
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার ও চাপ বৃদ্ধি করার পটভূমিতে আমেরিকান ক্যাম্পাসগুলো থেকে কয়েক ডজন খ্যাতনামা অধ্যাপক ও গবেষককে নিজেদের দেশে নিয়ে আসছে কানাডা।
গত বৃহস্পতিবার কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি ৬৪ জন বিশ্বমানের শিক্ষাবিদ ও গবেষককে নিজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
আগামী আট বছরে এই গবেষকদের পেছনে ৫০ কোটি কানাডিয়ান ডলারের (প্রায় ৩৫ কোটি মার্কিন ডলার) বেশি অর্থ সহায়তা দেবে কানাডা সরকার। নিয়োগপ্রাপ্ত ৬৪ জন অধ্যাপকের মধ্যে ৪৮ জনই আসছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, কর্নেল এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মতো বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান থেকে।
তাঁরা চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং জলবায়ু বিজ্ঞানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদীয়মান খাতগুলোতে গবেষণা চালাবেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর দেশটির অভিজাত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ওপর তদারকি ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করেছেন। সরকারের ঘোষিত রাজনৈতিক এজেন্ডার সঙ্গে একাত্ম না হলে এবং নির্দেশিকা মেনে না চললে প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রীয় সরকারি তহবিল ও গবেষণা অনুদান বন্ধ করে দেওয়ার হুমকি এবং পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় রাষ্ট্রীয় অনুদান কারা পাবেন—সে বিষয়ে হোয়াইট হাউসের একক প্রভাব বিস্তারের এই প্রক্রিয়ায় গভীর উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে মার্কিন একাডেমিক অঙ্গনে। ফলে অনেক গবেষকই যুক্তরাষ্ট্রে তাঁদের গবেষণার ভবিষ্যৎ ও স্বাধীন পরিবেশ নিয়ে শঙ্কিত হয়ে উঠেছেন।
ভ্যাঙ্কুভারের ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় (ইউবিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে কানাডার শিল্পমন্ত্রী মেলানি জোলি মার্কিন প্রশাসনের এমন কঠোর অবস্থানের সরাসরি সমালোচনা করেন। তিনি বলেন, ‘যখন কিছু দেশ গবেষণার বাজেট ছাঁটাই করছে এবং শিক্ষাবিষয়ক স্বাধীনতার নীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন আমরা বিজ্ঞানের ওপর আমাদের আস্থা দ্বিগুণ করছি এবং গবেষণায় দ্বিগুণ বিনিয়োগ করছি।’
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন কানাডার এই পদক্ষেপকে বাণিজ্য যুদ্ধ বা রাজনৈতিক সংঘাতের অংশ হিসেবে দেখবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জোলি স্পষ্ট করেন, কানাডা নিজস্ব সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। তিনি আরও বলেন, ‘মার্কিন প্রশাসন তাদের নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে, আর আমরা নিচ্ছি আমাদের সিদ্ধান্ত। এই অসাধারণ অধ্যাপক ও বিজ্ঞানীরা যে কানাডায় আসছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।’
এ বিষয়ে মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গবেষকদের এই বিশাল দলটিকে কানাডায় নিয়ে আসার অর্থায়ন হচ্ছে দেশটির ‘গ্লোবাল ইম্প্যাক্ট+ রিসার্চ ট্যালেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায়। বিশ্বমানের গবেষকদের কানাডার প্রতি আকৃষ্ট করতে ১৭০ কোটি কানাডিয়ান ডলারের (প্রায় ১২০ কোটি মার্কিন ডলার) বিশেষ তহবিল গঠন করেছে কানাডা সরকার।
কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। নতুন এই প্রক্রিয়ায় ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (ইউবিসি) ৯ জন এবং টরন্টো বিশ্ববিদ্যালয় ৬ জন মার্কিন গবেষককে তাদের অনুষদে যুক্ত করেছে।
ইউবিসির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. বেনোয়া-আঁতোয়ান বেকন বলেন, ‘এই নয়জন ব্যতিক্রমী গবেষককে স্বাগত জানাতে পেরে আমরা শিহরিত, যাদের গবেষণা মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।’
টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মেলানি উডিন বলেন, ‘আন্তর্জাতিক রাজনীতি ও একাডেমিক অঙ্গনে যখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে, তখন কানাডা সরকারের এই কৌশলগত সহায়তা আমাদের দেশে একটি সুদৃঢ় গবেষণা পরিবেশ তৈরিতে ঐতিহাসিক ভূমিকা রাখবে।’
যুক্তরাষ্ট্র ছেড়ে কানাডায় পাড়ি জমানো অধ্যাপকদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও একাডেমিক স্বাধীনতার ওপর আঘাতকে তাঁদের দেশত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান আরএনএ বায়োলজি গবেষক ফিলিপ জামোর এনপিআরের সহযোগী সংস্থা ডব্লিউবিইউআর-কে জানান, গবেষণা প্রতিষ্ঠানে নতুন মেধাবীদের যুক্ত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের পদ ছাড়তে বাধ্য হয়েছেন।
অধ্যাপক জামোর বলেন, ‘আমেরিকার বিদ্যমান পরিস্থিতিতে আমি আমার সেরা গবেষণাটি চালিয়ে যেতে পারছি না। কাজের জন্য বিশ্বসেরা তরুণ গবেষকদের যে আমি দলে টানব, সেই সুযোগ নেই; এমনকি তারা এখানে নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে—সেই প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতাও আমার নেই।’
অন্যদিকে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় আমহার্স্ট ছেড়ে কানাডার ঐতিহ্যবাহী ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ ইথান জাকারম্যান এক বিবৃতিতে জানান, বিশ্বজুড়ে গণতন্ত্র ও মুক্ত চিন্তার ওপর তৈরি হওয়া হুমকি মোকাবিলায় এটি একটি দারুণ সুযোগ।
ইথান জাকারম্যান বলেন, ‘এমন এক সময়ে বিশ্বজুড়ে যখন কর্তৃত্ববাদ মাথাচাড়া দিয়ে উঠছে, ঠিক তখন যেসব গবেষণা বাণিজ্যিক ও রাজনৈতিক হুমকিকে চ্যালেঞ্জ করে—কানাডা সরকার সেগুলোকে অকুণ্ঠচিত্তে সমর্থন দিচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তে এই ধরনের গবেষণা সহায়তার গুরুত্ব অপরিসীম।’
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের নীতিগত কড়াকড়ির কারণে মেধাপাচারের (ব্রেইন ড্রেইন) যে ঝুঁকি তৈরি হয়েছে, কানাডা তার ‘গ্লোবাল ইম্প্যাক্ট+’ কর্মসূচির মাধ্যমে কৌশলগতভাবে সেটির পূর্ণ সুযোগ নিচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে উচ্চতর গবেষণা ও উদ্ভাবন খাতে আগামী দিনগুলোতে কানাডার অবস্থান আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

‘রাখি বন্ধনের শুভেচ্ছা, দিদি...দয়া করে মা-বাবাকে একা ছেড়ে যেও না।’ বোনকে রাখি বন্ধনে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত নেপালে বৈরী আবহাওয়ার কারণে আজ শনিবার অনুসন্ধান ও উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত রাসুয়া জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা নরেন্দ্র পারিয়ার রয়টার্সকে জানান, বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার...
৪ ঘণ্টা আগে
বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসে তিনি। এর মধ্যে গত দুই বছরে তিনবার হত্যাচেষ্টা। প্রথম মেয়াদেও খুব একটা সুবিধার কাটেনি তাঁর। এসব দেখে বড় হওয়া ছেলে ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প যেন অনেকটাই নিজেকে ‘লোকচক্ষুর আড়ালে’ রাখাটা ঠিক মনে করেন।
৪ ঘণ্টা আগে
নেপালের মধ্যাঞ্চলে ত্রিশূলী, মারস্যাংদী ও নারায়ণী নদীর অববাহিকায় আকস্মিক বন্যা ও ধসে নিহত শত শত মানুষের লাশ উদ্ধার হওয়ার পর এখন নতুন এক বিপর্যয় দেখা দিয়েছে। উদ্ধারকৃত মরদেহ সংরক্ষণ, শনাক্তকরণ এবং স্বজনদের কাছে হস্তান্তরে তীব্র হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।
৫ ঘণ্টা আগে