
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে সিন্ধু প্রদেশ ভারতের অংশ না হলেও, সভ্যতাগত ঐতিহ্যের দিক থেকে এটি একসময় ভারতেরই অংশ ছিল। ১৯৪৭ সালে বিভাজনের পর সেটা পাকিস্তানে চলে যায়, ভবিষ্যতে সেই অঞ্চল আবারও ভারতে ফিরে আসতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেছেন রাজনাথ সিং। তবে প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য ভারত-পাকিস্তান উত্তেজনা আবারও উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজধানী দিল্লিতে আয়োজিত ‘সিন্ধি সমাজ সম্মেলনে’ রাজনাথ সিং বলেন, ‘সভ্যতার দিক থেকে সিন্ধু সব সময় ভারতেরই অংশ থাকবে। ভূরাজনৈতিক সীমান্ত কখনোই চূড়ান্ত বা স্থায়ী নয়।’
তিনি আরও বলেন, ‘আজ সিন্ধুর ভূমি ভারতের অংশ না-ও হতে পারে, কিন্তু সভ্যতাগতভাবে সিন্ধু সব সময়ই ভারতের অংশ। আর ভূমির কথা বলতে গেলে—সীমান্ত বদলায়। কে জানে, কাল-পরশুই হয়তো সিন্ধু আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে।’
রাজনাথ সিং তাঁর বক্তব্যে বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, বিভাজনের এত দশক পরও অনেক সিন্ধি হিন্দু সিন্ধুর বিচ্ছেদ মেনে নিতে পারেননি।
তিনি বলেন, ‘সারা ভারতের হিন্দুরা সিন্ধু নদকে পবিত্র মনে করে। সিন্ধুর বহু মুসলমানও বিশ্বাস করতেন সিন্ধুর পানি মক্কার জমজমের পানির মতোই পবিত্র—এটিও আদবানিজির লেখারই উদ্ধৃতি।’
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সিন্ধুর মানুষ আজ পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনারা সব সময় ভারতেরই মানুষ এবং ভারতেরই অংশ। মে মাসে যখন অপারেশন সিঁদুর চলছিল, তখন আমাদের উচিত ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়া।’
তবে এমন ধারণা শুধু রাজনাথ সিংয়ের একার নয়। অপারেশন সিঁদুরের সময় অনেক ভারতীয়ই এমন মন্তব্য করেছিলেন। তাঁরা বলেন, ভারতের উচিত ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে অগ্রসর হয়ে নিজেদের ভূখণ্ড পুনর্দখল করা।
তাই রাজনাথ সিংয়ের এমন বক্তব্য বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাঁর এই বক্তব্য ভারত-পাকিস্তান উত্তেজনা আবারও উসকে দিতে পারে। সেই সঙ্গে পাকিস্তানের কড়া প্রতিক্রিয়াও আনতে পারে।
প্রসঙ্গত, বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ একসময় ছিল ভারতের সিন্ধি জনগোষ্ঠীর (ইন্দো-আর্য জাতিগোষ্ঠী) আদি নিবাস। এখানেই গড়ে উঠেছিল প্রাচীন সিন্ধু সভ্যতা, যা ভারতীয় ইতিহাসের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত।

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
৯ ঘণ্টা আগে
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দুই দিনের বৈঠক শেষে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীনতার পথে যাক।’
১০ ঘণ্টা আগে
রাশিয়ার সীমান্ত থেকে মাত্র সাত মাইল দূরেই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামেরই ছেলে ১২ বছর বয়সী আনাতোলি প্রোখোরেঙ্কো।
১৩ ঘণ্টা আগে
ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুক্রবার (১৫ মে) ভারতের দিল্লিতে শেষ হলেও কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠায় আয়োজক ভারত শেষ পর্যন্ত শুধু চেয়ারম্যানের বিবৃতি প্রকাশ করেছে।
১৪ ঘণ্টা আগে