Ajker Patrika

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

আজকের পত্রিকা ডেস্ক­
নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত
মোহাম্মদ বিন জায়েদ আল–নাহিয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নিশ্চিত করেছে যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটি সফর করেছেন এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এর এক দিন আগে জানা যায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী গোপনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সফর করেন। ইসরায়েলের নির্বাচন হওয়ার এক মাস আগে এই সফর হয়। একই সময়ে এমন কিছু প্রতিবেদন নিয়ে বিতর্ক চলছে, যেখানে বলা হয়েছে, ‘এমবিজেড’ নামে পরিচিত শেখ মোহাম্মদ বিন জায়েদ ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার ঠিক আগে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন যে, হামাস বড় ধরনের একটি অভিযান চালাতে পারে।

সরকারি আমিরাতি সংবাদ সংস্থা ওয়াম সোমবার জানায়, ‘বৈঠকে দুই পক্ষ সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং এই সম্পর্ক আরও শক্তিশালী ও উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেছে।’ এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমও বৈঠকের খবর প্রকাশ করেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় অন্তত ১ হাজার ১৯৫ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েল গাজায় এমন একটি যুদ্ধ শুরু করে, যাকে গণহত্যামূলক যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ ৯ সেপ্টেম্বর জানায়, হামলার প্রায় ১০ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ওই ফোনালাপে তিনি সতর্ক করেছিলেন যে, তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার একটি “বড় ধরনের চমক” দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে হুমকি দিয়েছিলেন। হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়, বিন জায়েদ এর আগেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতকেও সতর্ক করেছিলেন।

তবে নেতানিয়াহুর কার্যালয় অস্বীকার করেছে যে, হামলার আগে প্রধানমন্ত্রী এ ধরনের কোনো তথ্য পেয়েছিলেন। এর পরদিন নেতানিয়াহু বলেন, তিনি হারেৎজের বিরুদ্ধে মামলা করবেন। তিনি পত্রিকাটির প্রতিবেদনকে ‘মনগড়া’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।

সম্পর্কে উষ্ণতা বাড়ছে

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করার পর ইসরায়েল ও আমিরাতের সম্পর্ক উষ্ণ হয়েছে। ওই চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হয়। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি মে মাসে জানিয়েছিলেন, সম্ভাব্য ইরানি হামলা থেকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সহায়তার জন্য ইসরায়েল সেখানে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক সদস্য মোতায়েন করেছে।

ইসরায়েলের চ্যানেল–১২ প্রথম নেতানিয়াহুর সপ্তাহান্তের আমিরাত সফরের খবর প্রকাশ করে। সোমবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত জানায়, তারা ইসরায়েলের সামরিক সেন্সরের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, এই প্রতিবেদন প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং গোয়েন্দা সংস্থাটির কার্যক্রম পরিচালনার পদ্ধতি প্রকাশ করে দিয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

হামাসের হামলার আগে পাওয়া সতর্কবার্তা নেতানিয়াহু উপেক্ষা করেছিলেন কি না, এই অভিযোগটি এমন এক সময়ে সামনে এসেছে যখন নেতানিয়াহু আগামী অক্টোবরের কনেসেট নির্বাচনের আগে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। জনমত জরিপগুলোতে তিনি পিছিয়ে রয়েছেন এবং সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট তার বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ তৈরি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত