Ajker Patrika

বোন হত্যার প্রতিশোধ নিতে ভগ্নিপতিকে হত্যা করল যুবক

আজকের পত্রিকা ডেস্ক­
বোন হত্যার প্রতিশোধ নিতে ভগ্নিপতিকে হত্যা করল যুবক
চিত্তারি হরিবাবু ও তাঁর প্রয়াত স্ত্রী বৈষ্ণবী। ছবি: এনডিটিভি

বোনকে হত্যার প্রতিশোধ নিতে তাঁর স্বামীকে হত্যা করেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার নিজামাবাদে চিত্তারি হরিবাবু (২৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বিরুদ্ধে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজামাবাদে রাস্তার পাশের একটি খাবারের দোকানের কাছে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, একটি গাড়িতে করে তিন–চারজন সেখানে আসে। তাদের মধ্যে একজন গাড়ি থেকে নেমে হরিবাবুকে অনুসরণ করেন। পরে নারকেল কাটার কাজে ব্যবহৃত একটি ছুরি দিয়ে তাঁর ঘাড় ও মাথায় হামলা চালানো হয়।

এ ঘটনায় হরিবাবু গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নিজামাবাদের সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হরিবাবুর বিরুদ্ধে তাঁর স্ত্রী ইউটিউবার গন্ধম বৈষ্ণবীকে হত্যার অভিযোগ ছিল। চলতি বছরের ১৭ মার্চ জাগিতিয়াল জেলার নিজ বাড়ি থেকে বৈষ্ণবীর মরদেহ উদ্ধার করা হয়।

হত্যার সময় বৈষ্ণবী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর পরিবারের অভিযোগ ছিল, অতিরিক্ত যৌতুকের দাবিতে তাঁকে নির্যাতন করা হতো। ওই অভিযোগের পর পুলিশ হরিবাবুর বিরুদ্ধে হত্যা মামলা করে। তাঁকে গ্রেপ্তার করা হলেও চলতি বছরের জুলাই মাসে তিনি জামিনে মুক্তি পান।

হরিবাবুকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার পেছনে বৈষ্ণবীর ভাই সন্তোষের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। হরিবাবুকে হত্যার দায় স্বীকার করে একটি সেলফি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সন্তোষকে বলতে শোনা যায়, ‘যে ব্যক্তি আমার বোনকে হত্যা করেছে, আমি তাঁকে হত্যা করেছি।’

ভিডিওতে তিনি আরও বলেন, তিনি একটি থানায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন এবং মানুষের কাছে তাঁকে সমর্থন করার আবেদন জানান। সন্তোষ দাবি করেন, সরকার ন্যায়বিচার দেবে বলে তিনি অপেক্ষা করেছিলেন। কিন্তু তাঁর বিশ্বাস, এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, অন্য একটি কাজে যাওয়ার সময় নিজামাবাদে হরিবাবুর সঙ্গে তাঁর দেখা হয়। তাঁকে চিনতে পেরে তিনি হামলা চালান।

সন্তোষ বলেন, নিজের নিরাপত্তার জন্য তিনি অস্ত্র সঙ্গে রাখতেন। ভিডিওতে তিনি আরও জানান, তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। মৃত্যুদণ্ড এড়াতে তাঁকে সহযোগিতা করার জন্যও মানুষের কাছে আবেদন করেন সন্তোষ। তিনি বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান রয়েছে। দয়া করে আমাকে সমর্থন করুন এবং নিরাপদে বেরিয়ে আসতে সাহায্য করুন।’

তবে ভিডিওটির সত্যতা এখনো পুলিশ যাচাই করছে। ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি বারবার দাবি করেন, তাঁর বোনের মৃত্যুর জন্য যাকে দায়ী মনে করেন, তিনিই হরিবাবু এবং তিনি তাঁকে হত্যা করেছেন। একই সঙ্গে তিনি পুলিশে আত্মসমর্পণ করার কথাও জানান। বৈষ্ণবীর হত্যাকাণ্ড তেলেঙ্গানায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছিল। এবার সেই ঘটনার পর প্রকাশ্যে হরিবাবুর সন্দেহভাজন প্রতিশোধমূলক হত্যাকাণ্ডও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীর হত্যার পর তাঁর স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে হরিবাবুকে প্রকাশ্যে হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। কারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তা খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত