
ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা যদি নিজেদের অধিকার আদায়ে সংগঠিত হয়, তাহলে বিশ্বের সব প্রান্তের হিন্দুরা তাদের পাশে দাঁড়াবে। আজ রোববার মুম্বাইয়ের ওয়ারলির নেহরু সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ব্যাখ্যানমালা’ বক্তব্য সিরিজের দ্বিতীয় দিনে তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংঘের ১০০ বছরের যাত্রা: নতুন দিগন্ত’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে আরএসএসের শতবর্ষ উদ্যাপন করা হচ্ছে।
কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেড়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ভারতীয় আধিপত্যবাদবিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর পরিস্থিতির আরও অবনতি ঘটেছে বলে দাবি করছে ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরএসএস প্রধান বলেন, ‘বাংলাদেশে প্রায় ১ কোটি ২৫ লাখ হিন্দু বসবাস করে। তারা যদি সেখানে থেকে নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বের সব হিন্দু তাদের সাহায্য করবে।’
ভারতের অভ্যন্তরীণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরএসএস প্রধান বলেন, অতীতে ভারতের সরকারগুলো জনসংখ্যার পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট উদ্যোগ নেয়নি।
মোহন ভাগবত বলেন, ‘আগে সরকার জনসংখ্যার পরিবর্তন নিয়ে যথেষ্ট কাজ করেনি। জন্মহার এবং অবৈধ অভিবাসন এর প্রধান কারণ। এখন সরকার এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে এবং তারা সফল হবে।’
তিনি আরও বলেন, ‘ভারতকে আর দুর্বল করা যাবে না। যারা ভারতকে ভাঙার চেষ্টা করবে, তারা নিজেরাই ভেঙে পড়বে।’
আরএসএসের অর্থের উৎস নিয়ে কৌতূহলের বিষয়ে ভাগবত বলেন, সংগঠনটি কোনো করপোরেট বা প্রাতিষ্ঠানিক অনুদানের ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, ‘অনেকে আরএসএসের তহবিল নিয়ে কৌতূহলী। আমরা আমাদের স্বয়ংসেবকদের কাছ থেকেই অর্থ সংগ্রহ করি। ভ্রমণের সময় আমরা খাবার কিনে খাই না, টিফিন চাই। আমরা হোটেলে থাকি না, স্বয়ংসেবকদের বাড়িতেই থাকি।’
জাত ও নেতৃত্ব প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, ‘আমাদের সংগঠনে কোনো বৈষম্য নেই। যে কেউ আরএসএসের প্রধান হতে পারে। তফসিলি জাতি বা উপজাতি হওয়া অযোগ্যতা নয়, আবার ব্রাহ্মণ হওয়াও কোনো যোগ্যতা নয়। যদিও আরএসএসের সূচনা হয়েছিল মূলত ব্রাহ্মণদের মাধ্যমে, আমরা সব জাতির জন্য কাজ করি।’
মুসলিম-অধ্যুষিত এলাকায় কাজ করার কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘সংঘর্ষ এড়িয়ে চলাই আরএসএসের নীতি। মুসলিম এলাকায় চ্যালেঞ্জ মোকাবিলা করা হয় প্রতিক্রিয়া না দেখিয়ে। তারা গালাগাল দিতে পারে, কিন্তু আমরা উত্তর দিই না। এতে সংঘাত বাড়ে না।’
এর আগের দিন, শনিবার মোহন ভাগবত বলেন, ‘আরএসএস কারও বিরুদ্ধে নয় এবং ক্ষমতা দখলের উদ্দেশ্যেও কাজ করে না। সংঘ কারও বিরুদ্ধে নয়। এটি ক্ষমতা চায় না। এর একমাত্র লক্ষ্য সমাজকে ঐক্যবদ্ধ করা।’ তিনি স্মরণ করিয়ে দেন, সমাজে ঐক্যের অভাব অনুভব করেই ১৯২৫ সালে ড. কেশব বলিরাম হেডগেওয়ার আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন।

১৯ বছর পর পাকিস্তানের লাহোরে আবার ফিরেছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ‘বাসন্ত’। দীর্ঘ বিরতির পর শহরের আকাশজুড়ে রঙিন ঘুড়ির ওড়াউড়ি, ছাদে ছাদে মানুষের হাসি–চিৎকার আর ঢোলের শব্দ যেন বসন্তের আগমনী বার্তা দিচ্ছে। তবে এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য প্রাণহানির তিক্ত স্মৃতিও।
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের কুখ্যাত বিনিয়োগকারী ও যৌন নিপীড়ন কেলেঙ্কারির কেন্দ্রে থাকা জেফ্রি এপস্টেইন রাশিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা চালিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত নতুন নথি থেকে এমন তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
হোয়াইট হাউস আগামী ১৯ ফেব্রুয়ারি গাজা নিয়ে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে। এক মার্কিন কর্মকর্তা এবং বোর্ডের সদস্য চারটি দেশের কূটনীতিকেরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
রাশিয়ার উফা শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার শিকার হয়েছে ভারতীয় শিক্ষার্থীরা। এ ঘটনায় চার ভারতীয় শিক্ষার্থী এবং দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। দেশটির বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস।
৭ ঘণ্টা আগে