
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে বলেছিলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে লবিং করেছিলেন যেন তিনি ‘আরও এক মিলিয়ন’ বা ১০ লাখ রুশ নাগরিককে ইসরায়েলে পাঠান। উদ্দেশ্য ছিল ইসরায়েলের জনসংখ্যা কাঠামো বদলে দেওয়া এবং ফিলিস্তিনিদের সংখ্যালঘুতে পরিণত করা। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলের এক গোপন অডিও রেকর্ডিং থেকে বিষয়টি জানা গেছে।
লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, গত শুক্রবার প্রকাশিত ওই রেকর্ডিংয়ে শোনা যায়, এহুদ বারাক বলছেন, ‘আমি সব সময় পুতিনকে বলতাম, আমাদের শুধু আর এক মিলিয়ন দরকার। তাহলেই ইসরায়েল নাটকীয়ভাবে, সত্যিই নাটকীয়ভাবে বদলে যাবে। ওই এক মিলিয়ন রুশ।’
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি করা ওই রেকর্ডিংয়ে বারাক বলেন, ইসরায়েলের এখন ভবিষ্যতে আসা রুশ বসতিদের ‘মান নিয়ন্ত্রণ’ করা উচিত। বারাকের পরিবারের শিকড় পোল্যান্ড ও লিথুয়ানিয়ায়। পরে তারা বসতি স্থাপনকারী হিসেবে ফিলিস্তিনে আসে। ১৯৯০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে প্রায় ১০ লাখ মানুষ ইসরায়েলে চলে আসে। তবে ২০০৫ সালের মধ্যে তাদের অর্ধেকেরও কম ছিল ইহুদি, অথবা অর্থোডক্স ধর্মীয় আইনে ইহুদি হিসেবে স্বীকৃত।
এই মন্তব্যগুলো ইসরায়েলের ভেতরে দীর্ঘদিনের সামাজিক–ধর্মীয় বিভাজন আরও গভীর করতে পারে। বিশেষ করে ধর্মনিরপেক্ষ ও রক্ষণশীলদের মধ্যে। বারাক বলেন, তিনি এমন একটি পরিকল্পনার কথা ভাবছেন, যার মাধ্যমে ‘বিয়ে, দাফন এবং ইহুদির সংজ্ঞা নিয়ে অর্থোডক্স রাব্বিদের একচেটিয়া ক্ষমতা ভাঙা যাবে।’ তিনি বলেন, ‘পরিশীলিত ও সূক্ষ্মভাবে ব্যাপক ধর্মান্তরের দরজা খুলে দেওয়া’ উচিত।
বারাকের মতে, অনেক রুশ ধর্মান্তর ছাড়াই ইসরায়েলে বসবাস করতে পারে। এটিকে ‘পূর্বশর্ত’ দিয়ে আটকানোর দরকার নেই। তবে তিনি যোগ করেন, সামাজিক চাপে, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে, মানিয়ে নেওয়ার প্রয়োজন থেকেই ধর্মান্তর হবে। তিনি বলেন, ‘এটা ঘটবেই। আর আমরা মান নিয়ন্ত্রণ করতে পারব।’
রেকর্ডিংয়ে বারাক এমন ইহুদিদের প্রতিও অবজ্ঞা প্রকাশ করেন, যারা ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর আরব ও মুসলিম দেশগুলো থেকে এসেছিলেন। তিনি ইঙ্গিত দেন, তাদের উপস্থিতিকে তখন এক ধরনের অনিবার্য প্রয়োজন হিসেবে দেখা হয়েছিল। বারাক বলেন, ইসরায়েলের প্রতিষ্ঠাতারা—যারা মূলত পূর্ব ইউরোপের শ্বেতাঙ্গ আশকেনাজি ইহুদি ছিলেন—তারা যতটা পেরেছেন ততটাই করেছেন। তারা ‘উত্তর আফ্রিকা থেকে, আরব দেশগুলো থেকে, যেখান থেকেই হোক’ ইহুদিদের নিয়ে এসেছিলেন। তিনি আরও বলেন, ‘এখন আমরা বাছাই করতে পারি। আর আমি মনে করি, কে ইহুদি হবে, তা নিয়ে আমাদের অনেক বেশি খোলা মন থাকা উচিত। আমরা সহজেই আরও এক মিলিয়ন মানুষকে গ্রহণ করতে পারি।’
ইসরায়েলের আশকেনাজি নেতৃত্বের মধ্যে আরব ও মুসলিম দেশ থেকে আসা ইহুদিদের নিচু চোখে দেখার দীর্ঘ ইতিহাস রয়েছে। অনেক সময় তাদের নিম্নমানের হিসেবেই বিবেচনা করা হয়েছে। বারাক বলেন, ১৯৯০ ও ২০০০-এর দশকের শুরুতে রুশ অভিবাসনের ঢল ‘ইসরায়েলকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে।’ তিনি যোগ করেন, তখন ‘যুবতী মেয়েরাও এসেছিল, যারা কথা বলতে পারত না।’ এই সময় এপস্টেইনকে হাসতে শোনা যায়।
এপস্টেইন-সংক্রান্ত নথিতে প্রকাশ হয়েছে, অনেক তরুণীকে, বিশেষ করে রাশিয়া থেকে আসা নারীদের, যারা ইংরেজি বলতে পারতেন না বলে জানা গেছে, ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের কাছে পাচার করা হয়েছিল। বারাকের শ্বেতাঙ্গ রুশদের আনার এই আগ্রহ বৃহত্তর এক জনসংখ্যাগত আধিপত্যের চিন্তার অংশ। লক্ষ্য ছিল ১৯৪৮ সালের সীমার ভেতরে ইসরায়েলের মধ্যে ফিলিস্তিনিদের সংখ্যা কমিয়ে দেওয়া।
বারাক বলেন, ‘ছোট ইসরায়েলের সীমার ভেতরেও একটি সমস্যা আছে। আমি মনে করি, আরবরা (ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা) ধীরে ধীরে বাড়ছে। ৪০ বছর আগে তারা ছিল ১৬ শতাংশ, এখন তারা ২০ শতাংশ।’ এরপর তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েলের ভেতরে কারা সমতা পাওয়ার যোগ্য। বারাক বলেন, ‘আমাদের প্রথমে দ্রুজদের সমতা দিতে পারা উচিত। তারা প্রায় এক শতাংশ। তাদের আচরণ পুরোপুরি ইসরায়েলিদের মতো।’ দ্রুজরা একটি ধর্মীয় সংখ্যালঘু। ১৯৫০-এর দশক থেকে তারা বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নিচ্ছে। মুসলিম ও খ্রিষ্টান ফিলিস্তিনি নাগরিকদের ক্ষেত্রে যা প্রযোজ্য নয়। এরপর তিনি বলেন, ‘তারপর খ্রিষ্টান সংখ্যালঘুদের কথা আসে। তারা আরও প্রায় দুই শতাংশ। তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চেয়েও ভালো।’
এপস্টেইন ও বারাকের সম্পর্ক ছিল প্রায় এক দশকের। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে বারাক ৩০ বারেরও বেশি এপস্টেইনের নিউইয়র্কের টাউন হাউসে গিয়েছিলেন। এপস্টেইন ফাইলের একটি আলাদা এফবিআই মেমোতে বলা হয়েছে, ‘এপস্টেইন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের খুব ঘনিষ্ঠ ছিলেন। এবং তিনি তাঁর অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।’

ভারতে তিন বোনের আত্মহত্যায় পুলিশের প্রাথমিক তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা গেছে, কোরিয়ান সংস্কৃতির প্রতি আসক্তি এবং বাবা চেতন কুমারের দুই কোটি রুপি ঋণের কথা। চেতন কুমার পেশায় একজন স্টক ট্রেডার। পুলিশ জানিয়েছে, চেতন কুমারের দুই স্ত্রী, যারা সম্পর্কে একে অপরের বোন।
২ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ বলে উল্লেখ করেছেন। সি ট্রাম্পকে তাইওয়ানে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ‘সংযত’ থাকার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে সর্বশেষ যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ছিল, সেটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। আর ঠিক এমন সময়ে রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা আর পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যা সীমাবদ্ধ করার বিষয়ে বাধ্য নয়। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
এপস্টেইন-কাণ্ডে মুখ খুললেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্তের জন্য’ অনুতপ্ত বলে জানান তিনি। যদিও বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ জানিয়েছেন, এপস্টেইনের সঙ্গে গেটসের সম্পর্ক নিয়ে এখনো অনেক প্রশ্নে...
৩ ঘণ্টা আগে