
কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। ভূমিকম্পের কম্পন রাজধানী বোগোটাসহ দেশটির বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছের চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। রাজধানী বোগোটা থেকে এলাকাটি প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিহতদের বেশির ভাগই পেরেইরা শহরে। এ ছাড়া মানিজালেস থেকেও মরদেহ উদ্ধারের খবর আসছে। তবে উদ্ধারকাজ চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি সহ পশ্চিমা একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ২০ লাখ মানুষের শহর কালিতে পরিস্থিতি ছিল সবচেয়ে উদ্বেগজনক। শহরটির মেয়র আলেহান্দ্রো জানিয়েছেন, অন্তত ২০টি ধসে পড়া ভবনের ভেতরে মানুষ আটকা পড়েছেন। উদ্ধার অভিযানে সহায়তার জন্য বোগোটা ও মেডেলিন থেকে বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর অনুরোধ করা হয়েছে।
চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া কোরদোবা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী কুইবদোতে বহু মানুষ আহত হয়েছেন এবং ভবনগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের বিস্তারিত সংখ্যা তিনি জানাননি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে পেরেইরা, কালি ও কুইবদো শহরে ঘরবাড়ি ও ছোট ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। মানিজালেস শহরের একটি নব্য-গথিক ক্যাথেড্রালের টাওয়ারও ধসে পড়ে মূল প্রার্থনাকক্ষের ওপর আছড়ে পড়েছে।
ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন বিমানবন্দরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অনেক মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা অ্যাসপ্রিয়েলা, দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিন পরই, উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকের ঘোষণা দিয়েছেন। তিনি সান হোসে দেল পালমারে একটি জরুরি সমন্বয়কেন্দ্র স্থাপনের কথাও জানিয়েছেন।
কলম্বিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে ছোটখাটো ভূমিকম্প বা ‘তেমব্লোর’ তুলনামূলকভাবে সাধারণ হলেও ৬ মাত্রার বেশি ভূমিকম্প বিরল। ১৯৯৯ সালে আরমেনিয়া শহরের কাছে ৬.২ মাত্রার ভূমিকম্পে এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। এর এক দশক আগে ইকুয়েডরের কাছে উৎপত্তি হওয়া ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে কলম্বিয়া ও পেরুতেও ব্যাপক কম্পন অনুভূত হয়; ওই ঘটনায় ৬৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
কলম্বিয়ায় এবারের ভূমিকম্পের আগে ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই দুই ভূমিকম্পে শত শত ভবন ধ্বংস এবং পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইরানের হত্যার হুমকির পর গত মাসে তুরস্ক থেকে গোপন সামরিক ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছিল। অথচ হোয়াইট হাউস তখন জানিয়েছিল, তিনি এয়ার ফোর্স ওয়ানে করে উড়ে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে
শিশুদের টিকার সংখ্যা কমাতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়াও এই আদেশে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী ‘এমএমআর’ (MMR) টিকা তিনটি পৃথকভাবে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার এক মার্কিন বিচারক এই সিদ্ধান্ত দেন। এর আগে মার্কিন বিচার বিভাগ জানিয়েছিল, তারা আদানির বিরুদ্ধে প্রতারণা ও ঘুষের মামলাটি আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইরানকে যুদ্ধে, হামলায় ও বিক্ষোভ দমনে হতাহতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট না করে তিনি বলেছেন, তেহরানের বিরুদ্ধে ‘বিশাল মাত্রার সামরিক অভিযান’ চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের...
৩ ঘণ্টা আগে