Ajker Patrika

এশিয়ার সাবেক শীর্ষ ধনী হুই কা ইয়ানের যাবজ্জীবন কারাদণ্ড

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ আগস্ট ২০২৬, ২০: ১৩
এশিয়ার সাবেক শীর্ষ ধনী হুই কা ইয়ানের যাবজ্জীবন কারাদণ্ড
আদালতে চীনের অন্যতম বৃহৎ আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ান। ছবি: সিনহুয়া

চীনের অন্যতম বৃহৎ আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে আর্থিক প্রতারণাসহ একাধিক অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

৬৭ বছর বয়সী হুই কা ইয়ান একসময় চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন ছিলেন। শুধু তা-ই নয়, একসময় তাঁকে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ২০১৭ সালে ফোর্বসের হিসাবে তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪২ দশমিক ৫ বিলিয়ন ডলার। গত এপ্রিল মাসে তিনি অন্তত আটটি অভিযোগে দোষ স্বীকার করেন।

ইয়ানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—কোম্পানির অর্থের অপব্যবহার, তহবিল সংগ্রহে প্রতারণা, অবৈধভাবে জনসাধারণের আমানত গ্রহণ, বেআইনিভাবে ঋণ দেওয়া, প্রতারণার মাধ্যমে সিকিউরিটিজ ইস্যু ও ঘুষ।

দক্ষিণ চীনের শেনঝেন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট রায়ে বলেছেন, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে হুই কা ইয়ান ধারাবাহিক ও বৃহৎ পরিসরে আর্থিক প্রতারণার মাধ্যমে এভারগ্র্যান্ডের সম্পদের পরিমাণ কৃত্রিমভাবে বাড়িয়ে দেখান এবং বিপুল ঋণ গোপন করেন। আদালতের ভাষ্য, তাঁর কর্মকাণ্ড সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত করেছে এবং দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ ক্ষতি ডেকে এনেছে।

এ মামলায় ইয়ানের প্রতিষ্ঠিত এভারগ্র্যান্ড গ্রুপকে ৮ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান জরিমানা করা হয়েছে। কোম্পানিটির আবাসন শাখাকেও ৭ বিলিয়ন ইউয়ান জরিমানা গুনতে হবে। এ ছাড়া এভারগ্র্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ জনের বেশি ব্যক্তিকে ২০ মাস থেকে ১৮ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

এভারগ্র্যান্ডের পতন চীনের আবাসন খাতের গভীর সংকটের প্রতীক হয়ে উঠেছে। কোম্পানিটির প্রায় ৩০০ বিলিয়ন ডলার ঋণের বড় অংশ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দেশটির অর্থনীতিতে ব্যাপক ধাক্কা লাগে। ২০২০ সালে চীনা সরকার আবাসন কোম্পানিগুলোর ঋণ গ্রহণে কঠোর সীমা আরোপ করলে ঋণনির্ভর এই খাতের সংকট আরও তীব্র হয়।

হেনান প্রদেশের একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া হুই কা ইয়ান ১৯৯৬ সালে এভারগ্র্যান্ড প্রতিষ্ঠা করেন। একসময় তিনি চীনের ধনকুবেরদের প্রতীক ছিলেন। সেই ব্যক্তিই এখন দেশের অন্যতম বড় করপোরেট কেলেঙ্কারির দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত