Ajker Patrika

ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে ভিয়েতনামের চুক্তি, নিতে চায় ইন্দোনেশিয়াও

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ জুন ২০২৬, ১৪: ৩৯
ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে ভিয়েতনামের চুক্তি, নিতে চায় ইন্দোনেশিয়াও
ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ছবি: এএফপি

ভারত নিজ দেশে উৎপাদিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি করতে ভিয়েতনামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এমনকি এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার কাছেও এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিঙ্গাপুরে সাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ভারতের প্রতিরক্ষাসচিব রাজেশ কুমার সিং এই বিষয়টি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজেশ কুমার বলেছেন—ভিয়েতনামের কাছে ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রপ্তানির চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার সঙ্গে একই ধরনের একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রাজেশ কুমার সিং জানান, ভিয়েতনামের সঙ্গে চুক্তিটি ইতিমধ্যে স্বাক্ষরিত হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই চুক্তিটি চূড়ান্ত হতে পারে। তিনি বলেন, ‘আমার ধারণা, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম উভয়ের সঙ্গেই চুক্তিগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রকৃতপক্ষে ভিয়েতনামের ক্ষেত্রে আমি যতটুকু জানি, চুক্তিটি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। সম্ভবত এটি এখনো প্রকাশ্যে ঘোষণা করা হয়নি, তবে চুক্তি সম্পন্ন হয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, ভিয়েতনামের সঙ্গে এই চুক্তির মূল্য প্রায় ৫ হাজার ৮০০ কোটি রুপি। এর আওতায় উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যাটারি, ক্ষেপণাস্ত্রের একটি প্রাথমিক চালান, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে ভিয়েতনাম ব্রহ্মসের আকাশ থেকে নিক্ষেপযোগ্য সংস্করণও কিনতে পারে।

এর আগে, ২০২২ সালে প্রায় ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ফিলিপাইন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম বিদেশি ক্রেতা দেশে পরিণত হয়। ইন্দোনেশিয়ার সঙ্গে বর্তমান চুক্তি চূড়ান্ত হলে দেশটি হবে ব্রহ্মসের পরবর্তী ক্রেতা।

এমন একসময়ে এই বিষয়টি সামনে এল, যখন দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনসের সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশ নিয়ে চীনের সামুদ্রিক বিরোধ রয়েছে। চীন অঞ্চলটির বিশাল অংশের ওপর দাবি জানালেও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে।

ব্রহ্মসকে বিশ্বের দ্রুতগতির ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি প্রায় মাক-৩ বা শব্দের গতির প্রায় তিন গুণ গতিতে উড়তে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র আকাশ, সমুদ্র কিংবা স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়। এর গতি ও নির্ভুলতা সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হয়। সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশগুলোর কাছে এটি আকর্ষণীয় একটি বিকল্প, কারণ শত্রুপক্ষের যুদ্ধজাহাজ বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় খুব দ্রুত আঘাত হানতে পারে ব্রহ্মস।

এই চুক্তিগুলো ভারতের জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে গালওয়ান উপত্যকা সংঘর্ষের পর থেকে ভারত ও চীনের সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে অঞ্চলটিতে নিজেদের প্রভাব বৃদ্ধি এবং উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় ভারত।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া ও থাইল্যান্ডও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে। এসব চুক্তি বাস্তবায়িত হলে দক্ষিণ চীন সাগর ঘিরে থাকা একাধিক দেশ ভারতের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করতে পারে। প্রসঙ্গত, ভারতের প্রতিরক্ষা রপ্তানি ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটি ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি ৫০ হাজার কোটি রুপিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত