
সিরিয়ায় আল-আসাদ পরিবারের নেতৃত্বে দীর্ঘদিনের বাথ পার্টির শাসনের অবসানের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে দেশটির নতুন জাতীয় প্রতীক উন্মোচন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন প্রতীক উন্মোচন করেন। খবর আনাদোলু।
নতুন জাতীয় পরিচয়ের অংশ হিসেবে পূর্বের বাজপাখির পরিবর্তে এবার প্রতীকে স্থান পেয়েছে সোনালি ইগল। প্রতীকের মাথায় রয়েছে তিনটি তারা, যা সিরিয়ার জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে। ইগলের লেজের পাঁচটি পালক দেশটির পাঁচটি ভৌগোলিক অঞ্চল—উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্রকে নির্দেশ করে।
আর ডানার ১৪টি পালক প্রতিটি প্রদেশের প্রতিনিধিত্ব করে। সরকারের ভাষ্য অনুযায়ী, এই ১৪টি পালকের প্রতিটিই বিগত ১৪ বছরের ‘বিপ্লবের প্রতিরোধের গল্প’ বহন করে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নতুন জাতীয় পরিচয় চালুর ফলে শিগগিরই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ সরকারি কাগজপত্রে নতুন এই নকশা যুক্ত করা হবে।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘আজ আমরা যে পরিচয় চালু করছি, তা আমাদের ঐক্য, অবিভাজ্য এবং নতুন ইতিহাসের প্রতিচ্ছবি। সোনালি ইগল আমাদের শক্তি, দৃঢ়তা, গতি ও উদ্ভাবনের প্রতীক।’
আহমেদ আল-শারা আরও বলেন, ‘দামেস্কের ইতিহাস বিশ্ব ইতিহাসের সূচনা ও শেষের গল্প। আমরা যে অপমানজনক সময় পার করেছি, সেটি দামেস্কের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। সেই অধ্যায় শেষ হয়েছে। আমাদের পতনের সময় পেরিয়ে গেছে, শুরু হয়েছে পুনর্জাগরণের সময়।’
আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার অবস্থান শক্তিশালী করতে কূটনৈতিক প্রচেষ্টার কথাও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানি। তিনি বলেন, ‘গত কয়েক মাসে বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে বৈঠকে সিরিয়ার নতুন পরিচয় তুলে ধরা হয়েছে। আর আমরা বিশ্বের কাছে এখন আর শুধুই আশা নয়, বাস্তবতার অংশ।’
আল-শাইবানি আরও বলেন, ‘আগের সরকারের ফাঁকা স্লোগান নয়, এখন আমাদের লক্ষ্য জনগণের সম্মান ও দেশের প্রকৃত অবস্থান নিশ্চিত করা।’
নতুন জাতীয় পরিচয় ঘিরে রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। দামেস্কের উমাইয়া স্কয়ার, বীর অজানা সৈনিকের সমাধি, ফেয়ারগ্রাউন্ড, লাতাকিয়া, আলেপ্পো, ইদলিব, দেইর আল-জোর, হামাসহ বিভিন্ন অঞ্চলে আনন্দ উদ্যাপন হয়। দেশের মোবাইল ফোন ব্যবহারকারীরা নতুন জাতীয় প্রতীকের ঘোষণাসংক্রান্ত বার্তা পেয়েছেন, যেখানে একে ‘স্বাধীনতার আকাশে দৃঢ়তা ও মুক্তির নবায়নকৃত প্রতীক’ হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল-শারা। তার নেতৃত্বে সিরিয়া নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে।
আরও খবর পড়ুন:

সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন ঘিরে নানা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের ফ্যাশন। সম্প্রতি পার্লামেন্ট চত্বর থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল হালকা নীল রঙের অ্যারি সিল্ক শাড়ি।
২ ঘণ্টা আগে
গত সপ্তাহে থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত ১২ বছর বয়সী নাফাত চাইমারের শেষকৃত্যে শোকের আবহে আরও এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। নিহত শিশুটির বাবা-মায়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছেন হামলাকারী ১৪ বছর বয়সী কিশোরের বাবা নিথি ইমরুয়াং।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কিছু ইহুদি স্কুলের প্রধান শিক্ষককে শিক্ষার চেয়ে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়েই বেশি সময় ব্যয় করতে হচ্ছে। ইহুদি-বিরোধী বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ে ব্রিটিশ সরকারের কমিশন করা একটি স্বাধীন পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে