নীতিসহায়তা পেলে বিশ্ববাজারে বড় অবস্থান গড়তে পারবে ওষুধশিল্প
-c523c7.jpg)
আমদানিনির্ভরতা কাটিয়ে ওষুধের স্থানীয় চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে দেশীয় প্রতিষ্ঠান। দেড় শতাধিক দেশে রপ্তানিও হচ্ছে বাংলাদেশের ওষুধ। তবে উৎপাদন ব্যয়, কাঁচামালের আমদানিনির্ভরতা, মূল্য ও মান বজায় রাখা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে প্রতিকূলতা রয়েছে। এসব নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মাদ শফিউল্লাহ।
আজকের পত্রিকা: ওষুধের স্থানীয় চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে দেশীয় প্রতিষ্ঠান। আমদানিকৃত ওই ২ শতাংশের মধ্যে কী ধরনের ওষুধ রয়েছে? বর্তমানে দেশীয় ওষুধের বাজারের আকার কত?
আব্দুল মুক্তাদির: বাংলাদেশের ওষুধের বাজারের আকার সাড়ে ৩ বিলিয়ন (৩৫০ কোটি) ডলারের কিছু বেশি। বছরে মাথাপিছু ওষুধের পেছনে ব্যয় ২ হাজার টাকারও কম। অর্থাৎ মাসে একজন মানুষ ওষুধের জন্য ২০০ টাকারও কম খরচ করেন। বিশ্বে মাথাপিছু ওষুধ ব্যবহারের পরিমাণ সম্ভবত বাংলাদেশেই সবচেয়ে কম। এই সীমিত ব্যয়ের মধ্যেও আমরা মানুষের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছি। অনেকে মনে করেন, দেশে ওষুধের দাম বেশি। অথচ বিশ্বের প্রায় সব দেশেই ওষুধের দাম বাংলাদেশের তুলনায় বেশি। প্রায় আট বছর ধরে দেশে ওষুধের দাম প্রায় অপরিবর্তিত। অথচ ডলারের দাম, মুদ্রাস্ফীতি, উৎপাদন ব্যয়সহ সংশ্লিষ্ট সব খরচ বেড়েছে। ভবিষ্যতে দাম সমন্বয়ের প্রয়োজন হলেও কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকায় দাম তুলনামূলক কম থাকবে। আমদানিনির্ভর ২ শতাংশ ওষুধের বেশির ভাগই ক্যানসার ও বিশেষায়িত ওষুধ। এর মধ্যে রক্ত ও রক্তরস থেকে তৈরি ওষুধও রয়েছে। বৈশ্বিক চাহিদা কম হওয়ায় কিছু ওষুধ দেশে উৎপাদন করা হয় না; সেগুলো আমদানি করতে হয়। কাঁচামালের আমদানিনির্ভরতা কমাতেও কাজ করছি। আশা করি, একসময় এ ক্ষেত্রেও ৯০ থেকে ৯৮ শতাংশ স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে।
আজকের পত্রিকা: গত কয়েক বছরে ডলারের দাম, কাঁচামাল, ঋণের সুদ ও জ্বালানির খরচ বেড়েছে। এতে উৎপাদন ব্যয় ও কোম্পানিগুলোর মুনাফায় কী প্রভাব পড়েছে? ছোট ও মাঝারি কোম্পানিগুলো কী ধরনের চাপে রয়েছে?
আব্দুল মুক্তাদির: সাত-আট বছর আগে যা বেতন ছিল তা এখন দ্বিগুণ হয়েছে। ডলারের দাম ৮০ টাকা থেকে বেড়ে ১২০-১২৫ টাকা হয়েছে। গ্যাস ও ডিজেলের দামও দ্বিগুণ হয়েছে। গ্যাসের সরবরাহ পর্যাপ্ত নয়। ব্যাংকঋণের সুদের হার ৭-৮ শতাংশ থেকে বেড়ে ১২-১৩ শতাংশ হয়েছে। বড় কোম্পানিগুলো তুলনামূলক কম সুদে ঋণ পেলেও ছোট প্রতিষ্ঠানগুলোকে বেশি সুদ দিতে হচ্ছে। গুণগত মান নিশ্চিত করার ব্যয়ও অনেক বেড়েছে। আগে শুধু চূড়ান্ত পণ্যের পরীক্ষা করা হতো, এখন উৎপাদনের প্রতিটি ধাপে পরীক্ষা করতে হয়। আগে মোট উৎপাদন ব্যয়ের যে অংশ মান নিয়ন্ত্রণে খরচ হতো, তা এখন কয়েক গুণ বেড়েছে। ব্যয় বৃদ্ধির চাপে শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে ৩৫টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আরও ৩০টি ধারাবাহিকভাবে লোকসান করছে। এ অবস্থার সমাধান জরুরি। তা না হলে অর্জিত অগ্রগতি কাজে লাগানোর সক্ষমতা হারাব আমরা। এই কোম্পানিগুলোই ওষুধশিল্পের সক্ষমতা তৈরি করেছে। এগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে ওষুধ রপ্তানির স্বপ্নও বাধাগ্রস্ত হবে।
আজকের পত্রিকা: ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) আমদানির ওপর বাংলাদেশ কতটা নির্ভরশীল? দেশে উৎপাদিত এপিআই চাহিদার কতটুকু পূরণ করছে? মুন্সিগঞ্জের এপিআই শিল্প পার্কে প্রত্যাশিত উৎপাদন শুরু না হওয়ার কারণ কী? এ ক্ষেত্রে সমিতির ভূমিকা কী?
আব্দুল মুক্তাদির: এপিআই শিল্প রাতারাতি গড়ে তোলা যায় না। প্রতিযোগিতামূলক দামে উৎপাদনের জন্য প্রতিটি মলিকিউলের পেছনে ৫ থেকে ১০ বছর গবেষণা করতে হয়। বিশ্ববাজারে টিকতে হলে কম খরচে পণ্য উৎপাদন জরুরি। আমরা এ নিয়ে দেড় দশক আগে গবেষণা শুরু করেছি। এখন পর্যন্ত মাত্র দুই থেকে চারটি এপিআই পণ্য বাজারে আনতে পেরেছি। অন্য কোম্পানিগুলোও কাজ করছে। দীর্ঘ প্রস্তুতির পর এখন বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম ১০ থেকে ১৫টি পণ্য তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এপিআই শিল্প পার্কের অপেক্ষায় না থেকে আমরা ধামরাইয়ে নিজস্ব অবকাঠামো ও কারখানা তৈরি করেছি। শিল্প পার্কে গ্যাস, বিদ্যুৎ ও প্রয়োজনীয় অবকাঠামোর সংকট রয়েছে। সেখানে তিন-চারটি কোম্পানি বিনিয়োগ করেও উৎপাদন শুরু করতে পারেনি। তাদের এখন ব্যাংকঋণের সুদ গুনতে হচ্ছে। এপিআই উৎপাদনে স্টিম বা বাষ্প প্রয়োজন, যা তৈরিতে গ্যাস লাগে। গ্যাস সংযোগের জন্য তিতাসকে বারবার অনুরোধ করেও সাড়া পাইনি। শেষ পর্যন্ত তারা জানিয়েছে, গ্যাস দিতে পারবে না। কবে দিতে পারবে, তারও নিশ্চয়তা নেই। আমরা সরকারকে ক্লিন কয়লা ব্যবহারের প্রস্তাব দিয়েছি। আগে দূষণের আশঙ্কায় কয়লাভিত্তিক উদ্যোগ নিরুৎসাহিত করা হতো। আমরা সরকারকে বুঝিয়েছি, প্রচলিত কয়লা ও ক্লিন কয়লা এক নয়। ক্লিন কয়লা ব্যবহার করে বাংলাদেশেও স্টিম তৈরি সম্ভব। সরকার এখন এ বিষয়ে সম্মতি দিয়েছে। এর ফলে এপিআই উৎপাদনের পথ তৈরি হবে। আশা করি, তিন থেকে পাঁচ বছরের মধ্যে এপিআই শিল্পে আমরা এগিয়ে যাব। বিশ্বের কোনো দেশই হয়তো ৯০ শতাংশ এপিআই উৎপাদন করে না। তবে বাংলাদেশ এপিআই উৎপাদন ও ব্যবহারে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় আসতে পারবে বলে আশা করছি।
আজকের পত্রিকা: ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশ ৩ হাজার ২৫০ কোটি টাকার ওষুধ রপ্তানি করেছে। রপ্তানির বড় অংশ কি এশিয়া ও আফ্রিকার বাজারে যাচ্ছে? ইউরোপ ও আমেরিকার মতো কঠোর নিয়ন্ত্রিত বাজারে রপ্তানি বাড়াতে প্রধান বাধা কী?
আব্দুল মুক্তাদির: আমরা সারা পৃথিবীতেই ওষুধ রপ্তানি করছি। উন্নয়নশীল দেশগুলোর বাজারে রপ্তানি বাড়ার গতি তুলনামূলক ধীর। কোনো দেশে এক বছর ১০ লাখ ডলারের ওষুধ রপ্তানি করলে পরের বছর তা ১২ লাখ ডলারে উন্নীত হলেই আমরা খুশি। অর্থাৎ প্রবৃদ্ধি ২০ শতাংশ। কিন্তু ইউরোপ ও আমেরিকার বাজারে এক বছর ১০ লাখ ডলারের রপ্তানি দিয়ে শুরু করলে পরের বছর তা এক ধাক্কায় ৫ কোটি ডলারে পৌঁছাতে পারে। আমরা সেদিকেই এগোচ্ছি। বাংলাদেশের ৮ থেকে ১০টি কোম্পানি ইতিমধ্যে এসব বাজারে ওষুধ রপ্তানির যোগ্যতা অর্জন করেছে। এসব দেশে যত বেশি অনুমোদন পাব, রপ্তানিও তত বাড়বে।
আজকের পত্রিকা: এলডিসি উত্তরণের পর মেধাস্বত্ব বা পেটেন্ট-সংক্রান্ত সুবিধা হারালে বাংলাদেশের জেনেরিক ওষুধ উৎপাদন ও রপ্তানিতে কী প্রভাব পড়বে? এ পরিস্থিতি মোকাবিলায় দেশীয় কোম্পানিগুলো কতটা প্রস্তুত?
আব্দুল মুক্তাদির: কোভিডের সময় জরুরি অনুমোদন নিয়ে পেটেন্টের কারণে উৎপাদন ও রপ্তানি করতে না পারা ওষুধও আমরা বিশ্ববাজারে সরবরাহ করেছি। তবে এলডিসি উত্তরণের পর জরুরি পরিস্থিতি না থাকলে পেটেন্টযুক্ত ওষুধ নন-এলডিসি দেশগুলোতে রপ্তানি করতে পারব না। নিজেদের বাজার ও কিছু এলডিসি দেশে রপ্তানির সুযোগ থাকবে। তাই রপ্তানিতে প্রভাব তুলনামূলক কম হবে। ২০২৯ সালের পর মানুষের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অনেক পেটেন্টযুক্ত ওষুধ বাজারে আসবে। প্রতিবছর ১০ থেকে ১২টি নতুন ওষুধ যুক্ত হতে পারে। পেটেন্টের কারণে কোনো কোনো ওষুধের দাম ১০০ গুণ পর্যন্ত বাড়তে পারে। পেটেন্টের মেয়াদ ১০ বছর পার হলে আবার দাম কমার সুযোগ তৈরি হবে। ফলে একটি নির্দিষ্ট সময়ে কিছু ওষুধ বেশি দামে কিনতে হতে পারে। তবে এসবের কিছু বিকল্প ওষুধ দেশেই কম দামে পাওয়া যেতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় এপিআই, বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। আগামী তিন বছরে যেসব ওষুধ পেটেন্টের আওতায় আসবে এবং গত পাঁচ থেকে আট বছরে যেসব ওষুধ এসেছে, সেগুলোর এপিআই উৎপাদন এখনই শুরু করতে হবে। এই অতিরিক্ত তিন বছর কাজে লাগিয়ে উৎপাদন সক্ষমতা তৈরি করতে পারলে ভবিষ্যতে এসব ওষুধের জন্য শতগুণ বেশি দাম দিতে হবে না; দেশেই উৎপাদন করা সম্ভব হবে।
আজকের পত্রিকা: ওষুধের দাম নির্ধারণে উৎপাদন ব্যয় ও কোম্পানির মুনাফা কীভাবে বিবেচনা করা উচিত? বর্তমান মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থায় কোম্পানিগুলোর প্রধান আপত্তি কী? সাধারণ মানুষের নাগালে ওষুধের দাম রাখার উপায় কী?
আব্দুল মুক্তাদির: সরকার সব বিষয় বিবেচনায় নিয়ে ওষুধের দাম নির্ধারণ করলে আমাদের আপত্তি নেই। মূল্য নির্ধারণের প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে আপত্তি রয়েছে। অনেক দেশে সরাসরি দাম নিয়ন্ত্রণ করা হয় না; কোম্পানিগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয়। ভারতে দাম নিয়ন্ত্রণ করা হলেও ২০১২ সালে তারা বাংলাদেশের ১৯৯২ ও ১৯৯৪ সালের নীতির আদলে একটি ব্যবস্থা চালু করেছে। এই নীতিতে বাজারে প্রচলিত ওষুধের গড় দামকে বেঞ্চমার্ক ধরা হয়। পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর দাম সমন্বয়ের সুযোগ থাকে। যেমন, কোনো ওষুধের দাম ১০০ টাকা এবং মূল্যস্ফীতি ৬ শতাংশ হলে পরের বছর দাম ১০৬ টাকা হওয়ার কথা। দাম সমন্বয়ের সুযোগ বন্ধ থাকলে শিল্পটি দুর্বল হয়ে পড়বে। ভারতে সরকারঘোষিত মূল্যস্ফীতির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে কোম্পানিগুলো নিজেরাই দাম সমন্বয় করতে পারে। তবে প্রতিযোগিতার কারণে বেশির ভাগ কোম্পানি দাম বাড়ায় না। একটি কোম্পানি দাম বাড়ালে অন্যরা দাম অপরিবর্তিত রেখে বাজারের অংশীদারত্ব বাড়াতে পারে। উৎপাদন ব্যয় সামলানো কঠিন হলেই কোম্পানিগুলো দাম বাড়ায়। এতে প্রতিযোগিতা বজায় থাকে এবং ওষুধের দামও যৌক্তিক পর্যায়ে থাকে। বাংলাদেশেও এ ধরনের নীতি ছিল। কিন্তু তা বাস্তবায়ন হলো না। ভারত ২০১২ সালে একই ধরনের নীতি চালু করে ওষুধশিল্পে এগিয়েছে। ভারত এখন বিশ্বের শীর্ষ ওষুধশিল্পের দেশগুলোর একটি এবং বিশ্ববাজারে ওষুধ সরবরাহের বড় অংশ তাদের কাছ থেকে আসে। বাংলাদেশ নীতি গ্রহণ করেও তা বাস্তবায়ন করেনি। কাগজে-কলমে রেখে দেওয়ায় শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজকের পত্রিকা: দেশীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদিত ওষুধের গুণগত মান আন্তর্জাতিক মানের বলে দাবি করে। এই মান নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়? দেশের বাজার ও রপ্তানির ওষুধের মান কি একইভাবে নিয়ন্ত্রণ করা হয়?
আব্দুল মুক্তাদির: বাংলাদেশের বড় ওষুধ কোম্পানিগুলো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে। যুক্তরাষ্ট্রের এফডিএ, যুক্তরাজ্যের এমএইচআরএসহ উন্নত দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির উৎপাদনকেন্দ্র অনুমোদন দিয়েছে। এসব সংস্থা নিয়মিত কারখানা পরিদর্শন ও নিরীক্ষা করে। প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো দেশের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদল বড় কোম্পানির কারখানা পরিদর্শন করে। আন্তর্জাতিক বাজারে ওষুধ সরবরাহের জন্য কোম্পানিগুলোকে কঠোর গুণগত মান ও ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতে হয়। বিদেশি নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ করতে গিয়ে দেশে আন্তর্জাতিক মানের ব্যবস্থা গড়ে উঠেছে। এখন ওষুধ প্রশাসন অধিদপ্তরকেও পর্যাপ্ত জনবল ও সক্ষমতা দিয়ে একই পর্যায়ে নিতে হবে। দেশের বাজার ও রপ্তানির জন্য উৎপাদিত ওষুধের মান একই। উভয় ক্ষেত্রেই একই গুণগত মানদণ্ড ও ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতে হয়। একই উৎপাদনকেন্দ্র ও প্রক্রিয়ায় দুটি ভিন্ন মান বজায় রাখার সুযোগ বা প্রয়োজন নেই। আমাদের প্রতিটি কাজের তথ্য ব্লকচেইন ব্যবস্থায় সংরক্ষিত থাকে। আজ কোনো পণ্যের যে পরীক্ষা করা হচ্ছে, ১০ বছর পরও তার রেকর্ড পাওয়া যাবে। উৎপাদন ও মান নিয়ন্ত্রণের প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ করা হয়।
আজকের পত্রিকা: জেনেরিক ওষুধের বাইরে নতুন মলিকিউল উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন এবং বায়োসিমিলার উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ কতটা? এসব ক্ষেত্রে প্রধান বাধা কী?
আব্দুল মুক্তাদির: বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো গবেষণা ও উন্নয়নে নিজেদের অর্থেই বিনিয়োগ করছে। অথচ যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের মতো দেশে সরকার নতুন ওষুধ উদ্ভাবন, বিদ্যমান ওষুধের উন্নয়ন ও কম খরচে উৎপাদনের গবেষণায় অর্থ বিনিয়োগ করে এবং কোম্পানিগুলোকে অনুদান দেয়। বাংলাদেশেও এ ধরনের তহবিল আছে, কিন্তু সরকারি সহায়তায় গবেষণার সংস্কৃতি গড়ে ওঠেনি। এ জন্য সরকার, ওষুধ কোম্পানি, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত গবেষণার পরিবেশ তৈরি করতে হবে। এতে বায়োসিমিলার, ভ্যাকসিন ও নতুন ওষুধ উৎপাদনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি সাশ্রয়ী দামে ওষুধ সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরি হবে।
আজকের পত্রিকা: দেশের ওষুধের বাজার কি অল্প কয়েকটি বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে? ছোট ও মাঝারি কোম্পানিগুলোর টিকে থাকা ও প্রতিযোগিতার প্রধান বাধা কী? এ বিষয়ে সমিতির অবস্থান কী?
আব্দুল মুক্তাদির: এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে ৬৪-৬৫টির কয়েক বছর ধরে নেতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে। বাকি ৩৫টিরও মুনাফা আগের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমেছে। এ অবস্থা চলতে থাকলে সেগুলোও রুগ্ণ হয়ে পড়তে পারে। গত পাঁচ বছরে উৎপাদন ব্যয় প্রায় তিন গুণ হয়েছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের বেতন, ডলার, ডিজেল ও গ্যাসের দাম বেড়েছে। অথচ ওষুধের দাম বাড়েনি। ফলে কোম্পানিগুলো সংকটে পড়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে সরকারি ওষুধ কেনায় প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। সরকার এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) মাধ্যমে বেশির ভাগ ওষুধ কেনে। অথচ আমাদের কাছ থেকে যে দামে ওষুধ কেনা সম্ভব, ইডিসিএল তার চেয়ে বেশি দামে কেনে। সরকারি প্রতিষ্ঠান বলে বেশি দামে কেনার যৌক্তিকতা নেই। আমরা চাই, সরকারি ক্রয়প্রক্রিয়ায় শীর্ষ ১০০টি কোম্পানির নিচের সারিতে থাকা ৬০ শতাংশ প্রতিষ্ঠানও সুযোগ পাক। সরকার বছরে ৫ থেকে ৭ হাজার কোটি টাকার ওষুধ কেনে। এ প্রক্রিয়ায় আরও কোম্পানিকে যুক্ত করলে অনেক প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে পারবে। এসব কোম্পানির অন্তত ২০টি প্রথম সারিতে উঠে এলে রপ্তানিতে সক্ষম প্রতিষ্ঠানের সংখ্যা ৩০ থেকে ৫০টি হতে পারে। বর্তমানে বছরে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ওষুধ রপ্তানি হচ্ছে। কোম্পানির সংখ্যা ও সক্ষমতা বাড়লে তা ১০ হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব। সামান্য নীতিগত পরিবর্তনেই এ সুযোগ তৈরি হতে পারে।
আজকের পত্রিকা: ওষুধ কোম্পানিগুলোর বিপণন কার্যক্রমে চিকিৎসকদের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। বিপণন ব্যয়ের স্বচ্ছতা ও নৈতিকতা কীভাবে নিশ্চিত করা হয়? চিকিৎসকদের ব্যবস্থাপত্রে কোম্পানির বিপণন কার্যক্রমের প্রভাব নিয়ে যেসব প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আপনাদের বক্তব্য কী?
আব্দুল মুক্তাদির: সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো, রোগী চেম্বার থেকে বের হওয়ার পর কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ব্যবস্থাপত্রের ছবি নেওয়া। এ বিষয়ে ওষুধ শিল্প সমিতি কয়েকবার সতর্ক করেছে, এটি বন্ধ করতে বলা হয়েছে। এখন এসব ঘটনা কমেছে। আশা করি, পুরোপুরি বন্ধ হবে। বিদেশে ব্যবস্থাপত্রসংক্রান্ত তথ্য কেনার সুযোগ রয়েছে। বাংলাদেশেও একসময় নির্ভরযোগ্য তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে উঠবে। অনেকে যে বলেন, কোম্পানিগুলো চিকিৎসকদের গাড়ি-ফ্ল্যাট কিনে দেয় কিংবা হজ-ওমরাহ করতে পাঠায়—গাড়ি এবং বাড়ি দেওয়া কি সম্ভব? এ ধরনের অভিযোগ অত্যন্ত অতিরঞ্জিত এবং কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তবে চিকিৎসকদের বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা বাড়াতে কোম্পানিগুলো সম্মেলন, সেমিনার ও প্রশিক্ষণে পৃষ্ঠপোষকতা করে। এতে চিকিৎসকেরা নতুন ওষুধ, গবেষণা ও চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জানতে পারেন। বিশ্বজুড়েই এ ধরনের উদ্যোগ প্রচলিত। বৈজ্ঞানিক সম্মেলন বা প্রশিক্ষণে পৃষ্ঠপোষকতাকে অনৈতিক বলা হবে কেন, তা বুঝি না। কোম্পানিগুলো সামাজিক দায়বদ্ধতা থেকেও হাসপাতালের শয্যা, ক্যানসার ইউনিট, স্ত্রীরোগ বিভাগ ও লিফট স্থাপনে সহায়তা করে। দুর্যোগের সময় সরকার চাইলে বিনামূল্যে ওষুধ সরবরাহেরও চেষ্টা করে। চিকিৎসকদের বিদেশে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়। সেখানে নতুন অস্ত্রোপচার ও চিকিৎসাপদ্ধতি শেখা এবং বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। এসব উদ্যোগকে উপঢৌকন বা অনৈতিক ব্যয় হিসেবে দেখা দুঃখজনক। দেশের স্বার্থেই চিকিৎসকদের দক্ষতা বাড়াতে এমন কার্যক্রম প্রয়োজন। নির্দিষ্ট ওষুধের বিশেষায়িত তথ্য অনেক ক্ষেত্রে কোম্পানির নিজস্ব মেধাসম্পদ। এসব তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছানোর প্রতিষ্ঠিত মাধ্যম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা বিক্রয় প্রতিনিধিরা। বিজ্ঞাপন বন্ধ করে কোম্পানিগুলোকে পণ্য বাজারজাত করতে বলা কিংবা বিক্রয় প্রতিনিধিদের চিকিৎসকদের কাছে তথ্য দিতে না দেওয়া হলে বিপণন কার্যক্রম বাধাগ্রস্ত হবে। দেশীয় কোম্পানিগুলোর বিপণন ও প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে হবে, যাতে তারা আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে পারে। এ সক্ষমতা তৈরির উদ্যোগের বিরোধিতা ওষুধশিল্পের বিকাশের সুযোগ সীমিত করবে।
আজকের পত্রিকা: অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নিয়ন্ত্রণে কোম্পানিগুলোর দায়িত্ব কী? অব্যবহৃত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং উৎপাদন বর্জ্য ব্যবস্থাপনায় কী উদ্যোগ রয়েছে?
আব্দুল মুক্তাদির: আমরা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার চাই না। বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। রেজিস্ট্যান্সের কারণে অনেক অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে। এতে কোম্পানিগুলোর বিপুল বিনিয়োগও নষ্ট হচ্ছে। তাই অপব্যবহার বন্ধে সরকারের সঙ্গে কাজ করছি। মেয়াদোত্তীর্ণ ওষুধও বড় সমস্যা। আমরা ফার্মেসি থেকে এসব ওষুধ সংগ্রহ করে ধ্বংস করি। এতে শত শত কোটি টাকার ওষুধ নষ্ট হচ্ছে। সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
আজকের পত্রিকা: আগামী পাঁচ থেকে দশ বছরে বাংলাদেশের ওষুধশিল্পকে কোথায় দেখতে চান? বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করতে সমিতি ও সদস্য প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা কী?
আব্দুল মুক্তাদির: সামান্য নীতিগত সহায়তা পেলেই বাংলাদেশের ওষুধশিল্প বিশ্ববাজারে বড় অবস্থান তৈরি করতে পারে। এ জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, সংকটে থাকা কোম্পানিগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং নতুন কোম্পানি গড়ে তোলার সুযোগ দিতে হবে। বর্তমানে বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় রয়েছেন। গত পাঁচ থেকে সাত বছরে বাংলাদেশ থেকে পাঁচ-ছয়টি বিদেশি ওষুধ কোম্পানি চলে গেছে। বড় দেশীয় প্রতিষ্ঠানও নতুন বিনিয়োগে আসেনি। ১০ থেকে ১২ বছর আগে যারা বিনিয়োগ করেছিল, তারাও লোকসানের কারণে বিনিয়োগ বাড়াতে পারছে না। ফলে শিল্পটি রুগ্ণ অবস্থায় পৌঁছেছে। এ অবস্থা থেকে উত্তরণে নীতিগত ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে। ওষুধশিল্প নিয়ে নেতিবাচক সংবাদ নতুন বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। বাংলাদেশের ওষুধশিল্পকে বিকশিত হওয়ার সুযোগ দিলে তা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।









