Ajker Patrika

লেবানন সীমান্তে নিজেদের গোলায় ইসরায়েলি নিহত, স্বীকার করল সেনাবাহিনী

আজকের পত্রিকা ডেস্ক­
লেবানন সীমান্তে নিজেদের গোলায় ইসরায়েলি নিহত, স্বীকার করল সেনাবাহিনী
ফাইল ছবি

লেবানন সীমান্ত সংলগ্ন উত্তর ইসরায়েলের মিসগাভ আম এলাকায় এক ইসরায়েলি নাগরিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। হিজবুল্লাহর রকেট হামলায় নয়, বরং ইসরায়েলি সেনাবাহিনীর ভুল নিশানায় ছোড়া কামানের গোলার আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ৬০ বছর বয়সী ওফার মস্কোভিৎস গতকাল রোববার মিসগাভ আম কিবুতজে অবস্থানকালে প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এটিকে লেবানন থেকে আসা রকেট হামলা বলে দাবি করলেও, পরবর্তীতে শুরু হওয়া উচ্চপর্যায়ের তদন্তে ‘মারাত্মক অপারেশনাল ত্রুটি’ ধরা পড়ে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে দায়িত্বরত ইসরায়েলি পদাতিক বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য পাশেই একটি আর্টিলারি ব্যাটারি (কামানের ইউনিট) মোতায়েন ছিল। সেখান থেকে লেবাননের ভেতরে লক্ষ্যবস্তু নির্ধারণ করে গোলা ছোড়ার কথা থাকলেও, ভুল কোণ এবং নির্ধারিত পদ্ধতি অনুসরণ না করায় পাঁচটি গোলা সরাসরি মিসগাভ আম রিজ এলাকায় গিয়ে আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, গোলার লক্ষ্যভেদে মারাত্মক পরিকল্পনাগত ভুল এবং পদ্ধতিগত বিচ্যুতি লক্ষ্য করা গেছে। শত্রুপক্ষের অবস্থানের পরিবর্তে কামানের গোলাগুলো ভুলবশত নিজেদের বসতিপূর্ণ এলাকায় আঘাত হানে।

ইসরায়েলি ব্রডকাস্টিং অথোরিটির রিপোর্ট অনুযায়ী, গোলার আঘাতে ওফার মস্কোভিৎস মারাত্মক আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়।

নিহত ওফার মস্কোভিৎসের মৃত্যুর পর থেকেই সীমান্তে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। নিজ সেনাবাহিনীর গোলার আঘাতে নাগরিকের মৃত্যু হওয়ায় সামরিক বাহিনীর দক্ষতা ও নিরাপত্তা প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভুলের পেছনে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এমন অনাকাঙ্ক্ষিত ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত