
সাংবাদিকতার জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান ‘পুলিৎজার পুরস্কার’ গতকাল সোমবার (৪ মে) ঘোষণা করা হয়েছে। এ বছর পুলিৎজার বলতে গেলে ‘ট্রাম্পময়’! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর প্রশাসনিক বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার, পারিবারিক ব্যবসা—এসবই বিচারকদের নজর কেড়েছে। এবার বিভিন্ন বিভাগে পুলিৎজার জিতেছে রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস।
এ বছর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স দুটি ভিন্ন বিভাগে এই পুরস্কার জয় করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রতিহিংসা ও মেটার এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে রয়টার্সের ধারাবাহিক প্রতিবেদনগুলো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
রয়টার্স তাদের প্রথম পুরস্কারটি পেয়েছে ন্যাশনাল রিপোর্টিং বা জাতীয় সংবাদ পরিবেশন বিভাগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে সরকারি ক্ষমতা ব্যবহার করে তাঁর রাজনৈতিক শত্রুদের ওপর প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করেছেন, সে বিষয়ে এক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য রয়টার্সের সাংবাদিকদের এই সম্মান দেওয়া হয়। নেড পার্কার, লিন্ডা সো, পিটার আইজলার ও মাইক স্পেক্টরের করা এই প্রতিবেদনে উন্মোচিত হয়েছে ট্রাম্পের এক নজিরবিহীন ‘শত্রুনিধন’ অভিযানের কথা।
অনুসন্ধানে দেখা গেছে, ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে শত শত ব্যক্তিকে লক্ষ্যবস্তু করেছেন, যার মধ্যে ছিলেন ফেডারেল প্রসিকিউটর, সামরিক কর্মকর্তা, সাবেক মার্কিন কর্মকর্তা, ল ফার্ম ও বিশ্ববিদ্যালয়। প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে—কীভাবে ট্রাম্প রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করা, সাবেক কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা ও তাঁর অ্যাজেন্ডার বিরোধী সরকারি কর্মচারীদের বরখাস্ত করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। ডানপন্থী মিডিয়া ব্যক্তিত্ব ও রিপাবলিকান কর্মকর্তাদের সহায়তায় এই প্রতিহিংসার মিশনকে আরও জোরালো করা হয়েছিল।
দ্বিতীয় পুরস্কারটি এসেছে বিট রিপোর্টিং (বৃহৎ অনুসন্ধানী প্রতিবেদন) বিভাগে। টেক রিপোর্টার জেফ হরউইৎজ ও এঞ্জেন থাম মেটার ব্যবসায়িক মডেলের গোপন নথিপত্র ফাঁস করে এক ভয়াবহ সত্য সামনে এনেছেন। তাঁদের প্রতিবেদনে দেখানো হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম জেনেশুনে ব্যবহারকারীদের, বিশেষ করে, শিশুদের ক্ষতিকারক এআই চ্যাটবট এবং জালিয়াতিপূর্ণ বিজ্ঞাপনের মুখে ঠেলে দিচ্ছে।
জেফ হরউইৎজ উন্মোচন করেন, মেটার অভ্যন্তরীণ নির্দেশিকাগুলো তার এআই চ্যাটবটগুলোকে শিশুদের সঙ্গে ‘কামুক’ বা রোমান্টিক কথোপকথন চালানোর অনুমতি দেয়। এমনকি নিউ জার্সির এক মানসিকভাবে অক্ষম ব্যক্তি মেটার চ্যাটবটের সঙ্গে কাল্পনিক প্রেমের সম্পর্কের টানে বাড়ি থেকে পালিয়ে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। এই রিপোর্টিংয়ের ফলে মেটা তাৎক্ষণিকভাবে তাদের এআই গাইডলাইন পরিবর্তন করতে বাধ্য হয় এবং বিশ্বজুড়ে রেগুলেটরি সংস্থাগুলো তদন্ত শুরু করে।
ওয়াশিংটন পোস্ট: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বিলিয়নিয়ার ইলন মাস্কের নির্দেশে সরকারি দপ্তরে ব্যাপক বাজেট ছাঁটাইয়ের খবর পরিবেশন করে সম্মানজনক ‘পাবলিক সার্ভিস’ বিভাগে পুরস্কার জিতেছে।
নিউইয়র্ক টাইমস: প্রেসিডেন্ট পদ ব্যবহার করে ট্রাম্প ও তাঁর পরিবার এবং সহযোগীদের ব্যবসায়িক মুনাফা অর্জনের রহস্য ফাঁস করে মোট তিনটি বিভাগে পুরস্কার জিতেছে।
শিকাগো ট্রিবিউন: শিকাগোতে অভিবাসনসংক্রান্ত সামরিক আইন প্রয়োগকারী সংস্থার (আইসিই) অভিযানের খবর কাভার করে ‘লোকাল রিপোর্টিং’ পুরস্কার পেয়েছে।
বিশেষ সম্মাননা: মায়ামি হেরাল্ডের সাংবাদিক জুলি কে ব্রাউনকে জেফরি এপস্টেইনের যৌন কেলেঙ্কারি এবং বিচারব্যবস্থার ত্রুটিগুলো সামনে আনার জন্য বিশেষ সম্মান জানানো হয়েছে।
পুলিৎজার কমিটির প্রশাসক মার্জোরি মিলার পুরস্কার প্রদানের সময় মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী ও স্বাধীন সংবাদপত্রের গুরুত্বের ওপর জোর দেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন এক সময়ে, যখন হোয়াইট হাউস বা পেন্টাগনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে এবং খোদ প্রেসিডেন্ট সংবাদপত্রের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মানহানির মামলা করছেন, তখন এই ধরনের সাহসী সাংবাদিকতা গণতন্ত্র রক্ষায় ঢাল হিসেবে কাজ করে।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
৮ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
১১ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
১২ ঘণ্টা আগে