
গাজায় বিগত পৌনে দুই বছর ধরে চলা আগ্রাসনের সময় ইসরায়েল অন্তত ১ লাখ ২৫ হাজার টন বিস্ফোরক ফেলেছে। যার ফলে ফিলিস্তিনি অঞ্চলটির ৮৮ শতাংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর এতে গাজার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৬২ বিলিয়ন ডলারের বেশি। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর অঞ্চলটির মোট এলাকার ৮৮ শতাংশের বেশি ধ্বংস করে দিয়েছে এবং ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে। গতকাল শুক্রবার গাজা সরকারের জনসংযোগ বিভাগ প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৬৫০ তম দিন উপলক্ষে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় ১ লাখ ২৫ হাজার টন বোমা ফেলেছে এবং এর ফলে ক্ষতির পরিমাণ ৬২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই নির্মম যুদ্ধের ফলে ‘২০ লাখের বেশি সাধারণ মানুষকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে’ এবং উপত্যকার ৩৬০ বর্গকিলোমিটারের ৭৭ শতাংশ ভূখণ্ড দখল করেছে ইসরায়েল।
প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৮৮০ জন ফিলিস্তিনি নিহত ও নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজারের বেশি শিশু ও ১২ হাজার ৫০০ নারী। নিহত নারীদের মধ্যে ৮ হাজার ১৫০ জন মা এবং ৯৫৩ জন শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা কেবল হাসপাতালে পৌঁছানো মৃতদেহ হিসাব করে, সে অনুযায়ী নিহতের সংখ্যা এখন ৫৮ হাজার ৬৬৭ জন। জনসংযোগ বিভাগ বলছে, তাদের হিসেবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজদেরও ধরা হয়েছে, সে কারণেই সংখ্যাগত পার্থক্য দেখা যাচ্ছে।
জনসংযোগ বিভাগ জানিয়েছে, এখনো প্রায় ৯ হাজার ৫০০ জন ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং তাদের ভাগ্য অজানা। এ ছাড়া, ইসরায়েলি বাহিনী ১ হাজার ৫৯০ জন চিকিৎসাকর্মী, ২২৮ জন সাংবাদিক এবং ৭৭৭ জন মানবিক সহায়তা কর্মীকে হত্যা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া, গাজায় ২ হাজার ৬১৩টি ফিলিস্তিনি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ, এসব পরিবারের আর কোনো সদস্য জীবিত নেই। অন্তত ৬৮ জন শিশু অপুষ্টিতে এবং আরও ১৭ জন শীতে মারা গেছে বিভিন্ন আশ্রয়শিবিরে। এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৭০০ জনের শরীরের কোনো না কোনো অঙ্গ কেটে ফেলতে হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ৪৪ হাজার ৫০০ শিশু অন্তত একজন অভিভাবক হারিয়েছে। বাস্তুচ্যুতদের এলাকায় ২০ লাখের বেশি মানুষ সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন অন্তত ৭১ হাজার জন।
জনসংযোগ বিভাগের অভিযোগ, ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ২ হাজার ৪২০টি মৃতদেহ কবর থেকে তুলে নিয়ে গেছে এবং হাসপাতালের ভেতরে সাতটি গণকবর তৈরি করেছে। এ ছাড়া, গাজা থেকে ৬ হাজার ৬৩৩ জন সাধারণ মানুষকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৩৬২ জন চিকিৎসাকর্মী, ৪৮ জন সাংবাদিক ও ২৬ জন সিভিল ডিফেন্স সদস্য।
ইসরায়েলি বাহিনী গাজার ৩৮টি হাসপাতাল ও ৯৬টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস করেছে। তারা ১৪৪টি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ১৫৬টি স্কুল পুরোপুরি এবং আরও ৩৮২টি আংশিকভাবে ধ্বংস করেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ৮৩৩টি মসজিদ, তিনটি গির্জা এবং ৪০টি কবরস্থানও ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্য হয়েছে।
মোট ২ লাখ ৮৮ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ইসরায়েলি হামলায় ২ লাখ ২৩ হাজার বসতবাড়ি ধ্বংস হয়েছে এবং আরও ১ লাখ ৩০ হাজার বসতবাড়ি বসবাসের অযোগ্য হয়ে গেছে। ২৬১টি আশ্রয়কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
এ ছাড়া, ইসরায়েল গত ১৩৯ দিনের বেশি সময় ধরে হাজার হাজার ত্রাণবাহী ট্রাকের প্রবেশ ঠেকিয়ে রেখেছে। গাজার কৃষি খাতও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯২ শতাংশ আবাদযোগ্য জমি ধ্বংস করে ফেলার কারণে এ খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ২ বিলিয়ন ডলার। একই সঙ্গে পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনাও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

ইরানে ২০২২ সালের নারী-নেতৃত্বাধীন গণবিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন ও যৌন সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফাঁস হওয়া সরকারি নথি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত নতুন তদন্ত প্রতিবেদনে...
৯ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশা আল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ বলার একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে আইপিএস কর্মকর্তা ড. বুশারা বানোর বদলি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁর বদলির আদেশে এটিকে একটি ‘জনস্বার্থে’ প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করেছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি ছিল দ্বিপক্ষীয় সরকারি সফরের জন্য ও অন্যটি ব্রিকস শীর্ষ সম্মেলনে বিমসটেকের সভাপতি হিসেবে অংশগ্রহণের জন্য..
১০ ঘণ্টা আগে
উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারতের একটি প্রথম সারির যুদ্ধজাহাজ ও পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের ‘অপেশাদার ও অনিরাপদ’ নৌচালনার অভিযোগ তুলে ইসলামাবাদের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত...
১১ ঘণ্টা আগে