Ajker Patrika

৫১তম বিশেষ বিসিএস: চিকিৎসকদের প্রস্তুতি যেমন হবে

৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর। হাতে সময় খুবই কম। এই অল্প সময়ে কীভাবে গুছিয়ে নেবেন প্রস্তুতি? সঠিক পরিকল্পনা, সুশৃঙ্খল প্রস্তুতি এবং একাগ্র পরিশ্রমই এনে দিতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। বিশেষ করে লিখিত পরীক্ষার চাপ না থাকায় স্পেশাল বিসিএস চিকিৎসকদের সামনে এটি বড় সুযোগ। প্রস্তুতির খুঁটিনাটি জানিয়েছেন ৪১তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকারী

ডা. মো. শাহাদাত হোসাইন সরকার।

ডা. মো. শাহাদাত হোসাইন সরকার
৫১তম বিশেষ বিসিএস: চিকিৎসকদের প্রস্তুতি যেমন হবে

প্রস্তুতির শুরু

প্রথমে সিলেবাস ভালোভাবে দেখে নিন। বিগত তিনটি স্পেশাল বিসিএস (৩৯তম, ৪২তম ও ৪৮তম) এবং সর্বশেষ পাঁচটি বিসিএসের (৪৬তম থেকে ৫০তম) প্রশ্ন কয়েকবার পড়ুন। এতে তিনটি বিষয় পরিষ্কার হবে—আপনার দুর্বলতা কোথায়, কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে এবং কোন অধ্যায় অল্প পড়ে বেশি নম্বর পাওয়া সম্ভব। এসব অধ্যায় আলাদা চিহ্নিত করুন। সংগ্রহে রাখুন একটি বিসিএস প্রশ্নব্যাংক এবং যেকোনো একটি সিরিজের বই। একাধিক সিরিজ অনুসরণ করলে বিভ্রান্তি বাড়ে, রিভিশনও কঠিন হয়ে পড়ে।

বাংলা ভাষা ও সাহিত্য

সাহিত্য: চর্যাপদ ও মধ্যযুগ ভালোভাবে পড়ুন। আধুনিক যুগে কাজী নজরুল ইসলাম, জসীমউদ্‌দীন, শামসুর রাহমান ও বেগম রোকেয়াকে বিশেষ গুরুত্ব দিন। তাঁদের গ্রন্থ, উপাধি, জন্মস্থান ও ছদ্মনাম থেকে প্রশ্ন আসে। বাকি অংশ সময়ের সঙ্গে মিলিয়ে পড়ুন।

ব্যাকরণ: বিগত বিসিএসের প্রশ্ন সমাধান করুন। যেসব টপিকে ভুল হবে, সেগুলো ব্যাখ্যাসহ বুঝে পড়ুন। শুধু উত্তর মুখস্থ করলে চলবে না, যদি প্রশ্ন ঘুরিয়ে আসে, তাহলে সমস্যায় পড়তে পারেন। পরিভাষা, সমার্থক ও বিপরীত শব্দ, বাগধারা এবং এককথায় প্রকাশ মূলত স্মৃতিনির্ভর। তাই এসব বিষয়ে আলাদা করে বেশি সময় না দিয়ে বিগত প্রশ্নের তালিকা ভালোভাবে আয়ত্ত করুন।

ইংরেজি ভাষা ও সাহিত্য

সাহিত্য: কাল, বিভাগ ও প্রধান লেখকদের সম্পর্কে ধারণা রাখুন। যেসব উক্তি বারবার পরীক্ষায় আসে, সেগুলো আলাদা তালিকায় লিখে নিয়মিত রিভিশন দিন।

গ্রামার: Parts of Speech থেকে প্রচুর প্রশ্ন আসে। তাই Noun, Pronoun, Adjective, Adverb, Gerund ও Participle ভালোভাবে পড়ুন। এরপর Voice, Narration, Transformation of Sentences, Right Form of Verbs ও Correction-এর নিয়মগুলো অনুশীলন করুন। এসব অংশ থেকে প্রায় এক-তৃতীয়াংশ প্রশ্ন পাওয়া যায়।

ভোকাবুলারি: এই অংশ মূলত স্মৃতিনির্ভর। বিগত বিসিএসের প্রশ্নগুলো ভালোভাবে পড়ুন। একই শব্দ ও অর্থ ঘুরেফিরে আসে। Synonyms, Antonyms, Idioms and Phrases ও One-word Substitution আলাদা করে নোট করুন। প্রতিদিন নির্দিষ্টসংখ্যক শব্দ শিখুন। নিয়মিত রিভিশন দিলে এই অংশে ভালো নম্বর পাওয়া সম্ভব।

বাংলাদেশ বিষয়াবলি

এ বিষয়ে কম পড়েই বেশি নম্বর পাওয়া যায়। শুরুতে শেষ করুন সংবিধানের মৌলিক অধিকার ও মূলনীতি, অর্থনীতি, শিল্প, সম্পদ, উপজাতি ও কৃষি। এরপর ইতিহাস এবং অন্য বিষয়ে মনোযোগ দিন। এতে অল্প সময়ে সিলেবাসের একটি বড় অংশ প্রস্তুত হয়ে যাবে।

আন্তর্জাতিক বিষয়াবলি

আন্তর্জাতিক বিষয়াবলিতে জাতিসংঘ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সংগঠন; যেমন সার্ক, বিমসটেক, আসিয়ান ও বিশ্বব্যাংক সম্পর্কে পড়ুন। পরিবেশ অংশে কপ৩১ সম্মেলন, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং সংশ্লিষ্ট সংস্থার বিষয়গুলো দেখে নিন। সাম্প্রতিক বিষয়াবলিতে অতিরিক্ত সময় ব্যয় না করে নির্বাচিত বিষয়গুলোয় প্রস্তুতি নিন।

গণিত ও মানসিক দক্ষতা

গণিতে নিয়মিত যেসব টপিক থেকে প্রশ্ন আসে, সেগুলো হলো লসাগু-গসাগু, ধারা, লগারিদম, বীজগাণিতিক রাশি, সেট, সরলরেখা ও ত্রিভুজ। এসব অধ্যায় ভালোভাবে অনুশীলন করুন।

মানসিক দক্ষতায় বিগত ১০টি বিসিএসের প্রশ্ন সমাধান করুন। এতে প্রশ্নের ধরন ও নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে। অনেক চিকিৎসক এই অংশে তুলনামূলক দুর্বল থাকেন। তাই এখানে ভালো প্রস্তুতি নিতে পারলে অন্যদের চেয়ে এগিয়ে থাকার সুযোগ তৈরি হবে।

মেডিকেল অংশ

মেডিকেল অংশে প্রায় সবাই কমবেশি আত্মবিশ্বাসী থাকেন। তবে পরিকল্পনাহীন অতিরিক্ত পরিশ্রমও ব্যর্থতার কারণ হতে পারে। তাই পড়তে হবে বুঝেশুনে, বেছে বেছে।

যেসব বিষয়ে জোর দেবেন: অ্যানাটমি বা অঙ্গসংস্থানবিদ্যা, ফিজিওলজি বা শারীরবিদ্যা, মেডিসিন, সার্জারি বা শল্যচিকিৎসা এবং গাইনি ও অবসটেট্রিকস।

যেভাবে পড়বেন: প্রিলিমিনারি পরীক্ষা একক উত্তরভিত্তিক। তাই শুধু মুখস্থ না করে প্রতিটি বিষয়ের মূল ধারণা পরিষ্কার করুন। রোগের কারণ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা রাখুন।

জাতীয় স্বাস্থ্য ইস্যু: ইপিআই, যক্ষ্মা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডেঙ্গু ও রক্তদান বিষয়ে প্রস্তুতি নিন।

যেসব টপিক থেকে একাধিক প্রশ্ন আসে: শক, কোয়াগুলেশন, অ্যানিমিয়া, হেপাটাইটিস, অ্যাসিড-বেস ব্যালান্স, নার্ভ সাপ্লাই, ভিটামিন, লেবার ও থাইরয়েড ডিজিজ বিস্তারিত পড়ুন। পাশাপাশি সাম্প্রতিক প্রুফের প্রশ্ন এবং নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন সমাধান করলেও উপকার পাবেন।

পরীক্ষা, অনুশীলন ও সুস্থতা

পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য নিজের তৈরি ছোট ছোট নোট সবচেয়ে বেশি কাজে আসবে। সাফল্য নির্ভর করবে পড়াশোনা গুছিয়ে নেওয়া, নিয়মিত রিভিশন, পরীক্ষা অনুশীলন ও সময় ব্যবস্থাপনার ওপর। ওএমআর ফরমে নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস করুন। এতে নির্ধারিত সময়ে উত্তর দেওয়ার দক্ষতা বাড়বে, কমবে পরীক্ষার ভয়। পাশাপাশি প্রস্তুতির পুরো সময়ে নিজের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখুন।

মনে রাখবেন, শেষ সময়ে সবকিছু পড়ার চেয়ে বাছাই করা বিষয়গুলো বারবার পড়া বেশি কার্যকর। পরিকল্পিত প্রস্তুতি, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে রাখবে। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত