
ছারপোকার উপদ্রবে ইংল্যান্ডে বাতিল করতে হয়েছে ট্রেন চলাচল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ ইংল্যান্ডের সাউথইস্টার্ন ট্রেনে ছারপোকা ছড়িয়ে পড়ার পর কয়েকটি ট্রেন চলাচলসূচি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইস্ট সাসেক্সের হেস্টিংসের কাছে ওয়েস্ট মেরিনা ট্রেন কেয়ার ডিপোতে ছারপোকা দেখা গেছে। লন্ডন ও কেন্টের মধ্যে ওয়েস্ট মেরিনা ডিপো থেকে ট্রেন যাওয়া-আসা করে। এ ছাড়া সাউথইস্টার্নের হাই স্পিড-১ লাইনের ট্রেনেও ছারপোকা পাওয়া গেছে।
ট্রেনের চালকেরা চালকের কক্ষ এবং নিজেদের ব্যাগের ওপর ছারপোকা ঘুরে বেড়াতে দেখে ট্রেন চালাতে অস্বীকৃতি জানান। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন না বলে অভিযোগ করেন তাঁরা।
টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার অন্তত তিনটি ট্রেনের সেবা বাতিল করা হয়। ২২ সেপ্টেম্বর প্রথম ছারপোকা দেখা যাওয়ার পর আরও কয়েকটি ট্রেনের সেবা বাতিল হয়েছে। মঙ্গলবার একটি ট্রেন লন্ডন ও কেন্টের বিভিন্ন স্টেশনের মধ্যে কয়েক দফা চলাচল করে। রেলকর্মীরা ট্রেনটিকে ‘বেডবাগ এক্সপ্রেস’ নামে চিহ্নিত করেছে।
ট্রেনটির এক প্রান্তে একজন চালক ছারপোকা দেখতে পাওয়ার পর দুটি কামরায় তালা দিয়ে ব্যবহার বন্ধ রাখা হয়। কামরা দুটি বন্ধ থাকার পরও ট্রেনটি ওই দিন কয়েক দফা যাত্রা করে।
পরে ছারপোকা নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সকালে ওয়েস্ট মেরিনা ডিপোতে কীটপতঙ্গ দমনকারী কর্মীদের ডাকা হয়।
‘বেডবাগ এক্সপ্রেস’ কীভাবে চলাচলের অনুমতি পেয়েছিল, তার একটি নথি পেয়েছে দ্য টেলিগ্রাফ। নথিতে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে সাউথইস্টার্নের ছারপোকা থাকা একটি ট্রেনকে ডিপোর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য চালক ট্রেনটির চালকের কক্ষেও ঢুকতে অস্বীকৃতি জানান। চালক দাবি করেন, তাঁকে ‘সাদা রঙের পুরো শরীর ঢেকে রাখে এমন পোশাক দিতে হবে, যাতে কোনো ছারপোকা তাঁর শরীরে চলে না আসে।’
এ ধরনের কোনো সুরক্ষা পোশাক পাওয়া যায়নি। ফলে দুটি ট্রেনের চলাচল বাতিল করতে হয়। সাউথইস্টার্নের কর্মীরা ‘বেডবাগ এক্সপ্রেস’কে চলাচলের স্থান থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন। অভ্যন্তরীণ নথিতে উল্লেখ করা হয়েছে, কর্মীদের এ সমস্যার কথা জানানো হয়নি।
ফলে মঙ্গলবার পুরো দিন ট্রেনটি চলাচল করে। ছারপোকা পাওয়া কামরা ও তার পাশের কামরাটি তালাবদ্ধ রেখে ট্রেন চলাচল করতে থাকে।
তিন বছর আগে ট্রেনে ছারপোকা বেড়ে গিয়েছিল। কোভিড-১৯ মহামারির পর ভ্রমণ বেড়ে যাওয়াকে আংশিকভাবে এর কারণ হিসেবে দায়ী করা হয়েছিল। ওই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছোট আকারের বাদামি রঙের পোকাগুলোকে মজা করে ‘পূর্ণবয়স্ক মানুষের উকুন’ বলা হয়। ছারপোকা বিছানা ও অন্যান্য আসবাবের উষ্ণ, আড়াল করা জায়গা এবং ফাঁকে লুকিয়ে থাকে। রাতে বের হয়ে মানুষের শরীরে কামড় দিলে ছোট দাগ ও চুলকানির মতো ফুসকুড়ি দেখা দিতে পারে। ছারপোকা দূর করা সাধারণত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। আক্রান্ত বড় আকারের আসবাবপত্র ফেলে দেওয়ার প্রয়োজনও হতে পারে।
লন্ডনের কিংস ক্রসের কাছে দ্য গার্ডিয়ান পত্রিকার প্রধান কার্যালয়েও ছারপোকার উপদ্রবের কথা শোনা গেছে। ভবনটি ছারপোকামুক্ত করতে পেস্ট কনট্রোল ডাকা হয়।
রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ইউনিয়নের একজন মুখপাত্র বলেন, ‘এটি খুবই কঠিন একটি পরিস্থিতি। বিষয়টি মোকাবিলায় আমরা কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের সঙ্গে আমরাও একমত।’
সাউথইস্টার্নের একজন মুখপাত্র বলেন, চারটি ট্রেনে ছারপোকা থাকার খবর পাওয়া গেছে। দুটি ট্রেনে ছারপোকার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেগুলো পরিষ্কার করে আবার চলাচলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ট্রেন কোম্পানিটির চালকদের প্রধান অলি টার্নার বলেন, ‘চালকদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। বিচ্ছিন্ন এসব ঘটনায় তাঁরা আমাদের সঙ্গে সহযোগিতা করে ব্যাপকভাবে সহায়তা করেছেন।
তিনি আরও বলেন, ‘এ ধরনের কোনো খবর পাওয়ার পর ট্রেনগুলোকে আবার চলাচলে দেওয়ার আগে আমরা ভালোভাবে পরীক্ষা করি। এরপর সেগুলো ব্যবহারের জন্য নিরাপদ বলে নিশ্চিত করা হলে চলাচলে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের দুটি ট্রেনের ক্ষেত্রে ছারপোকার উপস্থিতি শুধু চালকের কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। যাত্রীদের ব্যবহারের কোনো জায়গায় ছারপোকা পাওয়া যায়নি।’
টার্নার বলেন, ‘আমরা আমাদের ট্রেন ও স্টেশনগুলোতে নিয়মিতভাবে কঠোর পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা চালিয়ে যাই। এর মাধ্যমে আমাদের যাত্রী ও কর্মীরা যেন নিরাপদে এবং নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন, তা নিশ্চিত করা হয়।’

ফেসবুকে একটি মন্তব্যের জেরে সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক আনোজান শিভারাসার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন তাঁর মা। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে একটি আপিল আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শ্রীলঙ্কাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তি একজন কেনীয় নাগরিক, যিনি গত সাত বছর ধরে প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন। কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
২ ঘণ্টা আগে
ভারত যখন প্রথম বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, তখন সহায়তার জন্য জাপানের দিকে তাকানো খুবই স্বাভাবিক ছিল। কারণ জাপানই উচ্চগতির রেলব্যবস্থার উদ্ভাবক এবং কম সুদে অর্থায়ন করতে আগ্রহী একটি দেশ।
২ ঘণ্টা আগে
ইসরায়েল নতুন করে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অথবা এককভাবেও এই হামলা চালানো হতে পারে বলে গতকাল সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চলতি অক্টোবরের শেষ দিকে ইসরায়েলে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই এ হামলা হতে পারে।
৩ ঘণ্টা আগে