Ajker Patrika

পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ডজনখানেক

আজকের পত্রিকা ডেস্ক­
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আহত ডজনখানেক
ক্রাকোভের বিখ্যাত ‘মেইন স্কয়ারে’ এই হামলার ঘটনা ঘটেছে। ছবি: এএফপি

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগরী ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত এবং প্রায় ডজনখানেক মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) হামলাকারী ব্যক্তি গাড়ি চালিয়ে ক্রাকোভের বিখ্যাত ‘মেইন স্কয়ারে’ প্রবেশ করেন এবং পথচারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করেন। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

দেশটির পুলিশ বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করেছে। পোল্যান্ডের আঞ্চলিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, ঘটনার পরপরই পুলিশ সদস্যরা সেখানে পৌঁছান এবং বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালান। পরে গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীকে আটক করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্রাকোভ পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে নিশ্চিত করেছেন, এই ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আনুমানিক ডজনখানেক মানুষ আহত হয়েছেন। অভিযুক্ত হামলাকারী পুলিশের গুলিতে ঘায়েল হয়েছে এবং তাঁকে হেফাজতে নিয়েছে।

এদিকে এই ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং পোল্যান্ডের অন্যতম প্রধান এই পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণ ঘিরে ফেলে। এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী হাতে অস্ত্র নিয়ে মেইন স্কয়ারের চারদিকে হেঁটে হেঁটে সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছিল। ক্রাকোভের ইতিহাসে এমন নৃশংস ঘটনা আগে দেখা যায়নি।

ঘটনার নিন্দা জানিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এক বিবৃতিতে বলেছেন, পুলিশ হামলার কারণ এবং এর পেছনে থাকা সবকিছু নিবিড়ভাবে তদন্ত করছে।

অন্যদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি এক্সে লিখেছেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘পোল্যান্ডের নাগরিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড। ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশটিতে এ ধরনের প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা বিরল। তবে সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটি ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। এর মধ্যেই আজ এমন গুলিবর্ষণের ঘটনা ঘটল।

পোল্যান্ডের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক নগরী ক্রাকোভ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। প্রতি বছর এখানে দেড় কোটিরও বেশি দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। এমন একটি ব্যস্ততম স্থানে হামলায় পুরো দেশজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত