
মেইল বা ডাকযোগে দেওয়া ব্যালট নিয়ে নতুন নিয়ম কার্যকর করার অনুমতি চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় গতকাল সোমবার কনজারভেটিভ বা রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট মার্কিন জেলা জজ ইন্দিরা তালওয়ানির দেওয়া একটি আদেশ স্থগিত করতে অস্বীকৃতি জানায়। ওই আদেশে মেইল ব্যালট নিয়ে নতুন নিয়মটি কার্যকর করা আটকে দেওয়া হয়েছিল। এর ফলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করার ট্রাম্পের প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা এসেছে।
মার্চে ট্রাম্প মেইল ভোটের নিয়ম আরও কঠোর করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে সই করার পর মার্কিন ডাক পরিষেবা বা ইউএস পোস্টাল সার্ভিস নতুন নিয়মটি গ্রহণ করে। নতুন নিয়ম অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোকে ব্যালট পাঠানোর জন্য নির্ধারিত ভোটারদের একটি তালিকা ডাক পরিষেবাকে দিতে হতো। একই সঙ্গে ডাক পরিষেবা আগে অনুমোদন করেছে, এমন ধরনের ব্যালটের খাম ব্যবহার করতে হতো।
নতুন মানদণ্ড মেনে না চললে অথবা নিবন্ধিত ভোটারদের তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে ব্যালটের সম্পর্ক না থাকলে ডাক পরিষেবা ওই ব্যালট প্রত্যাখ্যান করতে পারত। তবে জেলা জজ ইন্দিরা তালওয়ানি এই নিয়মের ওপর নিষেধাজ্ঞা দেন। তিনি বলেন, নিয়মটি সম্ভবত মার্কিন সংবিধান লঙ্ঘন করছে। এ ছাড়া মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসায় নিয়মটি বাস্তবে প্রয়োগ করাও অসম্ভব হয়ে পড়বে।
এর কিছুদিন পর ট্রাম্প প্রশাসন জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে। প্রশাসন আদালতকে নিয়মটি কার্যকর করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে বলে, এটি মেইলকে ভোট জালিয়াতির কাজে ব্যবহার থেকে রক্ষার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ ফেডারেল নীতি’।
আগস্টের শেষ দিকে সুপ্রিম কোর্ট প্রক্রিয়াগত কারণে সাময়িকভাবে ট্রাম্পকে তাঁর নির্বাহী আদেশ নিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। তবে তখন আদালত পরিকল্পনাটি আইনসম্মত কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। সর্বশেষ সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট স্বাক্ষরবিহীন এক আদেশে বলেছে, এই চ্যালেঞ্জে প্রশাসনের ‘মূল বিষয়ে জয়ী হওয়ার সম্ভাবনা কম।’
বিচারপতি স্যামুয়েল আলিটো ও বিচারপতি ক্ল্যারেন্স থমাস সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। আলিটো তাঁর ভিন্নমত পোষণকারী মতামতে লেখেন, কিছু বাদীর এই মামলা করার আইনগত অধিকার বা ‘স্ট্যান্ডিং’ নেই। আর বাকি বাদীরা এমন একটি দাবি নিয়ে এগোচ্ছেন, যেটিকে আদালত সম্প্রতি ‘হেইল মেরি পাস’ বলে অভিহিত করেছিল। ‘হেইল মেরি পাস’ বলতে সাধারণত শেষ মুহূর্তের অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রচেষ্টাকে বোঝানো হয়।
ট্রাম্পের নিয়োগ দেওয়া বিচারপতি ব্রেট কাভানাও প্রশাসনের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠের সঙ্গে ভোট দিয়েছেন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী কোনো পর্যায়ে তিনি এই নীতিকে সমর্থন করতে পারেন।
সমালোচকেরা সতর্ক করে বলেছেন, এই বিধিনিষেধ হাজার হাজার ব্যালটের ডাকযোগে পৌঁছানো ব্যাহত করতে পারে। এতে মেইল ভোটের ওপর নির্ভরশীল বিভিন্ন গোষ্ঠী ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। কিছু অঙ্গরাজ্যে, বিশেষ করে যেগুলো সাধারণত ডেমোক্র্যাটদের সমর্থন করে, ভোটারদের বড় একটি অংশ ডাকযোগে ভোট দেন।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আলাবামা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন ইতোমধ্যে ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু করেছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডাকযোগে ভোটের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন। তিনি নির্বাচনে ব্যাপক জালিয়াতির বিষয়ে এমন সব দাবি বারবার করেছেন, যেগুলো ইতোমধ্যে ভিত্তিহীন বা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। তবে একই সময়ে ট্রাম্প নিজেও ডাকযোগে ভোট দিয়েছেন, যার মধ্যে ২০২৪ সালের নির্বাচনও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতি নিয়ে বড় দুটি ধাক্কার মুখে পড়েছে। একদিকে ফেডারেল এক বিচারক বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য প্রস্তাবিত ভিসার সময়সীমা আটকে দিয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কয়েক ডজন অঙ্গরাজ্য অভিবাসীদের বৈধভাবে সরকারি সুবিধা নেওয়ার কারণে...
২১ মিনিট আগে
পোল্যান্ডের সীমান্তের কাছে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলার পর কিয়েভকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। গতকাল সোমবার রুটে বলেন, ৩২ দেশের সামরিক জোট রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সমর্থন দেওয়া থেকে পিছিয়ে যাবে না।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তাঁর এই মন্তব্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ছে এবং বৈশ্বিক তেল সরবরাহ হুমকির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক ভূমিকা নিতে তারা প্রস্তুত। তবে ওয়াশিংটন সরাসরি হস্তক্ষেপে অনাগ্রহী হলেও সৌদি আরব ইসরায়েলের সহায়তা গ্রহণ করবে, এমন সম্ভাবনা কম। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে...
২ ঘণ্টা আগে