Ajker Patrika

তীব্র দাবদাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

আজকের পত্রিকা ডেস্ক­
তীব্র দাবদাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন
যুক্তরাষ্ট্রের তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়েছে। ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। গলে যাচ্ছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতোর তলা, পিচ উঠে আসছে গাড়ির চাকায়। এ অবস্থায় দেশটির স্বাধীনতা দিবসের (ফোর্থ অব জুলাই) উদযাপনের সূচিও ওলটপালট হয়ে গেছে। তীব্র গরমের কারণে দেশটির রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্যারেড (কুচকাওয়াজ), কনসার্ট ও আতশবাজি প্রদর্শনী বাতিল বা স্থগিত করা হয়েছে।

এর মধ্যে অন্যতম ছিল ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। দেশটির ২৫০ তম জন্মবার্ষিকী উদযাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া নানামুখী উদ্যোগের একটি বড় অংশ ছিল এই মেলা।

আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলাটি শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সে সময় সেখানকার তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটে (৩৮ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছায়।

শুক্রবার গভীর রাতে ওয়াশিংটনের ন্যাশনাল পার্ক সার্ভিসের ‘ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড’-এর আয়োজকেরা নিরাপত্তার স্বার্থে এই বার্ষিক অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্যারেডটি শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (১৪: ৩০ জিএমটি) শুরু হওয়ার কথা ছিল। আবহাওয়া দপ্তর আভাস দিয়েছিল, সেদিন ওই এলাকার ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে।

যুক্তরাজ্যের কাছ থেকে ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্র জারির দিনটিকে স্মরণ করে সাধারণত আমেরিকানরা বারবিকিউ পার্টি, প্যারেড ও আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে এই দিনটি উদযাপন করেন। তবে ৪ জুলাইয়ের এই ছুটির সপ্তাহে আমেরিকার পূর্ব উপকূলজুড়ে একের পর এক অনুষ্ঠান বাতিলের খবর পাওয়া গেছে।

ফিলাডেলফিয়ায় তীব্র গরমের কারণে তাদের অন্যতম প্রধান আয়োজন ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স প্যারেড’ বাতিল করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা এর আগে ১৯০১ সালে রেকর্ড করা হয়েছিল।

গরমের কারণে উৎসবের এই বিপর্যয় পুরো অঞ্চলেই ছড়িয়ে পড়েছে। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের বার্ষিক ৪ জুলাইয়ের প্যারেড বাতিল করেছে। আপস্টেট নিউইয়র্কের ওয়াটারটাউন তাদের স্বাধীনতা দিবসের কনসার্ট ও আতশবাজি প্রদর্শনী স্থগিত করেছে। অন্যদিকে বোস্টনে নদীর পাড়ে আয়োজিত বার্ষিক আতশবাজি প্রদর্শনীতে দর্শকদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ৪ ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টা করা হয়েছে।

নিউইয়র্ক সিটিতে তীব্র গরমে পিচ গলে আঠালো হয়ে যাওয়ায় ম্যানহাটনের রাস্তায় মানুষের জুতোর তলা আটকে যাচ্ছিল। তবে শহরের এই চরম তাপমাত্রার সতর্কতাও আটকাতে পারেনি হাজারো ভক্তকে। পপ সুপারস্টার টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির বহুল প্রতীক্ষিত বিয়ে দেখতে তাঁরা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের তপ্ত ফুটপাতে ভিড় জমিয়েছিলেন।

সেখানে এক হাত দিয়ে অতিথিদের গাড়িগুলোকে ভেতরে ঢোকার ইশারা করছিলেন এক কর্মী, আর অন্য হাতে থাকা তোয়ালে দিয়ে ক্রমাগত মুখ থেকে ঘাম মুছছিলেন এবং পানি খাচ্ছিলেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে মধ্য-পশ্চিম (মিডওয়েস্ট) অঞ্চল থেকে আমেরিকার পূর্বাঞ্চলে এই রেকর্ডভাঙা তাপমাত্রা ছড়িয়ে পড়ে। আবহাওয়ার এই চরম অবস্থার পেছনে মূল কারণ ছিল ‘হিট ডোম’ বা তাপবলয় নামের একটি উচ্চচাপ বলয়। এই বলয়টি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর উত্তপ্ত বায়ুকে আটকে রাখে, যার ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও হঠাৎ অনেক বেড়ে যায়।

তীব্র এই গরমের কারণে দেশের বিদ্যুৎ গ্রিডগুলোর ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। আমেরিকার বৃহত্তম বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘পিজেএম’ জরুরি বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচির আওতায় থাকা গ্রাহকদের বিদ্যুতের ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটি মিড-আটলান্টিক, দক্ষিণাঞ্চল ও ওয়াশিংটন ডিসি এলাকার প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষকে বিদ্যুৎ সেবা দিয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, সঞ্চালন লাইনে অতিরিক্ত চাপ এবং গরমের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) অতিরিক্ত চাহিদা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।

নিউইয়র্কের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কন এডিসন’ জানিয়েছে, শুক্রবার শেষ বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার কাউন্টির গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (জাতীয় আবহাওয়া দপ্তর) জানিয়েছে, শুক্রবার আমেরিকার অর্ধেকেরও বেশি জনসংখ্যা, অর্থাৎ ১৮ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ তাপমাত্রার সতর্কতার অধীনে ছিলেন। দেশের কোনো কোনো অংশে অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) সর্বোচ্চ ১১৫ ডিগ্রি ফারেনহাইট (৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে এবং বেশ কয়েকটি শহরে তাপমাত্রা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আবহাওয়াবিদ ও সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই তীব্র দাবদাহ প্রাণঘাতী হতে পারে। দীর্ঘ এই ছুটির সপ্তাহান্তে যাঁরা ঘরের বাইরে সময় কাটাচ্ছেন, তাঁদের পর্যাপ্ত পানি পান করতে, ছায়ায় থাকতে এবং যেকোনো জনসমাগম বা গণঅনুষ্ঠানে হিট স্ট্রোকের মতো গরমজনিত অসুস্থতার লক্ষণগুলোর দিকে খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত