
রাশিয়ার দুটি প্রধান লজিস্টিকস ও ই-কমার্স সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত আটজন নিহত এবং ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আজ শনিবার মস্কো ও তাম্বোভ অঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ইউক্রেন এই হামলাকে তাদের ভূখণ্ডে চার বছরেরও বেশি সময় ধরে চলা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য ও প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।
রাশিয়ার তাম্বোভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানিয়েছেন, শত্রুপক্ষের মনুষ্যবিহীন ড্রোন (ইউএভি) তাম্বোভের কোতোভস্ক শহরের ওয়াইল্ডবেরিজ নামক একটি লজিস্টিকস ও ই-কমার্স সেন্টারে আঘাত হানে। এতে সেখানে কর্মরত নাইট শিফটের সাতজন কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় আরও ২৪ জন গুরুতর আহত হয়েছেন।
রাশিয়ার অন্যতম শীর্ষ ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তাম্বোভ অঞ্চলের কোতোভস্ক এবং মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টাল শহরে অবস্থিত তাদের দুটি বিশাল লজিস্টিকস কমপ্লেক্স আজ ভোরে ড্রোন হামলার শিকার হয়। হামলার পরপরই তাম্বোভের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও মস্কোর ইলেকট্রোস্টালের কেন্দ্রটিতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ সময় ধরে লড়াই করতে হয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ জানিয়েছেন, ইলেকট্রোস্টালের ওয়াইল্ডবেরিজ গুদামে হামলায় একজন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন। এ ছাড়া ওই অঞ্চলের নোগিনস্ক শহরের একটি তেলের ডিপোতেও ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আরও দুজন আহত হন এবং নিরাপত্তার স্বার্থে পাশের একটি প্রসূতি হাসপাতাল থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, আজ শনিবার স্থানীয় সময় সকালে মস্কো ও তার আশপাশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এরপরই রাজধানী থেকে অসংখ্য ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাতভর মস্কো লক্ষ্য করে ৩৭০টিরও বেশি ড্রোন ছুড়েছিল ইউক্রেন। তবে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী দূরবর্তী সীমান্তেই অধিকাংশ ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে এবং মস্কোর কাছাকাছি পৌঁছানো ৬৪টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে এক বিবৃতিতে এই হামলার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে ৫০০ এবং ৭০০ কিলোমিটার গভীরে অবস্থিত রাশিয়ার দুটি প্রধান লজিস্টিকস সেন্টারে নিখুঁত আঘাত হানা হয়েছে। তিনি অভিযোগ করেন, এই বেসামরিক লজিস্টিকস সেন্টারগুলোকে গোপনে রাশিয়ার সামরিক ড্রোন উৎপাদন ও নেভিগেশনাল (পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে আনা) যন্ত্রাংশ সরবরাহের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
এদিকে এই হামলার জবাবে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়েছে। দেশের ধারাবাহিক হামলা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলছে।

উত্তর কোরিয়া তাদের দ্বিতীয় আধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার কমিশন করেছে। জাহাজটি ২০২৫ সালের মে মাসে পানিতে নামানোর সময় উল্টে যাওয়ার পর এই ঘটনা উত্তর কোরিয়ার জন্য এক উল্লেখযোগ্য ঘুরে দাঁড়ানোর ঘটনা। ওই দুর্ঘটনায় দেশটির নেতা কিম জং-উন ক্ষুব্ধ হয়ে ঘটনাটিকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছিলেন।
১ ঘণ্টা আগে
বিশ্ব মানচিত্রে বিভিন্ন মহাদেশের প্রকৃত আয়তনের তুলনামূলক সঠিক চিত্র তুলে ধরতে সমান-আয়তনভিত্তিক মানচিত্র প্রক্ষেপণ ব্যবহারের প্রচারের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা একটি প্রস্তাবে ভারত সমর্থন জানিয়েছে। তবে, ভারত এই মানচিত্রকে অনুমোদন দেয়নি। দেশটির দাবি, জম্মু–কাশ্মীর ও লাদাখকে ভারতের অবিচ্ছেদ্য...
২ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৈরি অননুমোদিত কিছু বসতি বা আউটপোস্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) জয় পেয়েছে। এমনটাই উঠে এসেছে বুথফেরত জরিপে। স্থানীয় সময় গতকাল রোববার জার্মান সম্প্রচারমাধ্যম এআরডির প্রকাশিত বুথফেরত জরিপ অনুযায়ী, এএফডি ৪৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে।
৪ ঘণ্টা আগে