
তিব্বতি বৌদ্ধদের ধর্মীয় নেতা দালাই লামা আরও অন্তত ৪০ বছর, বা মোট ১৩০ বছরেরও বেশি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন। দালাই লামা বলেছেন, তিনি আশা করেন, ১৩০ বছরের বেশি বাঁচবেন। মৃত্যুর পর তিনি পুনর্জন্ম নিয়ে তিব্বতি বৌদ্ধধর্মের প্রধান হিসেবে আবার ফিরে আসবেন বলেও ভক্তদের আশ্বাস দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ শনিবার ভারতের হিমাচলের ধর্মশালায় তাঁর দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক প্রার্থনা অনুষ্ঠানে এসব কথা বলেন দলাই লামা। এদিন হাজারো ভক্ত, সন্ন্যাসী এবং বিভিন্ন দেশের অতিথিরা ওই অনুষ্ঠানে যোগ দেন। আগামীকাল রোববার তাঁর ৯০তম জন্মদিন।
অনুষ্ঠানে দলাই লামা বলেন, ‘আমি এখন পর্যন্ত বৌদ্ধধর্ম এবং তিব্বতের মানুষের জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করতে পেরেছি। এখনো আশা করি, আমি ১৩০ বছরের বেশি বাঁচব।’ তাঁর এ কথা শুনে উপস্থিত ভক্তরা হাততালি ও উল্লাসে ফেটে পড়েন।
ইতিমধ্যে দলাই লামা তিব্বতি বৌদ্ধধর্মের সবচেয়ে দীর্ঘজীবী নেতা হিসেবে ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন। ধর্মশালায় অবস্থিত তাঁর আশ্রমে তিনি প্রায় ৯০ মিনিট সময় কাটান। ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিনি ভারতে আশ্রয় নেন এবং তার পর থেকেই ধর্মশালায় বসবাস করছেন।
তিব্বতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় চীন। দেশটি দলাই লামাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ মনে করে এবং তাঁর উত্তরসূরি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিজেদের হাতেই রাখতে চান। এ নিয়ে দলাই লামা বলেন, তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার একমাত্র অধিকার অলাভজনক প্রতিষ্ঠান ‘গাডেন ফোড্রাং ট্রাস্টের’ হাতে থাকবে। তিনি আগেই ঘোষণা দিয়েছেন, তাঁর পুনর্জন্ম হবে ‘মুক্ত বিশ্বে’, অর্থাৎ চীনের বাইরে।
এদিনের অনুষ্ঠানে মূল মন্দিরের সামনে বুদ্ধমূর্তির সামনে বসেন দলাই লামা। তাঁর সামনে সারিবদ্ধ হয়ে বসেন সন্ন্যাসীরা। ভক্ত ও সাংবাদিকদের উপস্থিতিতে পুরো মন্দির চত্বর ছিল সরগরম। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সন্ন্যাসীরা বাজিয়েছেন ঝাঁঝরা ও বিশেষ বাদ্যযন্ত্র।
ওরাকল বা ভবিষ্যদ্বক্তারা এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোহে কাঁপতে কাঁপতে তাঁরা তাঁদের গুরু দলাই লামার প্রতি শ্রদ্ধা জানান। দলাই লামা বলেন, ‘আমি প্রতিদিন সব জীবের মঙ্গল কামনায় প্রার্থনা করি। আমি বিশ্বাস করি, তিব্বতের অভিভাবক দেবতা অবলোকিতেশ্বরের আশীর্বাদ আমার ওপর আছে। অনেক ভবিষ্যদ্বাণী অনুযায়ীও তা-ই মনে হয়। আমি যা পেরেছি, করেছি। এখন আশা করি আরও ৩০ থেকে ৪০ বছর বাঁচব।’
জন্মদিনের অনুষ্ঠানে ভারতের শীর্ষ মন্ত্রী, যুক্তরাষ্ট্রের কূটনীতিকসহ হাজারো ভক্ত উপস্থিত থাকবেন। ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত দলাই লামা স্বাধীনতার জন্য নয়, বরং তিব্বতের বিশেষ ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় রক্ষার জন্য স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছেন।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
৮ ঘণ্টা আগে