রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি ক্যাফেতে বিস্ফোরণে প্রখ্যাত এক সামরিক ব্লগার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
সেন্ট পিটার্সবার্গ শহরের কাছেই নেভা নদীর তীরে অবস্থিত ‘স্ট্রিট ফুড বার নম্বর ওয়ান’ নামের ক্যাফেতে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পরপরই সেখানে পুলিশ উপস্থিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, নিহত ব্লগার ও সামরিক সংবাদদাতার নাম ভ্লাদলেন তাতারস্কি। তদন্তকারীরা বলেছেন, ক্যাফের ভেতরে কোনো একটি যন্ত্রের বিস্ফোরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ক্যাফে বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা বেশ গুরুতর।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলেছে, তাতারস্কিকে উপহার দেওয়া একটি মূর্তির ভেতরে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক লুকানো ছিল। সেটির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। রিয়া নভোস্তি এজেন্সি জানিয়েছে, একটি মেয়ে ওই ব্লগারকে মূর্তিটি উপহার দিয়েছিলেন বলে জানা গেছে।
ক্যাফের একজন নারী কর্মী আলিসা স্মোট্রোভা এএফপিকে বলেছেন, একজন নারী ওই ব্লগারকে মূর্তিটি দিয়েছিলেন। পরে হঠাৎ সেটির বিস্ফোরণ ঘটে। মুহূর্তে রক্ত আর কাচের টুকরোয় মেঝে ভরে যায়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তাতারস্কির প্রকৃত নাম ম্যাক্সিম ফোমিন। টেলিগ্রামে তাঁর পাঁচ লাখের বেশি ফলোয়ার রয়েছে। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পক্ষে প্রচারণার কাজ করতেন। বিস্ফোরণের সময় তিনি ওই ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, বিস্ফোরণের পরে টেলিগ্রামে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তাতারস্কিকে একটি মূর্তি হস্তান্তর করা হচ্ছে। তিনি এটি নিয়ে রসিকতা করছিলেন। তবে এর ভেতরে বিস্ফোরক ছিল কি না তা যাচাই করতে পারেনি বিবিসি।
৪০ বছর বয়সী তাতারস্কি পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক অঞ্চল থেকে এসেছেন। রাশিয়া এ অঞ্চলকে নিজেদের বলে দাবি করে।
এ বিস্ফোরণের পর এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পেদোলিয়াক এক টুইটার পোস্টে বলেছেন, ঘরোয়া সন্ত্রাসবাদ কখন যে অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠবে, সে বিষয়ে প্রশ্ন তোলার এখনই সময়।

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
৪ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
৬ ঘণ্টা আগে