
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। গতকাল বুধবার হিমালয়ের এক নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে বিভিন্ন শহর ও উপত্যকা প্লাবিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে জীবিতদের সন্ধান চালান এবং দুর্গম এলাকায় আটকে পড়া হাজারো মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছে দেন। দুর্ঘটনাটি ঘটেছে এমন এক দুর্গম পার্বত্য অঞ্চলে, যেখান দিয়ে তিব্বতের লাসা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে বিপুলসংখ্যক পর্যটক ও তীর্থযাত্রী যাতায়াত করেন।
নেপাল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে যেতে পারে। পুলিশের মুখপাত্র আবিনারায়ণ কাফলে রয়টার্সকে বলেন, ‘অনুসন্ধান আবার শুরু হয়েছে। আরও মরদেহ উদ্ধারের সম্ভাবনা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে।’
নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৬০০ জন বিদেশি বলে জানিয়েছে পুলিশ ও পর্যটন কর্মকর্তারা। নিখোঁজ বিদেশি পর্যটকেরা দুই ডজনেরও বেশি দেশের নাগরিক। তাঁদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন। অন্যদিকে, তিব্বতের গিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। তাঁদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।
যাচাই করা ভিডিওতে দেখা গেছে, গিরংয়ের একটি সীমান্ত পারাপার এলাকায় পানি, কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এর পরের দিকে নেপালের ভূখণ্ডে বহু বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ প্রকল্পও পানির তোড়ে ধ্বংস হয়ে যায়।
বন্যা ও ভূমিধস থেকে বেঁচে যাওয়া ৬৮ বছর বয়সী কেশব প্রসাদ বারাল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘আমাদের দিকে সরাসরি বিশাল এক কাদার ঢল এগিয়ে আসছিল।’ তিনি জানান, ঢল যত কাছে আসছিল, সেটি তত উঁচু হচ্ছিল। কাদা তাঁদের বাড়িতে ঢুকে পড়ার সময় তিনি স্ত্রীর হাত ধরে তাঁকে বাড়ির ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কাদার স্রোত তাঁর স্ত্রীকে ভাসিয়ে নিয়ে যায়। চার ঘণ্টা পর একটি হেলিকপ্টারে করে তাঁকে নিরাপদ স্থানে নেওয়া হয়। বারাল বলেন, ‘আমার স্ত্রী এখনো কোথাও কাদার নিচে আছে। সে চলে গেছে।’
আরেক বেঁচে যাওয়া ব্যক্তি জানান, তিনি একটি আমগাছ আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করেন। তাঁর চোখের সামনে তিনি যে বাড়িতে কাজ করছিলেন, সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে তাঁবু, খাবারসহ জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিবেশী ভারত এসব ত্রাণ সরবরাহ করছে বলে জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত। উদ্ধার ও তল্লাশি অভিযানে পাঁচ হাজারেরও বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের কাজ হলো জীবিতদের সন্ধান করা এবং মরদেহ উদ্ধার করা।
এদিকে, প্রাথমিকভাবে নেপালের কর্মকর্তারা ধারণা করেছিলেন, ওই এলাকায় একটি ভূমিকম্পের কারণে হিমবাহের নিচের অংশ ধসে পড়ে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথমে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে যে কম্পন শনাক্ত করা হয়েছিল, সেটি আসলে হিমবাহের পাথর ও বরফ ধসে পড়ার ফলে সৃষ্ট ভূকম্পনশক্তি। এরপর সেখানে ধ্বংসাবশেষের প্রবাহ বা ডেব্রিস ফ্লো তৈরি হয়।
এদিকে, তিব্বতের গিরং এলাকায় একটি হ্রদে পানি আটকে থাকা অবস্থায় নতুন ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। হ্রদটি ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত তিব্বত-নেপাল সীমান্ত পারাপার এলাকার উজানে অবস্থিত। সেখানে পানির চাপ বা হ্রদের পানি হঠাৎ নেমে এলে উদ্ধার অভিযান আরও জটিল হয়ে উঠতে পারে বলে সিসিটিভি জানিয়েছে।
নিখোঁজদের অনেকেই কৈলাস-মানস সরোবরের তীর্থযাত্রায় অংশ নিয়েছিলেন। তিব্বতের উচ্চভূমিতে অবস্থিত এই স্থান হিন্দু ও বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস, কৈলাস পর্বত হলো ভগবান শিবের আবাসস্থল। কৈলাস পর্বতের পাশেই রয়েছে মানস সরোবর হ্রদ, যা বিভিন্ন ধর্মের অনুসারীদের কাছেই পবিত্র বলে বিবেচিত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা একজন দুর্যোগ মোকাবিলা-বিষয়ক পরামর্শক নেপালে পাঠাচ্ছে এবং দেশটিকে ৫াঁচ লাখ ডলার সহায়তা দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তাঁর সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বন্যার ঘটনাকে ‘একেবারে ভয়াবহ’ বলে বর্ণনা করেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদার সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত নেপালি জনগোষ্ঠীর সহায়তায় ত্রাণসামগ্রী ও কর্মী পাঠাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, দুর্যোগটির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘নেপাল একটি উন্নয়নশীল দেশ। অস্ট্রেলিয়ায় এমন একটি দুর্যোগ মোকাবিলার জন্য যে ধরনের সম্পদ রয়েছে, নেপালের তা নেই। তাই তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।’
হিমালয়ভিত্তিক একটি পর্যটন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাগর পান্ডে জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে তীর্থযাত্রায় থাকা ১৫ জন ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টারে করে দুর্গত এলাকা পরিদর্শনের পর তিনি রয়টার্সকে বলেন, ‘মানুষের তৈরি কোনো কিছুই আর নেই, কোনো জনবসতিও নেই। সবকিছু সমতল হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘তাই হোটেল, রেস্তোরাঁ কিংবা গাড়ির মধ্যে যারা ছিলেন, আমার বিশ্বাস সবাই মারা গেছেন।’
উদ্ধার অভিযান নতুন করে জোরদার করা হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা, ধ্বংসস্তূপ, বিচ্ছিন্ন সড়ক এবং উজানে থাকা আটকে পড়া পানির ঝুঁকির কারণে উদ্ধারকারীদের সামনে পরিস্থিতি অত্যন্ত কঠিন। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের সঙ্গে যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কমিয়ে দেওয়া বা সরিয়ে নেওয়া মার্কিন কূটনীতিকদের আবার দূতাবাস ও কনস্যুলেটে পাঠানো শুরু করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে...
১ ঘণ্টা আগে
ফ্রি স্কুল স্ট্রিটে একটি লজে আগুনে ৭ বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়। সেই ঘটনার এক সপ্তাহ পরও কলকাতার ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। একসময় যেখানে সারাক্ষণ মানুষের ভিড় ও ব্যস্ততা থাকত, এখন সেখানে নেমে এসেছে এক ধরনের নীরবতা। আগুনের ঘটনার পর একের পর এক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ, নেপাল...
১ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ–এর পরিচালক জন র্যাটক্লিফের রাশিয়ার রাজধানী মস্কো সফরকে ‘সেমি-রুটিন’ বা অনেকটাই নিয়মিত সফর বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে র্যাটক্লিফের আকস্মিক ও আগে থেকে ঘোষণা না দেওয়া এই সফর ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র দাবি করেছেছে, চীনভিত্তিক এক দল হ্যাকার মার্কিন বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ, মার্কিন সিনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা এবং কিছু ক্ষেত্রে সফল অনুপ্রবেশ চালিয়েছে। তবে তারা এই প্রচেষ্টা ব্যাহত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন...
৩ ঘণ্টা আগে