
স্মার্টফোন প্রস্তুতকারকদের নতুন ফোনগুলোতে রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা অ্যাপ প্রি-ইনস্টল করা বাধ্যতামূলক করার আদেশ প্রত্যাহার করে নিয়েছে ভারত। এই আদেশের বিরুদ্ধে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিল। ভারত সরকার জানিয়েছে, অ্যাপটি ডাউনলোড করা ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় (২৪ ঘণ্টায় ৬ লাখের বেশি এবং মোট ১ দশমিক ৪ কোটি ব্যবহারকারী) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আরও জানায়, প্রি-ইনস্টলের বাধ্যতামূলক নির্দেশটি ‘এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেই’ জারি করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ভারত সরকারের এই নির্দেশনা মানতে রাজি ছিল না। তারা এই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছিল বলেও জানা গেছে।
গত সপ্তাহে জারি হওয়া ও গত সোমবার জনসমক্ষে আসা এই আদেশে স্মার্টফোন প্রস্তুতকারকদের ৯০ দিনের মধ্যে নতুন ফোনগুলোতে ‘সঞ্চার সাথি’ (Sanchar Saathi) নামে একটি অ্যাপ ইনস্টল করতে বলা হয়েছিল। তবে এর ফলে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা ও নজরদারির বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এই পদক্ষেপের ন্যায্যতা প্রমাণ করে বলেছিল, এটি হ্যান্ডসেটগুলোর সত্যতা যাচাই করার জন্য প্রয়োজন। এ ছাড়া এটি চুরি বা হারানো ফোন ট্র্যাক ও ব্লক করতে এবং ব্যবহারকারীর নামে থাকা ভুয়া মোবাইল সংযোগ শনাক্ত করতে সাহায্য করবে।
তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছিলেন, এই আদেশ নাগরিকদের গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ করছে। অ্যাপল ও স্যামসাংয়ের মতো স্মার্টফোন জায়ান্টরাও তাদের ফোনগুলোতে অ্যাপটি আগে থেকে ইনস্টল করার নির্দেশনার বিরোধিতা করেছিল।
বিবিসিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কোম্পানিগুলো মনে করছিল, এই নির্দেশনা পূর্ব আলোচনা ছাড়াই জারি করা হয়েছে এবং এটি ব্যবহারকারীর গোপনীয়তার নিয়মগুলোকে চ্যালেঞ্জ করে। তবে আজ সরকার আদেশটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের টেলিকম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৪ মিলিয়ন ব্যবহারকারী অ্যাপটি ডাউনলোড করেছেন এবং দৈনিক ২ হাজার জালিয়াতির তথ্য জমা দিয়েছেন। শুধু গতকাল মঙ্গলবারেই ৬ লাখ নতুন ব্যবহারকারী এতে নিবন্ধিত হয়েছেন।
ভারতের যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অ্যাপটি নজরদারির জন্য ব্যবহার হতে পারে বলে ওঠা উদ্বেগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, সঞ্চার সাথি নিরাপত্তা অ্যাপের মাধ্যমে আড়ি পাতা সম্ভবও নয় এবং তা হবেও না। কোনো ব্যবহারকারী চাইলে এটি আন-ইনস্টলও করতে পারবেন।
আদেশ প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তকে বিভিন্ন ডিজিটাল অ্যাডভোকেসি গ্রুপ স্বাগত জানিয়েছে। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘আমরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু আমরা এখনো এই আইনি আদেশের পূর্ণ নথির জন্য অপেক্ষা করছি। আনুষ্ঠানিক আইনি নির্দেশনা প্রকাশিত না হওয়া পর্যন্ত এটিকে শুধু আশাবাদ হিসেবে বিবেচনা করা উচিত, এটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।’

পাকিস্তানি নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ বা পৌঁছানোর পর ভিসা পাওয়ার সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে কাতার। খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত মঙ্গলবার দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস থেকে জারি করা এক নির্দেশনায়...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওএফএসি)-এর অধীনে রদ্রিগেজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাঁর থাকা সব সম্পদ জব্দ করা হয় এবং মার্কিন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হয়।
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ নিয়ে দৃশ্যত রণে ভঙ্গ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর সম্ভাব্য এই প্রস্থান বাকি দুনিয়ার জন্য কোনো স্বস্তির খবর বয়ে আনছে না, বরং বিশ্বকে এক অনিশ্চিত গর্তে ফেলে যাচ্ছে। মার্কিন মিত্ররা যারা শুরু থেকে এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল...
১০ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে বিশ্বের প্রধান ৮০টি থিংকট্যাংক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ গত এক মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ...
১৩ ঘণ্টা আগে