
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময়ে ইউক্রেনেও রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন আরও সাতজন। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১ হাজার ৪৭৮টি ড্রোন এবং ৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীর দিকে প্রায় ৬০০টি ড্রোন পাঠানো হয়েছিল, যার মধ্যে ২০১টি ধ্বংস করা হয়েছে। তাঁর দাবি, গত দুই বছরের মধ্যে মস্কোর ওপর এটিই সবচেয়ে বড় আকাশ হামলা।
রোববার (১৬ আগস্ট) দ্য গার্ডিয়ান জানায়, ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর দক্ষিণে পোদলস্ক এলাকায় অনলাইন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি বিশাল গুদামে হামলার পর আগুন ধরে যায়। প্রায় দুই লাখ বর্গমিটার আয়তনের ওই গুদাম থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ার ছবি প্রকাশিত হয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ হামলাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ড্রোন হামলা বলে বর্ণনা করেছেন।
রাশিয়ার রোস্তভ অঞ্চলেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নরের দাবি, সেখানে প্রায় ১৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং পাঁচজন নিহত হয়েছেন। মস্কো অঞ্চলে আরও একজনের মৃত্যুর খবর দিয়েছে রুশ কর্তৃপক্ষ। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২০২৬ সালে ইউক্রেন দীর্ঘপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা দ্রুত বাড়িয়েছে। দেশটি এখন সীমান্ত থেকে প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার দূরের রুশ স্থাপনাতেও হামলা চালাতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেল শোধনাগার, বন্দর, গুদাম ও সামরিক স্থাপনা এসব হামলার অন্যতম লক্ষ্য।
অন্যদিকে রুশ হামলায় ইউক্রেনের ক্রিভি রিহ, সুমি ও কিয়েভসহ বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। কিয়েভে রাত ৩টার কিছু আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন আহত হন এবং কয়েকটি স্থানে আগুন ধরে যায়। রাজধানীর ওবোলনস্কি জেলার পেত্রোভকা বইবাজারের একটি বড় অংশ আগুনে পুড়ে যায়। কয়েকজন ব্যবসায়ী জানান, তাঁদের পুরো বইয়ের মজুত ধ্বংস হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রুশ হামলার নিন্দা করে বলেন, রাশিয়া যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে পারে, সেখানেই বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। তাঁর দাবি, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে ১ হাজার ৫৫০ টির বেশি ড্রোন, প্রায় ১ হাজার ৫৬০টি গাইডেড বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি রুশ ড্রোনকে ন্যাটোর টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে ন্যাটোর এক সামরিক মুখপাত্র জানিয়েছেন। যুদ্ধের বিস্তৃতি নিয়ে এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইতালির সিসিলিতে মেসিনা শহরের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি অমূল্য চিত্রকর্ম চুরি হয়েছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি জানিয়েছেন, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর মূল্য ‘অনেক বেশি’। শনিবার (১৫ আগস্ট) রাতে আঞ্চলিক জাদুঘর ‘মিউজিয়াম অব মেসিনা’ থেকে এগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা।
৩৩ মিনিট আগে
বেপরোয়া গতিতে সাইকেল চালানোর কারণে পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় যুক্তরাজ্যের ক্যামব্রিজে প্রথমবারের মতো সাইকেল চালকদের জন্য ঘণ্টায় ১৫ মাইল বা প্রায় ২৪ কিলোমিটার গতিসীমা চালু করা হয়েছে। দেশটির ‘সাইক্লিং ক্যাপিটাল’ হিসেবে পরিচিত শহরটির জনপ্রিয় একটি পথে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১ তম বার্ষিকীতে বিতর্কিত ইয়াসুকুনি মন্দিরে যাননি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির মন্দিরটি পরিদর্শন ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
৪ ঘণ্টা আগে
হাঙ্গেরির পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার ভোরে দেশটির মেজোকারেসতেস শহরের কাছে পর্যটকদের বহনকারী বাসটি উল্টে যায়। সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাজিয়ার।
৪ ঘণ্টা আগে