Ajker Patrika

যুক্তরাষ্ট্র–রাশিয়ার সর্বশেষ পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদও শেষ আজ, নতুন প্রতিযোগিতার শঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক­
যুক্তরাষ্ট্র–রাশিয়ার সর্বশেষ পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদও শেষ আজ, নতুন প্রতিযোগিতার শঙ্কা
নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে সর্বশেষ যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ছিল, সেটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। আর ঠিক এমন সময়ে রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা আর পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যা সীমাবদ্ধ করার বিষয়ে বাধ্য নয়। খবর আল জাজিরার।

চুক্তির সময়সীমা ও শর্ত অনুসারে, ২০১০ সালে সই হওয়া নিউ স্টার্ট চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এই বিষয়টিকে সামনে রেখে জাতিসংঘ বলেছে—রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি ‘গুরুতর মুহূর্ত।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেডের সীমা আরও ১২ মাস মেনে চলার যে প্রস্তাব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছিলেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো জবাব দেয়নি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আমরা ধরে নিচ্ছি, নিউ স্টার্ট চুক্তির পক্ষগুলো আর এই চুক্তির আওতায় কোনো বাধ্যবাধকতা বা পারস্পরিক ঘোষণার মধ্যে আবদ্ধ নেই। মূলত আমাদের প্রস্তাবগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান ভুল এবং দুঃখজনক বলে মনে হচ্ছে।’

নিউ স্টার্ট বা স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি এমন একটি চুক্তি, যা কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর সীমা নির্ধারণ করে। এসব অস্ত্র মূলত প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক ও শিল্পকেন্দ্রে আঘাত হানার জন্য তৈরি। মোতায়েন করা অস্ত্র বা ওয়ারহেড বলতে বোঝায়, যেগুলো সক্রিয় অবস্থায় রয়েছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত। এর বিপরীতে যেগুলো গুদামে রাখা বা ধ্বংসের অপেক্ষায় রয়েছে, সেগুলো এই হিসাবে ধরা হয় না।

এই চুক্তিটি ছিল ১০ বছরের। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এটি সই করেন। মেদভেদেভ পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এক মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। চুক্তিটি কার্যকর হয় ২০১১ সালে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চুক্তিটির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।

চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে মস্কো ও ওয়াশিংটন উভয়ই ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াতে এবং আরও শত শত কৌশলগত ওয়ারহেড মোতায়েন করতে পারবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি করতে বাস্তব ও প্রযুক্তিগত নানা জটিলতা রয়েছে এবং এতে সময় লাগবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে চুক্তি বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তিনি বহুবার পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলেছেন। কিন্তু জানুয়ারিতে তিনি নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি গুরুত্বহীন করে দেখান। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘যদি মেয়াদ শেষ হয়, শেষ হোক। আমরা আরও ভালো একটি চুক্তি করব।’

ট্রাম্প ভবিষ্যতের যেকোনো পারমাণবিক আলোচনায় চীনকে অন্তর্ভুক্ত করার কথাও বলেছেন।

বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশেরও বেশি রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত রাশিয়ার কাছে ছিল ৪ হাজার ৩০৯টি পারমাণবিক ওয়ারহেড। যুক্তরাষ্ট্রের ছিল ৩ হাজার ৭০০ টি। যুক্তরাষ্ট্রের মিত্র এবং চুক্তিবদ্ধ দেশ ফ্রান্সের কাছে রয়েছে ২৯০টি এবং যুক্তরাজ্যের কাছে ২২৫টি পারমাণবিক ওয়ারহেড। চীনের কাছে রয়েছে প্রায় ৬০০ টি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, নিউ স্টার্টের অবসান একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে দিতে পারে। এতে চীনের পারমাণবিক শক্তি বাড়ানোর প্রক্রিয়াও ভূমিকা রাখবে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের সহযোগী পরিচালক ম্যাট কর্ডা রয়টার্সকে বলেন, ‘চুক্তি না থাকলে উভয় পক্ষই তাদের মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ও ভারী বোমারু বিমানে আরও শত শত ওয়ারহেড যোগ করতে পারবে। সবচেয়ে চরম পরিস্থিতিতে এতে বর্তমানে মোতায়েন করা অস্ত্রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে।’

বৃহস্পতিবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এলে পোপ লিও উভয় পক্ষকে এই চুক্তির সীমাবদ্ধতা পরিত্যাগ না করার আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়াকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর মুহূর্ত বলে মন্তব্য করেন। তিনি মস্কো ও ওয়াশিংটনকে দেরি না করে নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত