
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনুপ্রবেশ ও গুপ্তচরবৃত্তি দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত শুক্রবার ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে।
চলমান উত্তেজনার মধ্যে গতকাল সোমবার দুই বছর আগে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে ইরান একটি স্পষ্ট বার্তা দিল, যারাই ইসরায়েলকে সহযোগিতা করার চেষ্টা করবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। এ ছাড়া আজ মঙ্গলবার ইরানের বিচার বিভাগও জানিয়েছে, এ ধরনের গুপ্তচরবৃত্তির বিচার দ্রুত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে নেতানিয়াহু প্রশাসনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগেও বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযোগে শুধু ইস্পাহান থেকেই ৬০ জনকে গ্রেপ্তার করেছে ইরান সরকার। তাদের ভাষ্য, সামাজিক মাধ্যমে জায়নবাদী শক্তির পক্ষে পোস্ট করে তারা সমাজের মনস্তাত্ত্বিক নিরাপত্তা ব্যাহত করছে।
গত শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পর ইরান এই গ্রেপ্তার অভিযান জোরদার করেছে। হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ইরানি এজেন্টরা চোরাচালানের মাধ্যমে ইরানের ভেতরে অস্ত্র নিয়ে এসেছিল। ইরানের ভেতরেই গড়ে তোলা হয়েছিল অভিযান পরিচালনার ঘাঁটি।
এই ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু হয় মূলত শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হওয়ার পর। নজিরবিহীন ওই অভিযানের পর ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, তাঁদের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানে অস্ত্র চোরাচালান করে ঢুকিয়েছিলেন। দেশটির ভেতরই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনার ঘাঁটি তৈরি করা হয়েছিল।
গত সপ্তাহে তেহরানের একটি শহরে গোপন সামরিক স্থাপনা থেকে ২০০ কেজি বিস্ফোরক, আত্মঘাতী ড্রোন, ড্রোন লাঞ্চার, ড্রোন তৈরির সরঞ্জামসহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করে ইরান। উদ্ধার হওয়া এসব সরঞ্জামের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ।
এরপরই নড়েচড়ে বসে ইরান। দেশজুড়ে এখন চলছে ব্যাপক নজরদারি। রাতে টহলে নামানো হয়েছে আধা সামরিক বাহিনী বাসিজকে। এ ছাড়া সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে জনগণকে আহ্বান জানিয়েছে ইরানি গোয়েন্দা সংস্থা। সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, যারা নিয়মিত মাস্ক ও চশমা (সানগ্লাস বা কালো চশমা) পরে, পিকআপ ট্রাক চালায় এবং সব সময় সঙ্গে বড় ব্যাগ বহন করে, পাশাপাশি সামরিক, আবাসিক কিংবা শিল্প এলাকার আশপাশে ভিডিও ধারণ করে, তাদের প্রতি সতর্ক থাকতে হবে।
সম্প্রতি ইরান সরকারের ঘনিষ্ঠ নুর নিউজ একটি সতর্কতামূলক পোস্টার প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, যেসব ব্যক্তি ‘রাতেও মাস্ক, টুপি বা সানগ্লাস পরে’, ‘প্রায়ই কুরিয়ারের মাধ্যমে পার্সেল নেয়’, তাদের সন্দেহের চোখে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
একই পোস্টারে বলা হয়েছে, বাড়ির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ—যেমন চিৎকার, ধাতব যন্ত্রপাতির শব্দ, টানা ঠকঠক আওয়াজ শুনতে পেলে সতর্ক থাকতে হবে। যেসব বাড়িতে দিনের বেলায়ও পর্দা টেনে রাখা হয়, তাদের ব্যাপারেও সচেতন হোন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে পুলিশ কর্তৃক প্রকাশিত এক পোস্টারে সম্প্রতি যাঁরা বাড়িভাড়া দিয়েছেন, তাঁদের ভাড়াটেদের সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া গণমাধ্যমকর্মীদেরও এখন রাস্তায় ছবি তুলতে নিষেধ করেছে সরকার।
গতকাল সোমবার এক ভিডিও বার্তায় ইরানের পুলিশপ্রধান আহমাদ-রেজা রাদান ‘বিশ্বাসঘাতকদের’ আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, যারা বুঝতে পেরেছে, শত্রুর দ্বারা প্রতারিত হয়েছে, তারা যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে, তাহলে সম্মানজনকভাবে ক্ষমার সুযোগ পেতে পারে। তবে যারা ধরা পড়বে, তাদের এমন কঠোর শিক্ষা দেওয়া হবে, যেমন শিক্ষা বর্তমানে জায়নবাদী শত্রুদের দেওয়া হচ্ছে।
এদিকে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি হুঁশিয়ার করে বলেছেন, যদি এমন কাউকে ধরা হয়, যিনি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছেন, তাহলে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে দ্রুত বিচারের মুখোমুখি করে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দেওয়া হবে।
তথ্যসূত্র: সিএনএন

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
২ ঘণ্টা আগে