
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। গলে যাচ্ছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতার তলা, পিচ উঠে আসছে গাড়ির চাকায়। এই অবস্থায় দেশটির স্বাধীনতা দিবসের (ফোর্থ অব জুলাই) উদ্যাপনের সূচিও ওলটপালট হয়ে গেছে। প্রচণ্ড গরমের কারণে দেশটির রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্যারেড (কুচকাওয়াজ), কনসার্ট ও আতশবাজি প্রদর্শনী বাতিল বা স্থগিত করা হয়েছে।
এর মধ্যে অন্যতম ছিল ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। দেশটির ২৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া নানামুখী উদ্যোগের একটি বড় অংশ ছিল এই মেলা।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত মেলাটি শুক্রবার বিকেলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সে সময় সেখানকার তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটে (৩৮ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছায়।
শুক্রবার গভীর রাতে ওয়াশিংটনের ন্যাশনাল পার্ক সার্ভিসের ‘ইনডিপেনডেন্স ডে প্যারেড’-এর আয়োজকেরা নিরাপত্তার স্বার্থে বার্ষিক অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্যারেডটি শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (১৪:৩০ জিএমটি) শুরু হওয়ার কথা ছিল। আবহাওয়া দপ্তর আভাস দিয়েছিল, সেদিন ওই এলাকার ‘হিট ইনডেক্স’ বা অনুভূত তাপমাত্রা ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে।
যুক্তরাজ্যের কাছ থেকে ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্র জারির দিনটিকে স্মরণ করে সাধারণত আমেরিকানরা বারবিকিউ পার্টি, প্যারেড ও আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে দিনটি উদ্যাপন করেন। তবে ৪ জুলাইয়ের এই ছুটির সপ্তাহে আমেরিকার পূর্ব উপকূলজুড়ে একের পর এক অনুষ্ঠান বাতিলের খবর পাওয়া গেছে।
ফিলাডেলফিয়ায় প্রচণ্ড গরমের কারণে তাদের অন্যতম প্রধান আয়োজন ‘স্যালুট টু ইনডিপেনডেন্স প্যারেড’ বাতিল করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা এর আগে ১৯০১ সালে রেকর্ড করা হয়েছিল।
গরমের কারণে উৎসবের এই বিপর্যয় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ তাদের বার্ষিক ৪ জুলাইয়ের প্যারেড বাতিল করেছে। আপস্টেট নিউইয়র্কের ওয়াটারটাউন তাদের স্বাধীনতা দিবসের কনসার্ট ও আতশবাজি প্রদর্শনী স্থগিত করেছে। অন্যদিকে বোস্টনে নদীর তীরে আয়োজিত বার্ষিক আতশবাজি প্রদর্শনীতে দর্শকদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ৪ ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় করা হয়েছে।
নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড গরমে পিচ গলে আঠালো হয়ে যাওয়ায় ম্যানহাটানের রাস্তায় মানুষের জুতার তলা আটকে যাচ্ছিল। তবে শহরের এই চরম তাপমাত্রার সতর্কতা আটকাতে পারেনি হাজারো ভক্তকে। পপ সুপারস্টার টেইলর সুইফট ও ফুটবল তারকা ট্রাভিস কেলসির বহুল প্রতীক্ষিত বিয়ে দেখতে তাঁরা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের তপ্ত ফুটপাতে ভিড় জমিয়েছিলেন।
সেখানে এক হাত দিয়ে অতিথিদের গাড়িগুলোকে ভেতরে ঢোকার ইশারা করছিলেন এক কর্মী, আর অন্য হাতে থাকা তোয়ালে দিয়ে ক্রমাগত মুখ থেকে ঘাম মুছছিলেন এবং পানি খাচ্ছিলেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে মধ্যপশ্চিম (মিডওয়েস্ট) অঞ্চল থেকে আমেরিকার পূর্বাঞ্চলে এই রেকর্ডভাঙা তাপমাত্রা ছড়িয়ে পড়ে। আবহাওয়ার এই চরম অবস্থার পেছনে মূল কারণ ছিল ‘হিট ডোম’ বা তাপবলয় নামের একটি উচ্চ চাপ বলয়। এই বলয়টি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর উত্তপ্ত বায়ুকে আটকে রাখে। যার ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণও হঠাৎ অনেক বেড়ে যায়।
এই গরমের কারণে দেশের বিদ্যুৎ গ্রিডগুলোর ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। আমেরিকার বৃহত্তম বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘পিজেএম’ জরুরি বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচির আওতায় থাকা গ্রাহকদের বিদ্যুতের ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানটি মিড-আটলান্টিক, দক্ষিণাঞ্চল ও ওয়াশিংটন ডিসি এলাকার প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষকে বিদ্যুৎ-সেবা দিয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, সঞ্চালন লাইনে অতিরিক্ত চাপ এবং গরমের কারণে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) অতিরিক্ত চাহিদা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।
নিউইয়র্কের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কন এডিসন’ জানিয়েছে, শুক্রবার শেষ বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি নিউইয়র্ক সিটি ও ওয়েস্টচেস্টার কাউন্টির গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (জাতীয় আবহাওয়া দপ্তর) জানিয়েছে, শুক্রবার আমেরিকার অর্ধেকের বেশি জনসংখ্যা, অর্থাৎ ১৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ তাপমাত্রার সতর্কতার অধীনে ছিলেন। দেশের কোনো কোনো অংশে অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) সর্বোচ্চ ১১৫ ডিগ্রি ফারেনহাইট (৪৬ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে এবং বেশ কয়েকটি শহরে তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
আবহাওয়াবিদ ও সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই তীব্র তাপপ্রবাহে প্রাণঘাতী হতে পারে। দীর্ঘ এই ছুটির সপ্তাহান্তে যাঁরা ঘরের বাইরে সময় কাটাচ্ছেন, তাঁদের পর্যাপ্ত পানি পান করতে, ছায়ায় থাকতে এবং যেকোনো জনসমাগম বা গণ-অনুষ্ঠানে হিট স্ট্রোকের মতো গরমজনিত অসুস্থতার লক্ষণগুলোর দিকে খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা নিজের দেশের জনগণকে ‘মধ্যমা প্রদর্শন’ (চরম অবজ্ঞা) করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির এক শীর্ষস্থানীয় মন্ত্রী। বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা এক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে জুমার বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর...
১৪ মিনিট আগে
সরকারি স্কুলে ‘মিড ডে মিল’ বা শিশুদের জন্য নির্ধারিত দুপুরের খাবারে ডিমের বদলে নিরামিষ যুক্ত করার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক পর্যায়ে কিছু স্কুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর শিশুদের জন্য এই খাবার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। এ নিয়ে দেশটিতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
২১ মিনিট আগে
চলতি বছরের শুরুতে নাইজেরিয়ায় সক্রিয় ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার উদ্দেশ্যে মোতায়েন করা নিজেদের বেশির ভাগ সৈন্য প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এই অভিযানকে ‘সফল’ বলে দাবি করলেও নাইজেরীয় সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে মাঠপর্যায়ে তাদের অভিযানে
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানে চলমান রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানের মধ্যেই দেশটিকে আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান যৌথভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে এই শোকবার্তা পাঠিয়েছেন।
৫ ঘণ্টা আগে