
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতা ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের তাঁর প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে শুরু করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ছাড়িয়ে বৈশ্বিক সংঘাত মোকাবিলার জন্য একটি দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের বৃহত্তর লক্ষ্য।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে পাঠানো ট্রাম্পের চিঠি—যা শনিবার ওই দুই নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন—ইঙ্গিত দেয় যে, বোর্ডটির লক্ষ্য আরও বিস্তৃত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চিঠির সঙ্গে যুক্ত একটি ‘চার্টারে’ বড় পরিসরের উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
মিলেইকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, এই বোর্ড ‘মধ্যপ্রাচ্যে শান্তি সুসংহত করার’ চেষ্টা করবে। একই সঙ্গে তিনি যোগ করেন, এটি ‘বৈশ্বিক সংঘাত সমাধানে একটি সাহসী নতুন পথ’ অনুসরণ করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, চিঠির সঙ্গে থাকা চার্টারে বলা হয়েছে, ‘বোর্ড অব পিস একটি আন্তর্জাতিক সংস্থা, যার লক্ষ্য সংঘাতপীড়িত বা সংঘাতের ঝুঁকিতে থাকা অঞ্চলে স্থিতিশীলতা আনা, নির্ভরযোগ্য ও আইনি শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং টেকসই শান্তি নিশ্চিত করা।’
চার্টারে আরও বলা হয়েছে, ‘টেকসই শান্তির জন্য প্রয়োজন বাস্তববাদী বিচারবোধ, সাধারণ বুদ্ধিনির্ভর সমাধান এবং এমন পন্থা ও প্রতিষ্ঠান থেকে সরে আসার সাহস, যা বহুবার ব্যর্থ হয়েছে।’ ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, চার্টারে সরাসরি গাজার কোনো উল্লেখ নেই।
রয়টার্সকে দেওয়া তথ্যে দুটি কূটনৈতিক সূত্রও জানিয়েছে, আমন্ত্রণপত্রের সঙ্গে একটি চার্টার ছিল, যেখানে সংস্থাটির বিস্তৃত দায়িত্বের কথা বলা হয়েছে। চিঠির বিষয়ে অবগত এক কূটনীতিক রয়টার্সকে বলেন, ‘এটি এক ধরনের ‘ট্রাম্পের জাতিসংঘ’, যা জাতিসংঘ সনদের মৌলিক নীতিগুলো উপেক্ষা করে।’
অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, বোর্ড অব পিসের বিস্তৃত ভূমিকা এখনো ‘আকাঙ্ক্ষামূলক’ পর্যায়ে। ওই কর্মকর্তা আরও জানান, ট্রাম্প ও তাঁর উপদেষ্টারা মনে করেন—এমন একটি ভূমিকা সম্ভব, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের অনেক সদস্য বারবার সংস্থাটির কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, বোর্ড অব পিস জাতিসংঘের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে না।
তবে আপাতত ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে জানিয়েছে, বোর্ড অব পিসের প্রাথমিক মনোযোগ থাকবে গাজার ওপর। শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বোর্ডটির প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্যদের একজন হবেন। তাঁর সঙ্গে থাকবেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।
এ ছাড়া প্রাথমিকভাবে আরও যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন—অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।
এই ব্যক্তিদের অনেকেই আলাদা একটি ‘গাজা এক্সিকিউটিভ বোর্ডের’ সদস্য হিসেবেও মনোনীত হয়েছেন। এই বোর্ডটি ফিলিস্তিনিদের একটি টেকনোক্র্যাট কমিটি—ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)—তদারকি করবে। হামাসের পরিবর্তে গাজার দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব সামলানোর কথা রয়েছে এই কমিটির।
১১ সদস্যের গাজা এক্সিকিউটিভ বোর্ডে রয়েছেন ব্লেয়ার, কুশনার ও উইটকফ ছাড়াও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের কূটনীতিক আলি আল সাওয়াদি, জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি সমন্বয়কারী সিগরিড কাগ, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী রিম আল-হাশিমি এবং ইসরায়েলি-সাইপ্রাস বংশোদ্ভূত ধনকুবের ইয়াকির গ্যাবাই।
আর্জেন্টিনার মিলেই ও প্যারাগুয়ের পেনার বাইরে তুরস্ক ও মিসর নিশ্চিত করেছে, তাদের নেতারা—রিসেপ তাইয়েপ এরদোয়ান ও আবদেল ফাত্তাহ আল-সিসি—বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নকেও ইইউর প্রতিনিধিত্ব করতে আমন্ত্রণ জানানো হয়েছে।
রয়টার্সকে চারটি সূত্র জানিয়েছে, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও কানাডার নেতাদেরও বোর্ডে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও সদস্যের নাম ঘোষণা করা হবে। তবে বোর্ডের প্রাথমিক সদস্যদের ঘোষণায় মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে। কারণ, এতে কোনো ফিলিস্তিনিকে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং ইসরায়েলের কট্টর সমর্থকদের গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার গাজা এক্সিকিউটিভ বোর্ডের বিরোধিতা করেন। তিনি বলেন, বোর্ডটির গঠন ‘ইসরায়েলের সঙ্গে সমন্বয় না করেই করা হয়েছে এবং এটি তাদের নীতির পরিপন্থী।’ নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বোর্ডের গঠনের কোন দিকটির বিরোধিতা করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

শ্রীলঙ্কান নৌবাহিনী জানিয়েছিল, ডুবে যাওয়া জাহাজটির নাম আইআরআইএস দেনা। জাহাজটিতে প্রায় ১৮০ জন নৌসদস্য ছিলেন। এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অস্পষ্ট।
৬ মিনিট আগে
হেগসেথ জানান, মার্কিন সাবমেরিনটি ইরানের প্রাইজ শিপ সোলাইমানিকে লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। জাহাজটির নামকরণ করা হয়েছিল সাবেক ইরানি জেনারেল কাসেম সোলাইমানির নামে, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় নিহত হয়েছিলেন।
২২ মিনিট আগে
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’-কে সোনালি রঙের কফিনে দাফন করেছে তাঁর পরিবার। ৫৯ বছর বয়সী এই কার্টেল প্রধান ফেব্রুয়ারির শেষদিকে ম্যাক্সিকান বিশেষ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হওয়ার পর মারা যান। নিরাপত্তা বাহিনী তাঁকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালালে তাঁর দেহরক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়
৩৭ মিনিট আগে
ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানানোর পর স্পেনের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছেন। তারপরও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নন।
১ ঘণ্টা আগে