
ভারতের বিহার রাজ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি স্কুলের চাকরি বাগিয়ে নেওয়া ৩ হাজার ৩৫ জন শিক্ষককে বরখাস্ত করেছে রাজ্য শিক্ষা দপ্তর। একই সঙ্গে বছরের পর বছর ধরে বেতন হিসেবে নেওয়া প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি সুদসহ এই শিক্ষকদের কাছ থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
ভারতের হিন্দি দৈনিক ‘দৈনিক ভাস্করের’ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাটনা হাইকোর্টের নির্দেশে রাজ্যের ‘ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরো’ (ভিআইবি) ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের ওপর তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্তের পর এই বড় আকারের নিয়োগ জালিয়াতির বিষয়টি সামনে আসে।
তদন্ত কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, বরখাস্ত হওয়া শিক্ষকেরা সরকারি চাকরি পেতে জাল জাতিগত প্রশংসাপত্র, আধার কার্ড, বয়স ও প্রতিবন্ধী সনদ এবং জাল শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিয়েছিলেন।
এ ছাড়া তদন্তে দেখা গেছে, অনেক শিক্ষক ভুয়া ‘সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট’ (সিটেট) ও ‘টিচার এলিজিবিলিটি টেস্ট’ (টেট) সনদ ব্যবহার করেছেন। কিছু ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে নেওয়া ডিগ্রিগুলোও ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি জানিয়েছেন, এই বরখাস্তের ঘটনাটি কেবল একটি বড় অভিযানের শুরু মাত্র।
গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই তদন্তটি দীর্ঘ সময় ধরে চলছিল। এখন ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরোর তদন্ত শেষ হয়েছে এবং দেখা গেছে ৩ হাজারের বেশি শিক্ষক জাল সনদের মাধ্যমে চাকরি পেয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দপ্তরের কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে শিক্ষা দপ্তর এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিশ্চিত করবে যাতে কেউ আর এমন জালিয়াতির সাহস না পায়।’
বরখাস্ত হওয়া শিক্ষকদের বেতন হিসেবে দেওয়া অর্থ সুদসহ ফেরত নেওয়া হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিওয়ারি বলেন, ‘সিদ্ধান্ত চূড়ান্ত হলেই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে আমি যেমনটা বলেছি, এটি অত্যন্ত কঠোর একটি সিদ্ধান্ত হবে।’
শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে যেকোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগদানের আগেই তাঁদের শিক্ষাগত ও অন্যান্য সনদ বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে।
২০০৬ থেকে ২০১৫ সালের নিয়োগেই কেবল এই জালিয়াতি সীমাবদ্ধ কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার তদন্তের নির্দেশ দিয়েছিল বলেই এই অনিয়মগুলো সামনে এসেছে। মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নির্দেশেই এই তদন্ত শুরু হয়েছিল। যেহেতু বিশাল সংখ্যক নিয়োগের বিষয়টি খতিয়ে দেখতে হয়েছে, তাই সময় বেশি লেগেছে। এখনো কিছু তদন্ত প্রক্রিয়াধীন। প্রতিটি ঘটনার তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘শিক্ষা দপ্তর কোনো ধরনের জালিয়াতি সহ্য করবে না। কেন্দ্রীয় সরকারের মতো আমাদের রাজ্য সরকারের নীতিও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।’

ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলতি সপ্তাহে এটি ইরানে তাদের ‘তৃতীয় দফার’ সামরিক হামলা। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
৩৭ মিনিট আগে
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, হরমুজে অনুমোদিত নৌপথ ব্যবহার না করায় একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানো হয়। ওই ঘটনার পরই হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
কানাডার টরন্টো শহরের একটি জনপ্রিয় সড়ক উৎসবে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে বার্ষিক সালসা উৎসব চলাকালীন এই সহিংসতার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে টাইফুন বাভি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগের আগে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে...
১১ ঘণ্টা আগে