এনভিডিয়া বসের সঙ্গে সম্পর্কের অভিযোগ—কে এই চীনা নারী অ্যালিস

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক চীনা ব্যবসায়ীর কথিত ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় শুরু হয়েছে। অ্যালিস হুয়াং নামের ওই নারীকে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করার পর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। তবে তাঁদের সম্পর্কের সময়কাল ও বিস্তারিত এখনো স্পষ্ট নয়।
গত মাসে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক শীর্ষ নির্বাহী। নামের সঙ্গে হুয়াং উপাধি থাকলেও ৬৩ বছর বয়সী তাইওয়ানিজ বংশোদ্ভূত জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর কোনো পারিবারিক সম্পর্ক নেই। মার্কিন কর্তৃপক্ষের তদন্তে অ্যালিসকে চীনা গোয়েন্দা সংস্থার সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
২০২৪ সালের জুনে তাইপের একটি বারে জেনসেন হুয়াংয়ের পাশে অ্যালিসকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায়। সেখানে গিগাবাইট ও নেটথান্ডারের কর্মকর্তাদের সঙ্গে তাঁদের পানাহার করতে দেখা যায়। একই সময়ে মেগাস্পিড এনভিডিয়ার উন্নত প্রযুক্তির এআই চিপ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলারের ক্রয় কার্যক্রম শুরু করে।
২০২৫ সালের মে মাসে তাইপের একটি রেস্তোরাঁর বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও জেনসেনের পেছনে অ্যালিসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তত দিনে মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন ওয়াশিংটনের নজরে আসে।
দ্য নিউইয়র্ক টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রকাশিত একটি গোপনীয় স্মারকলিপি অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) অ্যালিসকে নিয়োগ করেছিল এনভিডিয়া প্রধানের বিষয়ে তথ্য সংগ্রহ এবং চীনে উন্নত চিপ বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সম্ভাব্য উদ্দেশে।

কে এই অ্যালিস হুয়াং
অ্যালিস হুয়াংয়ের ব্যবসায়িক কর্মকাণ্ডের সূত্র ধরে চীনের একাধিক বিনিয়োগ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য সামনে এসেছে। চীনা নাম হুয়াং লে ছাড়াও কিছু ব্যবসায়িক নথিতে তাঁকে হুয়াং শিয়াওলে নামে শনাক্ত করা হয়েছে। তবে তাঁর বয়স, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি।
তিনি চীনের নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের সাবেক শীর্ষ নির্বাহী। চীনের একটি বেসরকারি বিনিয়োগ তহবিলের তথ্যভান্ডারে থাকা তাঁর পরিচিতি অনুযায়ী, তিনি আগে টেলিভিশন সাংবাদিক হিসেবে হুনান টিভি ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে কাজ করেছেন। পরে এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী এবং সিটিআইসি সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে দাবি করা হয়েছে।
তবে এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, হুনান টিভির একজন কর্মকর্তা অ্যালিসকে চেনেন না বলে জানিয়েছেন। সিসিটিভির ওয়েবসাইটেও তাঁর কোনো পরিচিতি পাওয়া যায়নি।
চীনা বিনিয়োগসংক্রান্ত নথিতে সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও তাঁর নাম রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেনরোডের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।
মেগাস্পিডের করপোরেট ইতিহাসও সেভেনরোড ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত। ২০২৩ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি একই বছর সুইফটডেটার কাছে বিক্রি করা হয়। তবে পরবর্তী সময়েও অ্যালিসের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কের কথা সামনে এসেছে।
গত দুই বছরে মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের চিপ কিনেছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। এর মধ্যে এনভিডিয়ার উন্নত চিপও রয়েছে। মার্কিন তদন্তকারীদের সন্দেহ, এসব চিপের কিছু অংশ রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে পৌঁছেছিল কি না।
উল্লেখ্য, চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রির ওপর বাইডেন প্রশাসন বিধিনিষেধ আরোপ করেছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর এসব বিধিনিষেধ শিথিলের পক্ষে অবস্থান নেন জেনসেন হুয়াং।









