Ajker Patrika

স্বপ্নে নিজের বিয়ে দেখলে কী হয়? ইসলামের ব্যাখ্যা কী?

ইসলাম ডেস্ক
স্বপ্নে নিজের বিয়ে দেখলে কী হয়? ইসলামের ব্যাখ্যা কী?
নারী-পুরুষের জৈবিক চাওয়া পূর্ণ করার হালাল পদ্ধতি হলো বিয়ে। ছবি: সংগৃহীত

ঘুমানোর পর মানুষ নানাবিধ স্বপ্ন দেখে থাকে। তবে স্বপ্নে নিজেকে নতুন বর বা কনের সাজে দেখলে কিংবা নিজের বিয়ে হতে দেখলে মনে নানা কৌতূহল ও নানা প্রশ্ন জাগা স্বাভাবিক। ইসলামের দৃষ্টিতে স্বপ্নে নিজের বিয়ে দেখলে এর ব্যাখ্যা বা তাবির কী হতে পারে?

স্বপ্নের প্রকারভেদ: ইসলাম কী বলে?

বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) স্বপ্নের শ্রেণিবিভাগ সম্পর্কে বলেন—মানুষ মূলত দুই ধরনের স্বপ্ন দেখে:

  • ১. সত্য স্বপ্ন: এটি প্রধানত নবী-রাসুল এবং তাঁদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন, যা রবের পক্ষ থেকে সুসংবাদ বা সত্য সংকেত।
  • ২. অসত্য বা মিশ্র স্বপ্ন: এটি কোনো ব্যাপারে সতর্কবার্তা বা শয়তানের প্ররোচনা। শয়তান অনেক সময় মানুষকে ভয় বা চিন্তায় ফেলতে অর্থহীন ও কাল্পনিক দৃশ্য দেখায়। (ফাতহুল বারি: ১২ / ৩৫২)

হাদিস শরিফে আরও এসেছে, ভালো ও পছন্দনীয় স্বপ্ন দেখলে মহান আল্লাহর প্রশংসা আদায় করা এবং তা কেবল ভালোবাসার মানুষের কাছে বলা উচিত। পক্ষান্তরে, অপছন্দনীয় বা মন্দ স্বপ্ন দেখলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে ৩ বার ‘আউজু বিল্লাহ...’ পড়া এবং কারও কাছে তা প্রকাশ না করাই উত্তম। (সহিহ বুখারি: ৬৫৮৪, সহিহ মুসলিম: ৫৮৬২)

স্বপ্নে নিজের বিয়ে দেখার তাবির বা ব্যাখ্যা

ব্যক্তিভেদে স্বপ্নে বিয়ে দেখার ব্যাখ্যা ও তাৎপর্য বিভিন্ন হতে পারে:

১. কোনো অবিবাহিত পুরুষ বা নারী যদি প্রতিনিয়ত বিয়ে করার কথা ভাবেন কিংবা বিয়ের প্রস্তুতি ও আকাঙ্ক্ষায় মশগুল থাকেন, তবে অবচেতন মনের চিন্তার প্রতিফলনে স্বপ্নে বিয়ে দেখাটা খুবই স্বাভাবিক। স্বপ্নের তিন প্রকারের এক প্রকার হলো নিজের অন্তরের কল্পনার প্রকাশ।

২. অবিবাহিত কেউ যদি স্বাভাবিক অবস্থায় স্বপ্নে নিজের বিয়ে দেখে, তবে অনেক ফুকাহায়ে কেরামের মতে এর অর্থ দাঁড়ায়—আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাঁর রিজিক বা আর্থিক অবস্থায় বরকত দেবেন এবং তিনি অতি দ্রুত সম্পদশালী বা সচ্ছল হয়ে উঠতে পারেন। এর আরেকটি ব্যাখ্যা হলো, আল্লাহর হুকুমে সে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে।

৩. কোনো বিবাহিত পুরুষ যদি স্বপ্নে দেখেন যে তিনি আবারও বিয়ে করছেন, তবে এর ব্যাখ্যামূলক অর্থ হলো—তার সামাজিক মর্যাদা ও সার্বিক অবস্থার উন্নতি ঘটবে। তার ব্যবসা-বাণিজ্য বা কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এবং বিশেষ করে নিজ বংশ বা পরিবার থেকে তিনি বিশেষ কল্যাণ ও সাহায্য লাভ করবেন।

৪. কোনো বিবাহিত নারী যদি স্বপ্নে নিজের দ্বিতীয় বিয়ে হতে দেখেন, তবে কিছু ব্যাখ্যাবিদদের মতে তিনি কারও পক্ষ থেকে কোনো অনিষ্ট বা ক্ষতির সম্মুখীন হতে পারেন। এমন স্বপ্ন দেখলে ভয় না পেয়ে কিছু সদকা করে দেওয়া উত্তম; কারণ সদকা বিপদ-আপদ দূর করে।

স্বপ্নের ব্যাখ্যা শোনার উপযুক্ত সময়

হাদিস গ্রন্থ উমদাতুল কারি ও ফাতহুল বারি-তে বর্ণিত রয়েছে, রাসুলুল্লাহ (সা.) সাধারণত ফজরের নামাজ আদায়ের পরপরই সাহাবিদের থেকে স্বপ্নের কথা শুনতেন এবং এর সঠিক ব্যাখ্যা তুলে ধরতেন।

কেউ যদি বিজ্ঞ আলেমের কাছ থেকে নিজের স্বপ্নের তাবির জানতে চান, তবে ফজর পরবর্তী সময়টিই সর্বোত্তম। কারণ এই সময়ে স্বপ্ন দেখার পর বেশি সময় অতিবাহিত না হওয়ায় বিস্তারিত তথ্য মনে থাকে এবং ব্যাখ্যায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত