
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সেই আহ্বানে এক প্রকার সরাসরিই সাড়া দিয়েছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উভয় দেশই আশাবাদী, তুরস্কের ইস্তাম্বুলে হতে যাওয়া সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। এদিকে, এই আলোচনায় উপস্থিত থাকার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত শক্তিধর দেশগুলোর মধ্যে নতুন কূটনৈতিক তৎপরতা সৃষ্টি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের সম্ভাব্য পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।
রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রস্তাব মেনে নেওয়ার কথা বলার পর জেলেনস্কি রাজি হন। তবে তিনি শর্ত দেন যে, পুতিনকেও ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে। এরপর গতকাল সোমবার আকস্মিকভাবে ট্রাম্প নিজেও এই আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব দেন।
মধ্যপ্রাচ্য সফর শুরু আগে ট্রাম্প বলেন, ‘আমার অনেক মিটিং আছে, কিন্তু আমি আসলে সেখানে (ইস্তাম্বুলে) উড়ে যাওয়ার কথা ভাবছিলাম। এটা সম্ভব হতে পারে, যদি আমি মনে করি কিছু ঘটতে পারে। আমাদের এটা শেষ করতে হবে।’ ট্রাম্প আরও বলেন, ‘বৃহস্পতিবার তুরস্কে কী হয়, তাকে ছোট করে দেখবেন না।’
ট্রাম্পের প্রস্তাবের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউক্রেনে ‘যুদ্ধবিরতির জন্য ভবিষ্যতের পথ’ নিয়ে আলোচনা করেন। এই আলোচনায় ব্রিটেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানও উপস্থিত ছিলেন। আলোচনায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলোচনা করেছেন। ক্রেমলিন বারবার মধ্যস্থতায় সহায়তার জন্য চীন এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে ধন্যবাদ জানিয়েছে।
এর আগে, ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠান। এর ফলে যে যুদ্ধ শুরু হয় তাতে উভয় পক্ষে লক্ষাধিক সৈন্য নিহত হয়েছে। এটি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে মারাত্মক সংঘাতের সৃষ্টি করেছে।
ট্রাম্প জেলেনস্কিকে পুতিনের আলোচনার প্রস্তাব মেনে নিতে বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ইস্তাম্বুলে পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে ইচ্ছুক বলে জানান। যদিও পুতিন নিজে সেখানে যাবেন কি না সে বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রস্তাবিত আলোচনা সম্পর্কে সাংবাদিকেরা আরও প্রশ্ন করার আগেই পেসকভ বলেন, ‘এটুকুই। এই গল্পটি সম্পর্কে আমার যা বলার ছিল সবই বলেছি।’
পুতিন ও ক্রেমলিন বারবার ২০২২ সালের খসড়া চুক্তির কথা উল্লেখ করেছেন। এই চুক্তিটি রুশ আক্রমণের পরপরই রাশিয়া ও ইউক্রেন আলোচনা করে তৈরি করেছিল। রয়টার্স এই খসড়া চুক্তির একটি অনুলিপি পর্যালোচনা করেছে। চুক্তি অনুযায়ী, ইউক্রেনকে স্থায়ী নিরপেক্ষতা মেনে নিতে হবে। বিনিময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশটি আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা পাবে।
জেলেনস্কি ও পুতিন একে অপরের প্রতি চরম অবজ্ঞা পোষণ করেন। যদি তারা বৃহস্পতিবার দেখা করেন, তবে ২০১৯ সালের ডিসেম্বরের পর এটি হবে তাদের প্রথম মুখোমুখি বৈঠক। তবে, ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্ররা রাশিয়াকে জানিয়েছে, সোমবার থেকে নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে হবে। অন্যথায় নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তবে ক্রেমলিন বলেছে, তাদের সঙ্গে আল্টিমেটামের সুরে কথা বলা যাবে না।
রাশিয়ার বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে—পুরো ক্রিমিয়া, প্রায় সমগ্র লুহানস্ক এবং দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা। রাশিয়ার অনুমান অনুযায়ী, দেশটি খারকিভ অঞ্চলের একটি ক্ষুদ্র অংশও নিয়ন্ত্রণ করে। রাশিয়া এখনো এগিয়ে চলেছে, যদিও ২০২৪ সালের চেয়ে ধীর গতিতে। উভয় পক্ষই বলেছে, লড়াই চলছে। তবে কেউ কেউ বলেছেন, ইস্তাম্বুলের আলোচনা রক্তপাত বন্ধ করার একটি সম্ভাব্য সুযোগ করে দিয়েছে।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান কনস্ট্যান্টিন কোসাচভ মঙ্গলবার ইজভেস্তিয়া সংবাদমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে বলেন, মস্কো এবং কিয়েভের মধ্যে আলোচনা ২০২২ সালের চেয়ে আরও এগিয়ে যেতে পারে। তিনি বলেন, ‘যদি ইউক্রেনীয় প্রতিনিধিদল কোনো আল্টিমেটাম ছাড়াই এবং সাধারণ ভিত্তি খুঁজে বের করার ম্যান্ডেট নিয়ে এই আলোচনায় আসে, আমি নিশ্চিত যে আমরা আরও অনেক এগিয়ে যেতে পারব।’

কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। কোনো নারী এই কাজ করতে পারলে তাঁকে দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার।
২ ঘণ্টা আগে
ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে ভারতে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী। ওই সরকারি আবাসিক বিদ্যালয়টিতে চার ছাত্রীর ওপর ‘ভূতে আছড়’ করেছে এই গুজব ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে কৃষিপণ্য রপ্তানি প্রায় থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটির কৃষকেরা। ভালো ফলন হওয়া সত্ত্বেও শস্য বিক্রি করতে না পারায় কৃষকদের অর্থসংকট তীব্র হচ্ছে। এর ফলে শুধু চলতি মৌসুম নয়, আগামী বছরের ফসল উৎপাদনও ঝুঁকির মুখে পড়েছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার হামাসের সঙ্গে বিরল এক বৈঠকে বসেছিলেন। বৈঠকে মার্কিন-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে