
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিকনফারেন্স আয়োজনের প্রস্তাব দিয়েছেন। লক্ষ্য—দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের মতে, এই প্রস্তাব এমন এক সময়ে সামনে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিনের মধ্যে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে চলেছেন। সোমবার ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান তাঁকে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেন।
তুরস্কের ওই কর্মকর্তা জানান, ট্রাম্প এই উদ্যোগে আগ্রহ দেখালেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। আঙ্কারার অভ্যন্তরীণ সূত্রগুলোর ধারণা, চলতি সপ্তাহে ইস্তাম্বুল সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানের প্রতিক্রিয়া পৌঁছে দিতে পারেন।
ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি আজ শুক্রবার তুরস্কে পৌঁছাবেন। সেখানে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে এই আলোচনার প্রস্তাব সামরিক পদক্ষেপ ঠেকাতে পারবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। কর্মকর্তারা জানান, জুন মাসে ১২ দিনব্যাপী যুদ্ধের সময়ও তুরস্ক ইরানকে একই ধরনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তেহরান সে প্রস্তাব গ্রহণ করেনি এবং অসন্তোষ প্রকাশ করেছিল।
আঙ্কারা বারবার বলে আসছে, তারা ইরানে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে। বুধবার হাকান ফিদান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের উচিত ধাপে ধাপে, ‘ফাইল বাই ফাইল’ বা ধারাবাহিক পর্যালোচনার ভিত্তিতে সমস্যা সমাধান করা।
ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে ইসরায়েলের প্রভাব গভীর বলে মনে করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক গবেষণাকে হুমকি হিসেবে দেখছেন এবং তা শেষ করতে আগ্রহী।
উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে হাকান ফিদান ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষের কর্মকর্তাদের সঙ্গে একাধিক ফোনালাপ ও বৈঠক করেছেন। একই ধরনের উদ্যোগ নিয়েছে অঞ্চলের আরও কয়েকটি দেশ। তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকার কলাম লেখক হান্দে ফিরাত গতকাল বৃহস্পতিবার লেখেন, আঙ্কারা কূটনীতিকেই একমাত্র পথ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তিনি লেখেন, ‘আঙ্কারার লক্ষ্য ছিল ক্রমবর্ধমান সংকট কমানো, পক্ষগুলোকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ ঠেকানো।’
হান্দে ফিরাত আরও লেখেন, ‘কূটনৈতিক সূত্রগুলোর মতে, এসব উদ্যোগ না থাকলে আজ অঞ্চলটি সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হতে পারত। সংকট আপাতত স্থগিত হয়েছে, কিন্তু সমাধান হয়নি।’ ফিরাত উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক সক্ষমতা নিয়ে উদ্বেগের পাশাপাশি নেতানিয়াহু চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের জন্য চাপ দিচ্ছেন। তিনি বলেন, তেহরান যদি ইরানের তেল সম্পদ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার প্রস্তাব দেয়, তাহলে যুক্তরাষ্ট্র আবার আলোচনায় ফিরতে পারে।
বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন, এক ‘বিশাল আর্মাডা বা নৌবহর’ ইরানের দিকে এগোচ্ছে। তেহরান কোনো চুক্তিতে রাজি না হলে ‘ব্যাপক দ্রুত সহিংস’ হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের অভিযানের সঙ্গে তুলনা করেন। তবে তিনি বলেন, ইরানের দিকে পাঠানো বহরটি দক্ষিণ আমেরিকায় পাঠানো বহরের চেয়েও ‘বড়।’
ট্রাম্প লেখেন, ‘ভেনেজুয়েলার মতোই এটি প্রস্তুত, ইচ্ছুক এবং প্রয়োজনে দ্রুতগতি ও সহিংসতার সঙ্গে নিজের লক্ষ্য পূরণে সক্ষম।’ তিনি আরও লেখেন, ‘আশা করি, ইরান দ্রুত আলোচনায় বসবে এবং একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তি করবে, কোনো পারমাণবিক অস্ত্র নয়, যা সব পক্ষের জন্য ভালো হবে।’ ট্রাম্প বলেন, ইরানের জন্য ‘সময় ফুরিয়ে আসছে।’ তিনি জুন ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলার কথাও উল্লেখ করেন।
তিনি লেখেন, ‘আমি ইরানকে আগে একবার বলেছিলাম—চুক্তি করো। তারা করেনি, আর তখন হয়েছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’, যা ইরানের বড় ধরনের ধ্বংস ডেকে আনে। পরের হামলা আরও ভয়াবহ হবে। এটা আবার ঘটতে দিয়ো না।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আই সোমবার জানিয়েছে, ট্রাম্প ইরানের ‘উচ্চমূল্যের’ কর্মকর্তা ও কমান্ডারদের বিরুদ্ধে নির্ভুল হামলার কথা ভাবছেন। অভিযোগ রয়েছে, চলতি মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তিদের জন্য এসব কর্মকর্তা ও কমান্ডাররা দায়ী।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৭ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৮ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৮ ঘণ্টা আগে