
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তেহরানকে যুদ্ধ শেষ করার প্রস্তাব পর্যালোচনা করার জন্য আরও সময় দিতে মার্কিন সামরিক বাহিনী তাদের পরিকল্পিত হামলা স্থগিত রাখবে। তবে ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ চলবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্পের ভাষ্যমতে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই যুদ্ধবিরতির মেয়াদ আজ বুধবার শেষ হওয়ার কথা ছিল।
মার্কিন প্রেসিডেন্ট এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্য সব ক্ষেত্র প্রস্তুত ও সক্ষম থাকতে বলেছি। তাদের প্রস্তাব জমা না দেওয়া পর্যন্ত এবং আলোচনা কোনো একটি যৌক্তিক পরিণতির দিকে না যাওয়া পর্যন্ত আমি এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি।’
কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করায় ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, অন্তত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান ‘পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে’।
এ ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে নেওয়া আরও একটি আকস্মিক সিদ্ধান্তের প্রতিফলন। সোশ্যাল মিডিয়া পোস্টটি করার মাত্র কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি ইরানকে সতর্ক করে বলেছিলেন, দেশটির অবকাঠামোতে বিশাল হামলা চালানোর আগে সময় ফুরিয়ে আসছে।
ইরানি কর্মকর্তারা দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের নিন্দা জানানোর পর ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন দেখা গেল। এই অবরোধের ফলে বুধবারের নির্ধারিত আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুদ্ধবিরতি বাড়াতে রাজি হওয়ার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই সংঘাতের একটি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য ইসলামাবাদ প্রচেষ্টা চালিয়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শরিফ বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি যে উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে এবং স্থায়ীভাবে সংঘাত বন্ধের লক্ষ্যে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি ব্যাপকভিত্তিক 'শান্তি চুক্তি' সম্পন্ন করতে সক্ষম হবে।’
তবে নৌ অবরোধ বহাল থাকায়, যুদ্ধবিরতির এই মেয়াদ বৃদ্ধি ইরানকে ইসলামাবাদের আলোচনার টেবিলে আনার জন্য যথেষ্ট কি না, তা এখনো স্পষ্ট নয়। মঙ্গলবার সকালেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরানের বন্দরগুলো অবরোধকে ‘যুদ্ধাপরাধ’ এবং বিদ্যমান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেন। আরাঘচি লিখেন, ‘ইরান জানে কীভাবে বিধিনিষেধ অকার্যকর করতে হয়, কীভাবে নিজের স্বার্থ রক্ষা করতে হয় এবং কীভাবে দাদাগিরি প্রতিরোধ করতে হয়।
জনসম্মুখে ইরানের অবস্থান মার্কিন হুমকি এবং নৌ অবরোধ প্রত্যাখ্যান করা হলেও, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তেহরানের নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ মতবিরোধ কূটনৈতিক প্রচেষ্টাকে ধীর করে দিচ্ছে। মঙ্গলবার ট্রাম্প তাঁর বার্তায় লিখেন, ‘ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা অপ্রত্যাশিত কিছু নয়। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে আমরা ইরান আক্রমণ স্থগিত রাখতে রাজি হয়েছি, যাতে তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনেসহ বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। তা সত্ত্বেও তেহরানের শাসনব্যবস্থায় বড় ধরনের কোনো ভাঙন দেখা দেয়নি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুদ্ধের নেতৃত্বে রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তাঁর ছেলে মোজতবা খামেনি। তিনি অবশ্য গত মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো জনসমক্ষে আসেননি।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি আলী হাশেম ব্যাখ্যা করেছেন, ইরানি নেতৃত্বের মধ্যে বিভক্তি নিয়ে ট্রাম্পের দাবিটি সম্ভবত একটি ‘ভুল ধারণা’। হাশেম বলেন, ‘প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর থেকে ইরানের নেতৃত্ব খুবই ঐক্যবদ্ধ। কারণ, নতুন নেতা মোজতবা এবং তাঁর চারপাশের দলটি গত ১৫ বছর ধরে একসঙ্গে কাজ করছে। এই দলের সদস্যরা বর্তমানে তেহরানের সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলোতে রয়েছেন।’
তবে তেহরান তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের বিষয়ে অনড় রয়েছে। এ ছাড়া সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের ছাড় দেওয়ার বিষয়টিও তারা নাকচ করে দিয়েছে। আরেকটি বড় দ্বন্দ্বের বিষয় হলো ইরানের বর্তমান উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে। ট্রাম্প দাবি করেছেন, তেহরান বোমা হামলায় ধ্বংস হওয়া স্থানগুলো থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছে। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা ইউরেনিয়াম দেশের বাইরে যেতে দেবে না।

দীর্ঘ ২২ বছরের সংগ্রাম ও অপেক্ষার অবসান ঘটিয়ে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হয়েছে ঐতিহাসিক ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। এর মাধ্যমে দেশটির প্রায় ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো আইনি স্বীকৃতি ও শ্রম অধিকার পেতে যাচ্ছেন।
২২ মিনিট আগে
মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে শান্তি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তবে দুটি প্রধান বিদ্রোহী গোষ্ঠী দ্রুত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং গোষ্ঠীগুলোকে ১০০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে