলে আপনার চোখ ছানাবড়া হতে বাধ্য। কারণ, সেখানে সমুদ্র আর বালুকাবেলার মাঝখানে দাঁড়িয়ে আছে ১০ ফুট উঁচু এক সাদা পাকা দেয়াল। এক পাশে শুধু নারীদের রাজ্য, অন্য পাশে পুরুষদের। ইউরোপের একমাত্র লিঙ্গ-পৃথক করা এই বিখ্যাত সমুদ্রসৈকতের নাম ‘লা ল্যানতার্না’। তবে স্থানীয় মানুষ একে ভালোবেসে ডাকেন ‘এল পেদোচিন’ নামে। ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর শহর ত্রিয়েস্তের কেন্দ্রস্থলে অবস্থিত এই সৈকত। এটি এক শতকের বেশি সময় ধরে নিজের এই স্বতন্ত্র ঐতিহ্য সগৌরবে টিকিয়ে রেখেছে। মাত্র ১ দশমিক ২০ ইউরো (প্রায় ১ দশমিক ৪০ ডলার) এন্ট্রি ফি দিয়ে ভেতরের করিডর পার হলেই শুরু হয় দুই আলাদা জগৎ।
‘এল পেদোচিন’-এ প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। নারীদের অংশে দেখা যায় বিভিন্ন বয়সীদের। তাদের কারও হাতে বই, কেউ সন্তানদের সঙ্গে খেলছেন। সেখানে যেমন রোদচশমা পরে রোদ পোহানো তরুণীদের দেখা যায়, তেমনই ছোট শিশুদের নিয়ে আসা মায়েরাও থাকেন। শহরের কেন্দ্রস্থলের কাছে হওয়ায় দুপুরের কাজের ফাঁকে একটু সাঁতার কেটে নিতে আসেন অনেক চাকরিজীবী নারীও। অন্যদিকে, দেয়ালের ওপাশে পুরুষদের অংশে চলে বয়স্কদের তাস খেলা। অনেকে আড্ডায় মেতে ওঠেন। আবার বন্দরকর্মীদের জিরিয়ে নেওয়ার দৃশ্যও চোখে পড়ে। উভয় পক্ষ যদি একসঙ্গে সৈকতে আসেন, তাহলে প্রবেশের পরই বিচ্ছেদ। তাদের আবার দেখা হবে সাগরের পানিতে। সৈকতের তীর থেকে সাঁতরে প্রাক্-সীমানা পার হলে তবেই খোলা পানিতে নারী-পুরুষের এক ছাদের নিচে সাক্ষাতের অনুমতি মেলে।
প্রথম দর্শনে বাইরের পর্যটকদের কাছে এটিকে মধ্যযুগীয় বা অদ্ভুত মনে হতে পারে। একবার মিলান থেকে আসা এক পর্যটক দম্পতি তো ক্ষোভ প্রকাশ করে রিফান্ডই চেয়ে বসেছিলেন। কিন্তু স্থানীয়দের কাছে এই দেয়াল কোনো শৃঙ্খল নয়। তাদের কাছে এই দেয়াল পূর্ণ স্বাধীনতার প্রতীক। নারী দর্শনার্থীদের মতে, এখানে কোনো পুরুষ চোখ বা জাজমেন্টের ভয় নেই। মেকআপ না করা, হাত-পায়ের লোম পরিষ্কার না থাকা কিংবা শরীর নিয়ে কোনো ইতস্তত বোধ ছাড়াই সম্পূর্ণ চাপমুক্তভাবে রোদ পোহানো যায়। ইচ্ছেমতো টপলেস হওয়া বা বিকিনি পরার ব্যাপারে শতভাগ স্বাধীনতা পাওয়া যায়। স্থানীয় লেখক নিকোল ব্রুসাফেরোর মতে, ‘এটি কোনো বৈষম্য নয়, এটি নারীদের নিজস্ব এক মুক্তাঞ্চল।’

১৯০৩ সালের দিকে এই সৈকত চালু হয়। তখন ত্রিয়েস্তে শহরটি অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে ছিল। তৎকালীন অস্ট্রীয় আইনে শালীনতা বজায় রাখতে এই দেয়ালের গোড়াপত্তন। ‘পেদোচিন’ শব্দের অর্থ ‘উকুন’। লোককথা অনুযায়ী, একসময় অস্ট্রীয় সৈন্যরা নাকি এখানে এসে নিজেদের ঘোড়ার গায়ের পোকামাকড় পরিষ্কার করতেন। পরে ১৯৫৮ সালে নারীদের ভিড় বেশি হওয়ায় তাদের জন্য জায়গা বাড়িয়ে দেয়ালটি পুনর্নির্মাণ করা হয়। ইতিহাসবিদদের মতে, তৎকালীন ত্রিয়েস্তে শহরে নারীদের শিক্ষা ও স্বাধীনতার হার অনেক বেশি ছিল। ফলে নারীরা এই সৈকতকে নিজেদের অধিকার ও ক্ষমতায়নের প্রতীক হিসেবেই গ্রহণ করেছিলেন।
আজকের ইতালির অন্যান্য সৈকত পর্যটকদের ভিড় আর শোরগোলে মত্ত। সেখানে পেদোচিনে বিরাজ করে এক অদ্ভুত প্রশান্তি। আপনি চাইলে সস্তা বারে বসে কফি খেতে পারেন কিংবা প্রতিবেশীর সঙ্গে খোশগল্পে মেতে উঠতে পারেন। মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কখনো কি এই দেয়াল তুলে দেওয়ার চেষ্টা হয়নি? এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর ও বাসিন্দারা একবাক্যে জানান, এই দেয়াল সরানোর কথা ভাবাও পাপ। আধুনিকতা আর ঐতিহ্যের এই অপূর্ব মেলবন্ধনই এল পেদোচিনকে অনন্য করে রেখেছে। বাইরের মানুষের কাছে যা-ই হোক না কেন, ত্রিয়েস্তের বাসিন্দাদের কাছে এই সাদা দেয়াল বৈষম্যের নয়, বরং মুক্ত বাতাসের ও পরম শান্তির এক বিশ্বস্ত ঠিকানা।
সূত্র: সিএনএন, দ্য আই নিউজপেপার

বিশ্বের বুকে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ুর এক রূপকথার নাম জাপান। পৃথিবীর বেশির ভাগ দেশে ষাট কিংবা সত্তর পেরোলেই বার্ধক্যের ছাপ আর নানান রোগ মানুষকে কাবু করে ফেলে। কিন্তু সূর্যোদয়ের দেশ জাপানে ১০০ বছর বয়স পেরিয়ে যাওয়াটাও এখন যেন এক নিয়মিত উদ্যাপনের গল্প।
৪ ঘণ্টা আগে
কাজের প্রয়োজনে দিনের একটি বড় অংশ আমাদের অফিসে কাটাতে হয়। সহকর্মীদের সঙ্গে প্রতিদিন মেলামেশা করতে করতে স্বাভাবিকভাবেই তাঁদের সঙ্গে একধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
৬ ঘণ্টা আগে
সাধারণত ২৫ বছর বয়সের পর থেকেই প্রতিবছর শরীর প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদন একটু একটু করে কমিয়ে দেয়। এ ছাড়া অতিরিক্ত রোদ, স্ট্রেস এবং অনিয়মিত জীবনযাত্রার কারণেও ত্বকে কোলাজেনের ঘাটতি দেখা দিতে পারে। ত্বকে কোলাজেনের অভাব দেখা দিলে শরীর নিজেই কিছু বাহ্যিক সংকেত দিতে শুরু করে। কয়েকটি লক্ষণ দেখা দিলে...
৮ ঘণ্টা আগে
ইলিশের নানা পদই তো আমরা রান্না করি। এবার রেঁধে দেখুন ইলিশের ঝাল। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। গাটি কচু ৩০০ গ্রাম, বেগুন ২০০ গ্রাম, ইলিশ মাছ ৪ টুকরা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, কাঁচা মরিচ ফালি ৫...
১০ ঘণ্টা আগে